সম্পত্তি রক্ষার জন্য হরতাল নজিরবিহীন: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির হরতালের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, সম্পত্তি রক্ষার জন্য হরতাল নজিরবিহীন। তিনি বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আপনি না দেশনেত্রী। আপনি সামান্য একটি বাড়ির জন্য কান্না করলেন! আপনি যদি সামান্য একটি বাড়ির মায়া ত্যাগ করতে না পারেন, তাহলে দেশের জন্য, জনগণের জন্য কী ত্যাগ করবেন?’আজ রোববার আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহবুব-উল আলম হানিফ এসব কথা বলেন। বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে প্রশ্ন রাখেন, নিজেকে দেশনেত্রী হিসেবে দাবি করেও কীভাবে তিনি ঈদের মাত্র দুই দিন আগে হরতাল দিয়ে জনদুর্ভোগের জন্ম দিলেন।গত শনিবার খালেদা জিয়া ঢাকা সেনানিবাসে তাঁকে ইজারা দেওয়া বাড়ি ছেড়ে গুলশানে ছোট ভাইয়ের বাসায় উঠেছেন। খালেদা জিয়া দাবি করেছেন, তাঁকে ওই বাড়ি থেকে জোর করে উচ্ছেদ করা হয়েছে। এ সময় তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। তাঁকে খেতে দেওয়ার সময় পর্যন্ত দেওয়া হয়নি। এমনকি এক কাপড়ে চলে আসতে বাধ্য হয়েছেন তিনি।তবে আজ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দাবি করেন, খালেদা জিয়ার এসব দাবি সত্য নয়। তিনি বলেছেন, অবৈধ প্রক্রিয়ায় পাওয়া ৫০০ কোটি টাকার সেনাবাহিনীর বাড়ি ও জমি কুক্ষিগত রাখার বিরামহীন চেষ্টা ও আইনি লড়াইয়ে পরাজিত হয়ে ভগ্ন হূদয়ে খালেদা জিয়া অশ্রু বিসর্জন করেছেন। সম্পদের প্রতি এহেন মোহ এ উপমহাদেশে তো নয়ই সভ্য দুনিয়ার রাজনীতিকদের কাছে এমন দৃষ্টান্ত খুঁজে পাওয়া দুষ্কর।সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে উদ্দেশ করে মোট ছয়টি প্রশ্ন করেন মাহাবুব-উল আলম হানিফ। প্রথমত, আপনি যদি স্বেচ্ছায় বাড়ি ছেড়ে না থকেন, তাহলে ১, ৪, ৬ ও ৯ নভেম্বর তারিখে প্রয়োজনীয় মালামাল সরালেন কেন?দ্বিতীয়ত, আপনাকে বাড়ি ছাড়ার নোটিশ কি সরকার দিয়েছে? সরকার তো দেয়নি। তাহলে সরকার প্রতিহিংসার বশবর্তী হলো কোথায় এবং কীভাবে?তৃতীয়ত, বাড়ি থেকে বের করার জন্য সরকার কি আদালতে গিয়েছে? সরকার কি কোনো মামলা করেছিল? নাকি আপনি স্বেচ্ছায় আদালতে গিয়েছিলেন? আপনি আদালতে গিয়েছিলেন কেন? আদালত যখন দেখেছে এ বাড়িটি আপনি অবৈধভাবে প্রাপ্ত হয়েছেন, ঠিক তখনই আদালত বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছেন। উচ্চ আদালতের রায় আপনি মানবেন না কেন? আপনি কি আইনের ঊর্ধ্বে?চতুর্থত, আপনি খাওয়ার সময় পেলেন না, অথচ যথারীতি মেকাপ-গেটাপ নিয়েছেন। তা নিলেন কীভাবে?পঞ্চমত, আপনি কেমন দেশপ্রেমিক? কীভাবে নিজেকে দেশনেত্রী দাবি করেন? আপনার মধ্যে দেশ ও জনগণের জন্য যদি এতটুকু দরদ বা ভালোবাসা থাকত, তবে ঈদের দুই দিন আগে কীভবে হরতাল দেন? জনদুর্ভোগের জন্ম দেন? ষষ্ঠত, আপনি কী আশ্রয়হীন? আপনার তো গুলশানে অট্টালিকাসম বিশাল বাড়ি আছে। তা ছাড়া বিরোধীদলীয় নেত্রী হিসেবে মিন্টু রোডের বাড়ি তো পড়েই আছে। সেখানে উঠেননি কেন? আপনার বিবেক কেন বলল না যে আদালত অবৈধ বলে রায় দিয়েছে। আমার আর থাকা ঠিক হবে না। ‘আমি বিরোধীদলীয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, আমার আরও বাড়ি রয়েছে, তা ছাড়া আমি জনগণের জন্য রাজনীতি করি, বাড়ির জন্য নয়, এ কথাগুলো ভুলে গেলেন কেন?’এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘খালেদা জিয়ার কান্না দেখার পর অনেকের খারাপ লেগেছে। আমাদেরও খারাপ লেগেছে। কিন্তু তিনি কাঁদলেন কেন?...জিয়াউর রহমান মারা যাওয়ার পর ভাঙা সুটকেস ও ছেঁড়া গেঞ্জি দেখিয়ে যেভাবে সহানুভূতি আদায়ের চেষ্টা করা হয়েছিল, এবারও সেটাই করা হয়েছে।’বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, খালেদা জিয়ার বাড়ির বিষয়টি আপিল বিভাগে বিচারাধীন। এ অবস্থায় তাঁকে ইজারা দেওয়া বাড়ি থেকে তুলে দেওয়া অবৈধ। এ বক্তব্যের জবাব জানতে চাইলে হানিফ বলেন, ‘তাঁরা আপিল বিভাগে যে দরখাস্ত দিয়েছে তাতে রায়ের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়নি। ফলে ৩০ দিনের মধ্যে রায় বাস্তবায়নের বাধ্যবাধকতা ছিল।’আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপি যদি বাড়ি নিয়ে কোনো কর্মসূচি দেয়, তাহলে জনগণকে নিয়ে এসব কর্মসূচি মোকাবিলা করা হবে। সংবাদ সম্মেলনে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘ক্যান্টনমেন্ট বোর্ড যদি আদালতের রায় বাস্তবায়ন না করত, তাহলে বোর্ড আদালতের অবমাননা করত।’