সম্পদের হিসাব দিলেন প্রধান বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতির কাছে সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম প্রধান বিচারপতির সম্পদের বিবরণী পৌঁছে দেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, প্রধান বিচারপতির সম্পদের হিসাব জমা দেওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে প্রথম। রাতে যোগাযোগ করা হলে মো. আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সন্ধ্যার পরপরই প্রধান বিচারপতির সম্পদের হিসাব বিবরণী বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিয়েছি।’ তবে বিবরণীতে কী পরিমাণ সম্পদের হিসাব রয়েছে, তা তিনি জানাতে পারেননি।দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, ‘এটা ভালো দৃষ্টান্ত। এটা সবাই অনুসরণ করবে—এমনটাই প্রত্যাশা করি। উচ্চপদে যাঁরা আছেন, তাঁদের প্রত্যেকেরই সম্পদের বিবরণী দাখিল করা উচিত। বিবরণী পরীক্ষা করার জন্য সরকার বিধান তৈরি করতে পারে। তাহলে বিবরণী জমা দেওয়াটা আরও অর্থবহ হবে।’ এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘প্রধান বিচারপতি সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ায় আমি অত্যন্ত খুশি ও আনন্দিত। সবারই তাঁর পদাঙ্ক অনুসরণ করা উচিত। সরকারের সাংবিধানিক পদে যাঁরা আসীন থাকবেন বা আছেন, স্বচ্ছতার খাতিরে তাঁদের সম্পদের বিবরণী জমা দেওয়া উচিত।’ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনও বিষয়টিকে ইতিবাচক অভিহিত করে বলেন, ‘দেশের ইতিহাসে এটা প্রথম। আশা করি, প্রধান বিচারপতিকে অনুসরণ করে অন্যান্য বিচারপতি ও বিচারকেরা সম্পদের হিসাব দাখিল করবেন। এতে তাঁরা বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারবেন এবং তাঁদের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।’দায়িত্বশীল একটি সূত্র জানায়, আগামী সোমবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে। সভায় সব বিচারপতিকে সম্পদের বিবরণী জমা দিতে আহ্বান জানানো হতে পারে।