সম্পদ থাকলেও নিরাপত্তা নেই মানসিক ও বুদ্ধিপ্রতিবন্ধীদের
স্বাতী সামিয়া হোসেন জীবনের ৩০ বছরেরও বেশি পার করে এসেছেন। শারীরিক বৃদ্ধিও ঠিক আছে। কিন্তু তাঁর বুদ্ধি বাড়েনি। কোনো বাস্তব জ্ঞান হয়নি। দৈনন্দিন জীবন ধারণের জন্য তাঁকে অন্যের সাহায্য নিতে হয়। সামিয়ার বাবা মারা গেছেন। মা মোরসেদা বেগম এখন নিজেই বেশ অসুস্থ। এই পৃথিবীতে তিনি যখন থাকবেন না, তখন সামিয়ার কী হবে; কে দেখবে এমন উদ্বেগ-উৎকণ্ঠা প্রতিনিয়তই তাড়িয়ে বেড়াচ্ছে তাঁকে।শুধু মোরসেদা বেগমই নন, মানসিক, বুদ্ধিপ্রতিবন্ধী ও মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা নিয়ে যে সন্তানেরা দিন পার করছে, তাদের অভিভাবকেরা সবাই এমন দুশ্চিন্তায় কাতর। সরকারিভাবে এ ধরনের প্রতিবন্ধীদের দীর্ঘমেয়াদি ও সার্বক্ষণিক দেখভালের ব্যবস্থা নেই। ফলে পারিবারিক আর্থিক সামর্থ্য থাকলেও এ ধরনের প্রতিবন্ধী সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে আছে। বিশেষ করে মা-বাবা মারা গেলে এসব সন্তানের দায়িত্ব কে নেবে, তার উত্তর জানা নেই বেশির ভাগ অভিভাবকের। এ ধরনের প্রতিবন্ধীদের জন্য আইনেও যথেষ্ট ঘাটতি রয়েছে।সামিয়ার মা মোরসেদা বেগম বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক। তিনি প্রথম আলোকে বলেন, ‘অনেক অভিভাবক এ ধরনের সন্তানদের বিয়ে দেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে তার বিপক্ষে। মা হয়ে যেখানে আমি নিজেই মেয়েকে সামলাতে গিয়ে হয়রান হয়ে যাই, সেখানে অন্য পরিবার তাকে কেন দেখবে? তাই আমি যখন থাকব না, তখন মেয়েটির যেন অন্তত আর্থিক সংকট না হয়, সে চেষ্টা চালাচ্ছি। সম্পত্তি থেকে ট্রাস্ট গঠন করে এই মেয়েকে দেখভালের ব্যবস্থা করা হবে। অন্য ভাই-বোনেরাই এ ক্ষেত্রে ট্রাস্ট চালাবে। এ ছাড়া মেয়ে তার বাবার চাকরির অবসরকালীন টাকা পাবে আজীবন, এ ধরনের ব্যবস্থা করেছি।’সুইড বাংলাদেশের মহাসচিব জওয়াহেরুল ইসলামও একজন বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ের বাবা। তিনি অনেক চিন্তাভাবনা করে মেয়েকে বিয়ে দিয়েছেন। কেননা, মেয়ের বুদ্ধি কম থাকলেও তাঁর শারীরিক চাহিদা অস্বীকার করার উপায় ছিল না। মেয়ের দুটি সন্তানই সুস্থ। দুই সন্তান ও স্বামীই এখন তাঁকে দেখাশোনা করেন। মেয়ের নামে সম্পত্তি উইল করে দেওয়া হবে এবং এই সম্পত্তি যারা দেখভাল করবে, তারা যাতে লাভ পায় তারও ব্যবস্থা থাকবে।জওয়াহেরুল ইসলাম বলেন, বর্তমানে ব্যক্তিগত উদ্যোগ ছাড়া আর কিছু করার উপায় নেই। তবে বুদ্ধি ও মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের দেখভালের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। এদের সম্পত্তি রক্ষণাবেক্ষণে বিধি তৈরিসহ বিভিন্ন উদ্যোগ নিতে হবে।মানসিক প্রতিবন্ধী ছেলের বাবা বদরুল মান্নান। তিনি জাতীয় প্রতিবন্ধী ফোরামের মনঃসামাজিক প্রতিবন্ধিতা গ্রুপের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রথম আলোকে জানান, ছেলের ভবিষ্যৎ চিন্তা করেই বাংলাদেশ বিমানের ভালো চাকরিটি ছেড়ে দিয়েছেন। তাঁর মতে, এসব সন্তানের নামে সম্পত্তি থাকা এবং না থাকা দুটিই বিপজ্জনক। সম্পদ না থাকলে কেউ এদের দায়িত্ব নেবে না, আবার সম্পত্তির লোভে দায়িত্ব নিলেও পরে আর দেখবে না।আইনেও আছে ঘাটতি: সুপ্রিম কোর্টের আইনজীবী দৃষ্টিপ্রতিবন্ধী মো. মোশাররফ হোসেন মজুমদার প্রথম আলোকে বলেন, মানসিক বা বুদ্ধিপ্রতিবন্ধীদের সম্পত্তি রক্ষার জন্য আইন নেই। উত্তরাধিকার অযোগ্যতা দূরীকরণবিষয়ক হিন্দু আইনে শারীরিক প্রতিবন্ধীদের বিষয়টি কিছুটা শিথিল করা হলেও মানসিক ও বুদ্ধিপ্রতিবন্ধীদের উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে। ১৯১২ সালের ‘লুনাসি অ্যাক্ট’ হলো পুরোপুরি মস্তিষ্ক বিকৃতদের জন্য। সেখানে অভিভাবক নিয়োগ করার কথা বলা হয়েছে। মানসিক ও বুদ্ধিপ্রতিবন্ধীদের জন্য আলাদা আইন না থাকায় এই আইনেই ফেলা হচ্ছে এদের। তবে আইন অনুযায়ী অভিভাবক নিয়োগ করা হলেও সেই অভিভাবকই কৌশলে প্রতিবন্ধী ব্যক্তির সম্পত্তি দখল করে ফেলছেন। অর্থাৎ এই আইনটিরও যথাযথ প্রয়োগ হচ্ছে না। মানসিক স্বাস্থ্যবিষয়ক আইন প্রণয়ন জরুরি।জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মোহিত কামাল জানালেন, ‘মেন্টাল হেলথ অ্যাক্ট’ নামে একটি আইনের খসড়া তৈরি হয়েছে। জাতীয় প্রতিবন্ধী ফোরামের পরিচালক নাফিসুর রহমান বলেন, ২০০১ সালের প্রতিবন্ধী কল্যাণ আইনেও এই ধরনের প্রতিবন্ধীদের সম্পত্তি রক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়নি। তবে যুগোপযোগী নতুন একটি আইনের খসড়ায় বিষয়টি সম্পৃক্ত করা হয়েছে।