সম্পত্তির বাজারমূল্য নির্ধারণে ত্রুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯০৮ সালের দি রেজিস্ট্রেশন অ্যাক্ট এর ৬৯(১) ধারায় নিবন্ধন মহাপরিদর্শক, বাংলাদেশকে বিধি প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে যা একই আইনের ৬৯(২) ধারামতে সরকার কর্তৃক অনুমোদিত হতে হবে। দি ফিন্যান্স অ্যাক্ট ২০০২-এর ধারা ৮ ধারার অনুবলে দি রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৯০৮ সংশোধনের মাধ্যমে নতুন ধারা সন্নিবেশিত হয়েছে। যাতে নিবন্ধন মহাপরিদর্শককে সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ বিধিমালা প্রণয়নের ক্ষমতা অর্পণ করা হয়েছে। নিবন্ধন মহাপরিদর্শক, বাংলাদেশ সে ক্ষমতা বলে ‘সম্পত্তির সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণ বিধিমালা ২০১০’ বিগত ২১, এপ্রিল ২০১০ ইং তারিখে প্রজ্ঞাপন আকারে জারি করেছেন। খুব সম্ভবত বাংলাদেশে এটিই বাজারমূল্য নির্ধারণের একমাত্র বিধিমালা। বাংলাদেশে আইন কিংবা বিধি বলে স্থাবর সম্পত্তির সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণের এই বিধি ছাড়া অন্য কোনো পণ্যসামগ্রীর সর্বনিম্ন বা সর্বোচ্চ মূল্য নির্ধারণের কোনো আইন নেই। কৃষকের উৎপাদিত পণ্যের সর্বনিম্ন মূল্য নির্ধারণের জন্য যদি এমন একটি আইন প্রণয়ন করা যেত, তাহলে দেশের মানুষ নিঃসন্দেহে এর সুফল ভোগ করতে পারত। কৃষকের পণ্য বিক্রয়ে সরকারের রাজস্ব রোজগারের প্রত্যক্ষ যোগসূত্র না থাকায় সরকার কৃষকের পণ্যের সর্বনিম্ন মূল্য নির্ধারণের বিষয়টি মাথায় আনছেন না।সম্পত্তি রেজিস্ট্রেশনের সঙ্গে সরকারের বিপুল রাজস্ব আয়ের সম্পর্ক জড়িত থাকায় কোনো ক্রেতা-বিক্রেতা যাতে রেজিস্ট্রেশন ফি, স্ট্যাম্প ইত্যাদি ফাঁকি দিতে না পারেন, সে জন্য সর্বনিম্ন বাজারমূল্য বিধিমালা প্রণয়ন করা হয়েছে। যাতে কোনো ব্যক্তি বাজারমূল্য নির্ধারণ কমিটি কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে প্রকৃতপক্ষে অনেক কম মূল্যে সম্পত্তি ক্রয়-বিক্রয় করলেও কমিটি নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্য দলিলে উল্লেখ করতে পারবেন না। অর্থাৎ প্রকৃত মূল্য যাই হোক, দলিলে উল্লেখ করতে হবে কমিটি কর্তৃক নির্ধারিত মূল্য এবং সে হারেই রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে। বিষয়টি মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। কারণ, কোনো ব্যক্তিকে তার নিজস্ব সম্পত্তি স্বাধীনভাবে যেকোনো মূল্যে ক্রয়-বিক্রয় বা হস্তান্তরের অধিকার থেকে তাকে বারিত করা হয়েছে। আবার বিধিমালার ৫ বিধিতে সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণের যে পদ্ধতি উল্লেখ করা হয়েছে, তাতেও বিত্তবানদের স্বার্থ সংরক্ষিত এবং নিম্নবিত্ত বা বিত্তহীনদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে। কারণ, ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত কোনো মৌজার সম্পত্তির গড় মূল্য পরবর্তী বছরের সর্বনিম্ন মূল্য নির্ধারণের মাপকাঠি ধরা হয়েছে। কিন্তু একটি মৌজার আয়তনভেদে মৌজার পশ্চাৎপদ এলাকার ভূমির চেয়ে অগ্রগামী এলাকার ভূমির মূল্য সহস্র গুণ, কোনো কোনো ক্ষেত্রে দ্বিসহস্র গুণ পর্যন্ত বেশি হয়ে থাকে। এ ক্ষেত্রে মৌজার নকশার সিটভিত্তিক মূল্য নির্ধারণের পদ্ধতি অবলম্বন করলেও এই পক্ষপাতিত্ব দূর করা সম্ভব নয়। কারণ, সিটের অগ্রগামী এলাকা তথা সড়ক, বাজার, রাস্তাসংলগ্ন ভূমির মূল্যের চেয়ে পশ্চাৎপদ তথা নকশার মধ্যবর্তী কিংবা পেছনের জমির মূল্য অনেক কম হয়ে থাকে। ফলে ভালো ও অধিক মূল্যবান জমির ক্রেতা অনায়াসে রেজিস্ট্রেশন ফি ফাঁকি দিতে পারেন, আবার কম মূল্যে জমি ক্রয় করে অপেক্ষাকৃত নিম্নবিত্তের জনগণকে বেশি রেজিস্ট্রেশন ফি দিতে হয়। এমনও দেখা গেছে, ভূমির প্রকৃত মূল্য শতকপ্রতি পাঁচ হাজার টাকা কিন্তু দলিলে সর্বনিম্ন মূল্য লিখতে হয় ৫০ হাজার টাকা। ফলে ক্রেতাকে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হয় পাঁচ হাজার টাকা। ক্রেতার সম্পত্তির মূল্য দাঁড়ায় প্রতিশতক ৫৫ হাজার টাকা এবং বিক্রেতা মূল্য প্রায় পাঁচ হাজার টাকা। বিষয়টি অত্যন্ত অমানবিক ও মৌলিক অধিকার পরিপন্থী। সর্বনিম্ন বাজারমূল্য পদ্ধতিতে না হয়ে যদি প্রকৃত মূল্যপদ্ধতি অবলম্বন করা যেত, তাহলে হয়তো একই জমির বিক্রেতা মূল্য পেতেন ৩০ হাজার টাকা এবং ক্রেতার ক্রয় মূল্য হতো ৩৩ হাজার টাকা। আবার একই মৌজার অগ্রগামী এলাকার এক কোটি টাকা মূল্যের জমির মূল্য বিত্তবান ক্রেতা কোনোক্রমেই পাঁচ লাখ টাকা দলিলে লিখতে পারতেন না। রেজিস্ট্রেশন আইনে অবমূল্যায়ন রোধে যেমন বিধান আছে, তেমনি ৩৪ ধারায় সাব রেজিস্ট্রারের মূল্যসহ আনুষঙ্গিক বিষয়ে অনুসন্ধানেরও ক্ষমতা আছে। সৎ ও যোগ্য একটি অবমূল্যায়ন রোধ কমিটি প্রতি সাব-রেজিস্ট্রি অফিসভিত্তিক করা গেলে এবং মৌজার দাগভিত্তিক গড় মূল্য নির্ধারণ করা সম্ভব হলে সরকারের রাজস্ব আয় দ্বিগুণ বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে প্রান্তিক ভূমি মালিকেরা তাদের ভূমির উপযুক্ত মূল্য পাবেন। স্বৈরতান্ত্রিকভাবে জনসাধারণের ওপর বাধ্যতামূলক সর্বনিম্ন মূল্য চাপিয়ে দেওয়ার অমানবিকতা থেকে মুক্ত হবে সমাজ।লেখক: আইনজীবী,জেলা আইনজীবী সমিতি, পঞ্চগড়