জামায়াত-শিবিরের টানা সহিংসতার পর শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ নিয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মানুষ। কানসাট ও শিবগঞ্জে পৃথক দুটি সভায় এলাকাবাসী ও রাজনৈতিক দলের নেতারা সংঘাত ও পরস্পরের সম্পদের ক্ষতি না করার অঙ্গীকার করেছেন। ফলে গতকালের হরতালে শিবগঞ্জ ও কানসাট এলাকার জীবনযাত্রা প্রায় স্বাভাবিক ছিল। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ করার দায়ে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় হওয়ার পর গত বৃহস্পতিবার ও শুক্রবার জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ওই এলাকায় তাণ্ডব চালান। পুড়িয়ে দেওয়া হয় কানসাটে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুতের সদর দপ্তর, বিদ্যুৎ উপকেন্দ্র ও সংলগ্ন আবাসিক এলাকা। চালানো হয় ব্যাপক লুটপাট। শিবগঞ্জ উপজেলার আরও কয়েকটি গ্রামে বেশ কিছু দোকান ও বাড়ি লুট করে তারা। আতঙ্কে শনিবার দোকান থেকে মালামাল সরিয়ে নেন শিবগঞ্জ বাজারের ব্যবসায়ীরা। এলাকায় ছড়ানো হয় নানা গুজব।শনিবার রাতে কানসাট পুকুরিয়া গ্রামে কানসাট বিদ্যুৎ আন্দোলনের নেতা গোলাম রব্বানীর উদ্যোগে তাঁর বাড়ির সামনে সভা করেন পুকুরিয়া, বাগদীপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ। সভায় স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের নেতারাসহ পাঁচ শরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয় বয়োজ্যেষ্ঠ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সন্ধ্যায় শুরু হওয়া সভা শেষ হয় রাত ১০টায়।সভায় কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের নেতা বেনাউল ইসলাম, বিএনপির তৈমুর রহমান, জামায়াতের নেতা তাজিমুল ইসলাম, বিদ্যুৎ আন্দোলনের নেতা গোলাম রব্বানীসহ স্থানীয় বয়োজ্যেষ্ঠ ও নেতৃস্থানীয়রা বক্তব্য দেন।জামায়াতের নেতা তাজিমুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘গ্রামের সবাই ভাই ভাই। গ্রামে সব দলেরই লোক আছে। রাজনীতির সময় রাজনীতি করব। তার বাইরে কেউ কাউকে কটাক্ষ করে কথা বলব না। কারও সঙ্গে যেন দ্বন্দ্ব না হয় সে বিষয়ে সবাই সচেষ্ট থাকবে। শান্তিপূর্ণভাবে যে যার রাজনৈতিক কর্মসূচি পালন করবে।’ তিনি বলেন, সভায় বক্তারা সবাই এ সুরেই কথা বলেছেন।বিএনপির নেতা তৈমুর রহমান বলেন, গ্রামে সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান করবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। রাজনৈতিক কর্মসূচি যাই হোক না কেন এলাকায় কেউ শান্তি বিনষ্ট করবেন না, এমন অঙ্গীকার করেছেন।গোলাম রব্বানী বলেন, ‘এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ ও ধর্মের অনুসারীরা এই অঞ্চলে বাস করেন। সবাই আতঙ্কিত ও অস্বস্তিতে ছিলেন। এসব দূর করতেই শনিবার রাতে সভা করেছি।’এই সভার পর গতকাল কানসাট এলাকার জীবনযাত্রা ছিল অনেকটা স্বাভাবিক। এলাকায় গতকাল কোনো পিকেটিং হয়নি। দোকানপাটও ছিল খোলা। খোলা ছিল কাঁচাবাজার। রাস্তায় ভ্যান ও ভটভটি চলাচল করেছে।গতকাল সকালে শিবগঞ্জ সদরের ছত্রজিৎপুর গোরস্থান আমবাগানে সভা করেন শিবগঞ্জ পৌরসভা, ছত্রজিৎপুর, উজিরপুর ও নয়ালাভাঙা ইউনিয়নের ১০-১২টি গ্রামের সহস্রাধিক মানুষ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আশরাফ আলী সভায় সভাপতিত্ব করেন। সভায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, ছত্রজিৎপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানী, উপজেলা বিএনপির নেতা আবুল কালাম আজাদ, আজাহার আলী, শফিকুল ইসলাম, আবদুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন। সভা থেকে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় ‘ঐক্য কমিটি’ নামে ৫১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠিত হয়। কমিটিতে সব রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ স্থানীয় গণ্যমান্যরা রয়েছেন। ছত্রজিৎপুর ইউনিয়ন পরিষদের সদস্য নেফাউর রহমান এ সভার উদ্যোগ নেন এবং এলাকায় মাইকিং করে সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানান।ছত্রজিৎপুরের স্থানীয় একটি কলেজের শিক্ষক আবদুস সালাম সভার সঞ্চালনা করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘সহিংসতা বন্ধ করে এলাকায় শান্তি প্রতিষ্ঠার বিষয়ে এখন সবাই আগ্রহী হয়েছেন। সবাই বুঝে গেছেন যে সহিংসতা মানে নিজেদেরই ক্ষতি। এই কথাগুলোই ঘুরেফিরে এসেছে সভায়।’ওই সভার পর গতকাল শিবগঞ্জ, ছত্রজিৎপুরসহ আশপাশের এলাকায় অনেকটা স্বস্তি এসেছে। শিবগঞ্জ এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা মাঠে থাকলেও কোনো সহিংসতা করেনি। তবে শিবগঞ্জ বাজারের ব্যবসায়ীরা শনিবার মালামাল সরিয়ে নেওয়ার পর গতকাল সেখানে কোনো দোকান খোলেনি। তবে কাঁচাবাজার খোলা ছিল।চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জ-কানসাট-সোনামসজিদ যাওয়ার রাস্তার কয়েক জায়গায় গাছের গুঁড়ি ফেলে, রাস্তা কেটে অবরোধ তৈরি করেছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। যার কারণে জেলা সদর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে শিবগঞ্জ। তা ছাড়া বিদ্যুৎ উপকেন্দ্র পুড়িয়ে দেওয়ায় বিদ্যুৎহীন রয়েছে শিবগঞ্জ পৌর এলাকার বাইরের ১৫টি ইউনিয়নের মানুষ। সেচ বিঘ্নিত হওয়ায় সাড়ে তিন হাজার হেক্টর জমির বোরো ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।