খেলাফত মজলিসের আমির মাওলানা হাবীবুর রহমান বলেছেন, মোহাম্মদ আলী জিন্নাহ যদি পাকিস্তানের স্বাধীনতা এনে পাকিস্তানের জাতির জনক হতে পারেন, তাহলে বাংলাদেশের স্বাধীনতা এনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন বাংলাদেশের জাতির জনক হতে পারবেন না।আজ বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনস মিলনায়তনে খেলাফত মজলিসের সাধারণ অধিবেশনের (জাতীয় সম্মেলন) উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দলের আমির এ কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন। আমরা বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করি।’সরকার সম্পত্তিতে নারী-পুরুষের সমানাধিকার দেওয়ার যে ঘোষণা দিয়েছে, তা মেনে নেওয়া হবে না বলে সরকারকে হুঁশিয়ার করে দেন মাওলানা হাবীবুর রহমান। তিনি বলেন, কোরআনের আয়াত অনুযায়ী, ‘দুজন মহিলা যা পাবে, একজন পুরুষ তা পাবে। যদি এই আয়াত পরিবর্তন করা হয়, তাহলে বাংলার মানুষ তাদের (সরকার) পরিবর্তন করে দেবে।...আমরা কারাবরণ করেছি, ইনশাল্লাহ শাহাদাত্ বরণ করব। তবে কোরআনের আয়াত পরিবর্তন করতে দেব না।’অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আবদুল্লাহ বলেছেন, কোনো বিষয়ে সরকারের সঙ্গে মতভেদ থাকলে আলাপ-আলোচনার মাধ্যমে তা দূর করা যাবে। তিনি অযথা কোনো দাবি নিয়ে ময়দানে না নামতে আলেমদের প্রতি আহ্বান জানান।আরেক আমন্ত্রিত অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর নাসির উদ্দিন ধর্মীয় ও জাতীয়তাবাদী শক্তির ঐক্যের ওপর জোর দেন।