সম্পত্তি দান করতে হলে
১.বকুল সাহেবের একটিমাত্র মেয়ে। মেয়েটি প্রাপ্তবয়স্ক, বিয়ে হয়নি। বকুল সাহেব উত্তরাধিকারসূত্রে অঢেল সম্পত্তির মালিক। তাঁর এক ভাই। ভাইয়ের ছেলেরা জীবিত। কিন্তু তাঁদের সঙ্গে তাঁর বনিবনা হয় না। বকুল সাহেবের মৃত্যুর পর মেয়ে উত্তরাধিকার আইন অনুযায়ী তাঁর বাবার মোট সম্পত্তির অংশ পাবেন। বাকি সম্পত্তি বকুল সাহেবের ভাই পাবেন। কিন্তু বকুল সাহেব চান না, তাঁর মৃত্যুর পর তাঁর ভাই এ সম্পত্তি পান। তাঁর ইচ্ছা, তাঁর একমাত্র মেয়েই তাঁর সব সম্পত্তি পাক। এখন তিনি কী করবেন?২.আশরাফ আলী এখন অশীতিপর; জীবনসায়াহ্নে দাঁড়িয়ে আছেন। তাঁর দুই ছেলে আর ছেলের স্তরের নাতি-নাতনি আছে। নাতি-নাতনি চারজন। আদরের নাতি-নাতনি তারা। তাঁর ইচ্ছা, তাঁর মৃত্যুর পর নাতি-নাতনিরাই তাঁর সম্পত্তির মালিক হোক। এ জন্য তিনি এখনই সম্পত্তি লিখে দিতে চান তাদের নামে। কিন্তু দুজন নাতি নাবালক। এখন নাবালক নাতিদের নামে তিনি কীভাবে লিখে দেবেন, তা বুঝে উঠতে পারছেন না।৩.বাবা তাঁর সম্পত্তি ছেলেকে লিখে দিতে চান। কিন্তু ছেলেটি প্রাপ্তবয়স্ক হয়নি এখনো। বাবা কি পারবেন তাঁর ছেলেকে সম্পত্তি দান করতে?আমাদের সমাজে এ ধরনের দৃশ্য হরহামেশাই দেখা যায়। সাধারণত দানের মাধ্যমে একজন সম্পত্তির মালিক তাঁর ওয়ারিশ কিংবা অন্যদের সম্পত্তি হস্তান্তর করতে পারেন। এটি আইনে স্বীকৃত। অনেকে দানকে হেবার সঙ্গে মিলিয়ে ফেলেন। হেবা হচ্ছে মুসলমানদের জন্য, আর দান যেকোনো ধর্মের লোকই করতে পারেন। দান করতে হলে দাতা ও গ্রহীতার সম্পূর্ণ ইচ্ছা ও সম্মতি থাকতে হয়।দান বা হেবা করতে হয় নিঃশর্তে। দান করার জন্য তিনটি শর্ত পূরণ করতে হয়। প্রথমত, হেবাকারীকে হেবার ঘোষণা দিতে হবে, অথবা পাওয়ার অব অ্যাটর্নি বা আমমোক্তারনামা করেও ঘোষণা দিতে পারেন। দ্বিতীয়ত, যাঁকে হেবা বা দান করা হচ্ছে, তাঁর দ্বারা গ্রহণ। আর তৃতীয়ত, হেবা করা সম্পত্তির দখল গ্রহণ। হেবা কিংবা দান করা সম্পত্তির দখল হস্তান্তর করা বাধ্যতামূলক এবং অবশ্যই রেজিস্ট্রি করে নিতে হবে।দাদা-দাদি, মা-বাবা, ছেলে-মেয়ে, নাতি-নাতনি, আপন ভাই-বোন, স্বামী-স্ত্রীকেও হেবা করা যায়। প্রতিটি হেবা বা দান দলিলের জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন ফি দিতে হবে। ২০০৫ সালের ১ জুলাইয়ের পর থেকে হেবা করা সম্পত্তি রেজিস্ট্রি করা বাধ্যতামূলক করা হয়েছে।এখন ওপরের উদাহরণ অনুযায়ী, প্রথমটিতে বকুল সাহেব তাঁর মেয়েকে সব সম্পত্তি দানপত্রের মাধ্যমে দান করে দিয়ে যেতে পারেন। দান করে দিলে তাঁর মেয়েকে ওই সম্পত্তি সঙ্গে সঙ্গে হস্তান্তর করতে হবে।উদাহরণ ২-এর ক্ষেত্রে দাদা তাঁর নাতি-নাতনিদের সম্পত্তি দান করতে পারেন। তবে দুজন নাবালক থাকায় তাদের কাছে জমি হস্তান্তর করা যাবে না, যত দিন না তারা প্রাপ্তবয়স্ক হচ্ছে। এ ক্ষেত্রে বৈধ অভিভাবক, অর্থাৎ তাদের বাবাকে ওই জমি হস্তান্তর করতে হবে।তৃতীয় উদাহরণে দেখা যায়, বাবা তাঁর নাবালক ছেলেকে সম্পত্তি দান করে দিতে চান। এ ক্ষেত্রে সম্পত্তি হস্তান্তর করা বাধ্যতামূলক নয়, যত দিন না তাঁর ছেলে প্রাপ্তবয়স্ক হচ্ছে। এ ক্ষেত্রে ছেলেটি প্রাপ্তবয়স্ক হওয়ার পর সম্পত্তি হস্তান্তর করতে হবে।এখন প্রশ্ন আসতে পারে, কোনো দান বাতিল করা যায় কি না। একবার দান করার পর এবং সম্পত্তি হস্তান্তর করার পর আদালতের ডিক্রি ছাড়া বাতিল করা যাবে না। তবে দানপত্র সম্পাদন করলেও সম্পত্তিটি হস্তান্তর করা না হলে কিছু ক্ষেত্রে তা বাতিল করা যায়। যেমন: স্বামী-স্ত্রীর মধ্যে দান, নিষিদ্ধ ধাপের মধ্যে দান, দানগ্রহীতা দানের পরপর যদি মারা যান, যখন দাতা কিছুর বিনিময়ে গ্রহণ করেন, প্রদত্ত সম্পত্তি যখন ধ্বংস হয়ে যায় প্রভৃতি ক্ষেত্রে। এ দান বাদেও এক ধরনের দান আছে, যা কোনো কিছুর বিনিময়ে করা যায়। এতে দুই ব্যক্তির মধ্যে নির্দিষ্ট সম্পত্তির পারস্পরিক দান থাকতে হবে। একে হেবা এওয়াজ বলা হয়।[email protected]