সম্পদের অর্ধেক দান করার ঘোষণা ৪০ মার্কিন ধনকুবেরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ৪০ জন ধনকুবের তাঁদের মোট সম্পদের অর্ধেক জনকল্যাণে দান করার ঘোষণা দিয়েছেন। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের আহ্বানে সাড়া দিয়ে সম্প্রতি তাঁরা এ ঘোষণা দেন।বিশ্বের অনগ্রসর অঞ্চলে শিক্ষা ও জনস্বাস্থ্যের উন্নয়নে অকাতরে ব্যয় করছেন বিল গেটস। ফোর্বস সাময়িকীর তথ্য অনুযায়ী ২০০৯ সালে বিল গেটস ছিলেন পৃথিবীর দ্বিতীয় সম্পদশালী ব্যক্তি। গেটস ও তৃতীয় ধনী ওয়ারেন বাফেট যুক্তরাষ্ট্রের সেরা বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, অর্জিত সম্পদের উল্লেখযোগ্য অংশ জীবিত অবস্থায় অথবা মৃত্যুর পর তাঁরা যেন জনকল্যাণে দান করেন। মানবিক এ আহ্বানে সাড়া দিয়ে নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ, বিনোদন জগতের ধনকুবের বেরি ডিলার, ওরাকলের অন্যতম প্রতিষ্ঠাতা লেরি এলিসন, মিডিয়া মোগল টেড টার্নার, চলচ্চিত্র নির্মাতা জর্জ লুকাস ও ডেভিড রকফেলারসহ ৪০ জন শীর্ষ মার্কিন বিত্তশালী তাঁদের সম্পদের অর্ধেক আর্ত মানবতার সেবায় দান করার ঘোষণা দিয়েছেন। গত বুধবার এ তালিকায় যোগ হয়েছেন গৃহনির্মাণ ব্যবসায়ী এলি ব্রড, জন ওয়েয়ার, মিডিয়া বিনিয়োগকারী গেরি লেফেস্ট এবং সিসকো সিস্টেমের সাবেক চেয়ারম্যান জন মরগরিজ। জর্জ লুকাস বলেছেন, ‘শিক্ষার মান উন্নয়নে আমি আমার সম্পদের বেশির ভাগ উত্সর্গ করে দিচ্ছি। মানবজাতির টিকে থাকার জন্য যা খুবই গুরুত্বপূর্ণ।’ ফোর্বস সাময়িকীর তথ্য অনুযায়ী বিশ্বের সর্বোচ্চসংখ্যক বিত্তশালীদের দেশ যুক্তরাষ্ট্র। গত বছরের তথ্য অনুযায়ী সারা বিশ্বের বিলিয়নারদের মধ্যে ৪০৩ জনই ছিলেন যুক্তরাষ্ট্রের।ওয়ারেন বাফেট ২০০৬ সালে তাঁর মোট সম্পদের ৯৯ শতাংশ জনকল্যাণে দান করার ঘোষণা দেন।