সম্পত্তি হস্তান্তরে সব ধর্মাবলম্বীদের জন্য দানপত্র চালুর দাবি
বাংলাদেশে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে সব ধর্মের জন্য দানপত্র বা হেবা চালু করার দাবি জানিয়েছেন বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ সাত দফা দাবি জানায়। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রচলিত হেবা আইন অনুসারে আত্মীয় বা অন্য কারও কাছে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে মুসলমান সম্প্রদায়ের সরকারকে কোনো কর বা ট্যাক্স দিতে হয় না। কিন্তু সম্পত্তি হস্তান্তরের জন্য অন্য ধর্মাবলম্বীদের সরকারকে কর দিতে হয়। মুসলিম সম্প্রদায়ের মতো সব ধর্মাবলম্বীদের জন্য দানপত্র বা হেবা আইন চালুর দাবি জানিয়েছে পরিষদ। এ ছাড়া ঘুষ ও দুর্নীতি এড়াতে জমি নিবন্ধনের জন্য ৯ শতাংশ করের পুরোটাই পে-অর্ডারের মাধ্যমে ব্যাংকে জমা দেওয়ার দাবি জানিয়েছে পরিষদ। যেকোনো জমি নিবন্ধনের ক্ষেত্রে সরকারকে ৯ শতাংশ কর দিতে হয়। নিয়ম অনুসারে এর ৭ শতাংশ দিতে হয় পে-অর্ডারের মাধ্যমে। আর বাকিটা দিতে হয় নগদে। কিন্তু পরিষদ দাবি করেছে নগদে যে কর দিতে হয় সেখানে ঘুষ ও দুর্নীতির সুযোগ রয়েছে। সংবাদ সম্মেলনে পরিষদের সদস্যরা বলেন, সরকার ভূমি নিবন্ধন পদ্ধতি ডিজিটাল করতে চাচ্ছে। বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের এতে কোনো আপত্তি নেই। কিন্তু সরকারকে খেয়াল রাখতে হবে যে দলিল লেখকেরা যেন কর্মহীন হয়ে না পড়েন। প্রসঙ্গত, সংবাদ সম্মেলনে দলিল লেখক কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক নূর আলম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক এম এ রশিদ, সদস্যসচিব ফরিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।