উত্তরাধিকার সম্পত্তিতে নারীর সম-অধিকারের বিধান রেখে জাতীয় নারী উন্নয়ন নীতিমালার খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে নারী উন্নয়ন নীতি-২০১১-এর খসড়া অনুমোদন দেওয়ার কথা জানান। অনুমোদিত নীতিমালার মাধ্যমে ১৯৯৭ সালের নারী উন্নয়ন নীতিমালাকেই অনেকাংশে পুনর্বহাল করা হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে উড়াল রেলপথ নির্মাণ, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প (ভূমি অধিগ্রহণ) আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার যানজট অনেকাংশে দূর হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে স্বাধীনতার ৪০তম বার্ষিকী উপলক্ষে ২৬ মার্চ স্বাধীনতাসংগ্রামে অবদান রাখা বিভিন্ন দেশের ৪৫ জন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি সংগঠনকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।সূত্র জানায়, প্রস্তাবিত নারী উন্নয়ন নীতিমালায় উত্তরাধিকার সম্পদে নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। এ ছাড়া নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ (সিডও) সনদ বাস্তবায়নসহ ১৯৯৭ সালের প্রায় সব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন নীতিমালায়। ১৯৯৭ সালের নারী উন্নয়ন নীতিমালায় বলা হয়, ‘নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে জরুরি বিষয়াদি, যেমন স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ, জীবনব্যাপী শিক্ষা, কারিগরি শিক্ষা, উপার্জনের সুযোগ, উত্তরাধিকার সম্পদ, ঋণ-প্রযুক্তি এবং বাজার ব্যবস্থাপনার মাধ্যমে অর্জিত সম্পদসহ ভূমির ওপর অধিকার ইত্যাদির ক্ষেত্রে নারীর পূর্ণ ও সমান সুযোগ এবং নিয়ন্ত্রণের অধিকার দেওয়া এবং সেই লক্ষ্যে প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করা।’যানজট নিরসনে মেট্রোরেল: ঢাকা শহরে যানজট নিরসনে কৌশলগত পরিবহন পরিকল্পনার (এসটিপি) আওতায় অন্তর্ভুক্ত ‘ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬’ বাস্তবায়ন ও আনুষঙ্গিক বিষয়ে মন্ত্রিসভা সার্বিক সমন্বয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে।প্রকল্প অনুযায়ী উত্তরা থেকে পল্লবী হয়ে বিজয় সরণি, ফার্মগেট থেকে সায়েদাবাদ পর্যন্ত উড়াল রেলপথ নির্মাণ করা হবে। ২০১৩ সালের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন শেষ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। জাপানি সাহায্য সংস্থা জাইকা এ প্রকল্প বাস্তবায়ন করবে। বৈঠক সূত্র জানায়, উড়াল রেলপথটি ২২ কিলোমিটার দীর্ঘ হবে। এ পথে ১৮টি স্টেশন থাকবে। রুট হবে উত্তরা, মিরপুর-১০, ফার্মগেট, শাহবাগ, বুয়েট, কাপ্তানবাজার ও সায়েদাবাদ এলাকা। ঘণ্টায় ৬৫ থেকে ৮০ কিলোমিটার বেগে রেল চলবে। এতে ঘণ্টায় ৪০ হাজার যাত্রী পরিবহন করা সম্ভব হবে।উড়াল সড়কের জন্য ভূমি অধিগ্রহণ: গতকালের বৈঠকে ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে-উড়াল সড়ক প্রকল্প (ভূমি অধিগ্রহণ) আইন-২০১১ নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, অনেক সময় দেখা যায় প্রকল্পের ভূমি অধিগ্রহণের আগে ক্ষতিপূরণ আদায়ের প্রত্যাশায় প্রকল্প এলাকায় ঘরবাড়ি তৈরি করা হয়। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার জন্য ভূমি অধিগ্রহণ আইনের প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে। ইতালি ও থাইল্যান্ডের যৌথ বিনিয়োগে ‘আই’ আকৃতির উড়াল সড়ক নির্মাণে খরচ হবে সাত হাজার ৭৬৬ কোটি টাকা এবং ‘বক্স’ আকৃতির হলে খরচ পড়বে আট হাজার ৭০৩ কোটি টাকা। রাজধানীর মহাখালীর ফ্লাইওভারটি ‘বক্স’ আকৃতির এবং খিলগাঁওয়েরটি ‘আই’ আকৃতির। উড়াল সড়কের দৈর্ঘ্য ২৬ কিলোমিটার।বৈঠকে বিভিন্ন দেশের ৪৫ জন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি সংগঠনকে ২৬ মার্চ সম্মাননা দেওয়ারও সিদ্ধান্ত হয়। তবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের তালিকায় আরও কিছু বিদেশি লোককে অন্তর্ভুক্ত করা হবে। বৈঠক সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহ্রাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনের বহ্নিশিখার উচ্চতা বাড়াতে সরকারের স্থাপত্য বিভাগের প্রধান প্রকৌশলীকে নির্দেশ দেন। এ ছাড়া বৈঠকে চলচ্চিত্র সংশোধন নিবন্ধন আইন-২০১১ এবং বিমসটেকের সদর দপ্তর ঢাকায় স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়। এ জন্য বৈঠকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।