সম্পদের হিসাব দিতে বিচারপতিদের প্রতি আহ্বান
‘সাবেক প্রধান বিচারপতি নিম্ন আদালতের বিচারকদের সম্পদের বিবরণ দিতে বলেছেন। তাঁদের মধ্যে কেউ কেউ বিবরণী দিয়েছেন, কেউ কেউ দেননি। আমি সুপ্রিম কোর্টের বিচারপতিদের আমন্ত্রণ জানাব, আপনারাও সম্পদের হিসাব দেবেন। নিম্ন আদালতের বিচারকরা বিবরণী দেবেন, আমরা দেব না—তা গ্রহণযোগ্য নয়।’গতকাল শুক্রবার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশন’-এর ২১তম বার্ষিক সাধারণ সম্মেলনে আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহা এ কথা বলেন। বিচারপতি এস কে সিনহা আরও বলেন, বিচার বিভাগের ওপর অনেক আঘাত আসছে। এটা সমাজের জন্য মঙ্গলজনক নয়। আইন নিরপেক্ষ ও কার্যকরভাবে প্রয়োগ করতে হবে। কলমের মাধ্যমে এমন বার্তা পৌঁছে দিতে হবে, যাতে যিনি হেরে যান তিনিও যেন বুঝতে পারেন, ন্যায়বিচার হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। অ্যাসোসিয়েশনের সভাপতি কানিজ আক্তার নাসরিনা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, এস কে সিনহা, হাইকোর্ট বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা, অ্যাসোসিয়েশনের মহাসচিব শারমিন নিগার বক্তব্য দেন।