সম্পত্তি নিয়ে পারিবারিক ও ব্যবসায়িক বিরোধই রাজধানীর যাত্রাবাড়ীর তিন খুনের পেছনের কারণ বলে পুলিশ ও গোয়েন্দারা ধারণা করছে। এ ঘটনায় আটক খুন হওয়া ব্যবসায়ী মিজানুর রহমানের ভাইপো শফিকুর রহমান ও দারোয়ান আকবর হোসেনকে গতকাল শুক্রবার গ্রেপ্তার দেখানো হয়েছে। গত বৃহস্পতিবার সকালে অজ্ঞাত ব্যক্তিরা শহীদ ফারুক সড়কের বাড়িতে ঢুকে মিজানুর রহমান, তাঁর মা সুফিয়া খাতুন (৭৬) ও স্ত্রী বীথি রহমানকে (৪৫) গুলি ও জবাই করে হত্যা করে।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে গতকাল বলেন, খুনের পর মিজানের দুই ভাই জাহিদুর রহমান ও তৌহিদুর রহমান, জাহিদের ছেলে শফিকুর রহমান ও দারোয়ান আকবরকে আটক করা হয়। হত্যায় জড়িত সন্দেহে শফিক ও দারোয়ান আকবর হোসেনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল বিকেলে অন্যদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।ওসি জানান, গ্রেপ্তারকৃত শফিক ও আকবরকে আজ শনিবার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।যাত্রাবাড়ী থানা সূত্র জানায়, নিহত মিজানুর রহমানের ছেলে আশিকুর রহমান বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেছেন। এতে বলা হয়, অজ্ঞাত সন্ত্রাসীরা বাসায় ঢুকে ওই তিনজনকে খুন করেছে। তবে মামলার বিবরণের মধ্যে একটি স্থানে মিজানের ভাইপো শফিক এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে।নিহত মিজানের পরিবারের অভিযোগ, আশিকুর এই হত্যাকাণ্ডের পেছনে তাঁর চাচাদের হাত রয়েছে বললেও পুলিশ তা আমলে নেয়নি।নিহত মিজানের স্ত্রীর ভাই ওবায়দুল কবির প্রথম আলোকে জানান, পুলিশের পরামর্শে অভিযুক্ত ব্যক্তিদের নাম এজাহারে উল্লেখ করা হয়নি। পুলিশ বলেছে, তদন্তের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে। তিনি মন্তব্য করেন, আটক চারজনই খুনের সঙ্গে জড়িত। তাঁদের ছেড়ে দেওয়া হলে মামলা ভিন্ন খাতে যাবে। তবে এ ব্যাপারে ওসি বলেন, বাদীকে আসামির নাম উল্লেখ না করার কোনো পরামর্শ তাঁরা দেননি। বাদী নিজেই ইচ্ছা করে আসামিদের নাম উল্লেখ করেননি।মামলার তদন্তকারী সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে দারোয়ান আকবর পুলিশকে বলেছেন, হত্যাকাণ্ডের আগে তিনি বাড়ির সামনে একটি কালো ব্যাগ হাতে শফিককে দেখেন। এরপর বাসার ভেতরে গুলির শব্দ শুনেছেন। তদন্তকারীরা জানান, গ্রেপ্তারকৃত দুজনের কাছ থেকে পাওয়া তথ্য থেকে মনে হচ্ছে, উভয়েই হত্যাকাণ্ডে জড়িত।মামলাটি থানার পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। ডিবির অতিরিক্ত উপকমিশনার মাহবুব আলম প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, মিজানের সঙ্গে সম্পত্তি নিয়ে পরিবারের অন্যদের সঙ্গে দ্বন্দ্ব ছিল। এ ছাড়া ব্যবসায়িক বিষয়ে কারও সঙ্গে বিরোধ থাকতে পারে। ডাকাতির ঘটনা হলে কাউকেই খুন হতে হতো না।’মিজানের একমাত্র বোনের স্বামী মাহমুদ আবু সাঈদ জানান, পাশাপাশি দুটি চারতলা বাড়ি চার ভাইয়ের মধ্যে ভাগ হয়েছে। ৩৭ নম্বর বাড়িটি ভাগে পেয়েছেন মেজো ভাই জাহিদুর আর সেজো ভাই ওহিদুর। পাশের ৩৭/১ নম্বর বাড়িটি পড়েছে বড় ভাই মিজান ও ছোট ভাই তৌহিদের ভাগে। আবু সাঈদ বলেন, মিজান ও জাহিদের মধ্যে দ্বন্দ্ব ছিল বলে তিনি জানতেন। সাঈদ জানান, মিজান মূলত বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করতেন। শিল্পপতিদের ঋণ দিতেন তিনি।স্বজনেরা জানান, মিজানুরের বাবা ঢাকা জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হারুনুর রশীদ যাত্রাবাড়ী এলাকায় ৬৬ কাঠা জমি রেখে যান। বিক্রির পর এখন ২২ কাঠা জমি অবশিষ্ট আছে। এই জমির ওপর আছে ওই দুটি চারতলা বাড়ি ও বেশ কয়েকটি দোকান। বাড়ি ও দোকানের ভাগাভাগি নিয়ে একাধিকবার তিন ভাইয়ের মধ্যে বিবাদ হয়েছে।যাত্রাবাড়ী থানার ওসি মনিরুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে যে সম্পত্তি নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জের ধরেই তিন খুনের ঘটনা ঘটে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ছাড়া হত্যাকাণ্ডের পেছনে শত্রুতা, ব্যবসায়িক বা রাজনৈতিক কোনো কারণ ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। ওসি জানান, হাসপাতালে নেওয়ার পথে মিজান পুলিশকে কিছু তথ্য দিয়েছেন। এসব তথ্যকে তদন্তের ভিত্তি হিসেবে ধরা হচ্ছে। তদন্তের স্বার্থে আপাতত তা গোপন রাখা হচ্ছে। বাসা থেকে খোয়া যাওয়া লাইসেন্স করা রিভলবারটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি। মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) গিয়াসউদ্দিন প্রথম আলোকে জানান, গ্রেপ্তারকৃত শফিক ও আকবরের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।নিহত মিজানের ভায়রা এজাজ হোসেন দাবি করেন, সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এজাজ বলেন, ঘটনাটি ডাকাতি নয়। কারণ বাসা থেকে কোনো মালপত্র খোয়া যায়নি।গতকাল শুক্রবার সকালে মিজানের মরদেহের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এবং তাঁর স্ত্রী বীথি রহমান ও মা সুুফিয়া খাতুনের মরদেহের ময়নাতদন্ত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে সম্পন্ন হয়। ময়নাতদন্তের পর তাঁদের মরদেহ বাড়ির সামনে নেওয়া হলে সেখানে বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়। স্বজনেরা কফিন ধরে কান্নায় ভেঙে পড়েন। আসরের নামাজের পর জানাজা শেষে মরদেহ জুরাইন কবরস্থানে দাফন করা হয়। স্বজনেরা জানান, মা, বাবা ও দাদীকে একসঙ্গে হারিয়ে মিজানের একমাত্র সন্তান আশিক শোকে পাথর হয়ে গেছেন।