সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের চাকরিচ্যুত ব্যক্তিগত সহকারী (এপিএস) ওমর ফারুক, বরখাস্ত হওয়া পূর্ব রেলের মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ মৃধা ও তাঁর স্ত্রী জাকিয়া ইউসুফ এবং রেল পুলিশ ঢাকার কম্যন্ডান্ট এনামুল হক ও তাঁর স্ত্রী দুর্নীতি দমন কমিশনে (দুদক) তাঁদের সম্পদের হিসাব জমা দিয়েছেন। আজ রোববার সকালে দুদকে তাঁরা তাঁদের সম্পদের হিসাব জমা দেন। দুদক সূত্রে জানা গেছে, ইউসুফ আলী মৃধা তাঁর সম্পদ বিবরণীতে উল্লেখ করেছেন, তাঁর এফডিআর ১০ লাখ টাকা, নগদ এক লাখ ২৫ হাজার টাকা, ব্যাংকে রয়েছে ১৮ হাজার টাকা, পূর্বাচলে পাঁচ কাঠা প্লট, রাজধানীর পীরেরবাগে পাঁচ কাঠা প্লট, চট্টগ্রামের সিডিএ এলাকায় সাড়ে তিন কাঠা প্লট ও মাদারীপুরে তিন একর কৃষি জমি রয়েছে।ইউসুফ আলী মৃধার স্ত্রী জাকিয়া ইউসুফ তাঁর সম্পদ বিবরণীতে উল্লেখ করেছেন, তাঁর বসুন্ধরায় পাঁচ কাঠা প্লট, মাদারীপুরে ৫৮ শতক কৃষিজমি, মানিকগঞ্জে ৯০ শতক কৃষিজমি, এফডিআর ২০ লাখ টাকা ও এক লাখ ৩৫ হাজার টাকার স্বর্ণালংকার রয়েছে।ওমর ফারুক তাঁর সম্পদ বিবরণীতে উল্লেখ করেছেন, তাঁর মার্কেন্টাইল ব্যাংকে ৯১ লাখ ৯৭ হাজার টাকা, সুনামগঞ্জের নেত্রকোনায় ১৮ একর জমি, মোহাম্মদপুর পিসি কালচারে ১১০০ বর্গফুটের ফ্ল্যাট, ডিপিএস এক লাখ টাকা এবং একটি টয়োটা কার রয়েছে।দুদকের কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় ওমর ফারুক সাংবাদিকদের বলেন, জমা দেওয়া হিসাবের মধ্যে সেই ৭০ লাখ টাকার হিসাবও রয়েছে।কম্যন্ডান্ট এনামুল হক তাঁর সম্পদ বিবরণীতে উল্লেখ করেছেন, নারায়ণগঞ্জে তাঁর সাড়ে পাঁচ কাঠা প্লট, কিশোরগঞ্জে ৯০ শতক জমি ও ব্যাংকে জমা আছে এক কোটি ১৩ লাখ টাকা। এদিকে তাঁর স্ত্রী রাহাত আরা দিবা তাঁর সম্পদ বিবরণীতে উল্লেখ করেছেন, গুলশান নিকেতনে তাঁর ১৫৬৪ বর্গফুটের ফ্ল্যাট ও গুলশান ভাটারায় ১৫১০ বর্গফুটের একটি ফ্ল্যাট এবং একটি টয়োটা গাড়ি আছে। এছাড়া উত্তর বাড্ডায় দিবা প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে তাঁর বিনিয়োগ ২০ লাখ ৬৭ হাজার টাকা। এইচএসবিসি ও প্রাইম ব্যাংক থেকে তিনি লোন নিছেন ২৫ লাখ টাকা। দুদকের কমিশনার বদিউজ্জামান বলেন, আমরা সবার সম্পদ বিবরনী হাতে পেয়েছি। এখন খতিয়ে দেখব। প্রয়োজনে তাঁদেরকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে।অর্থ কেলেঙ্কারির ঘটনায় গত ১৪ মে ওমর ফারুক, ইউসুফ মৃধা এবং রেল পুলিশ ঢাকার কমান্ড্যান্ট এনামুল হক, ইউসুফ মৃধার স্ত্রী এবং এনামুলের স্ত্রীর সম্পত্তির হিসাব চেয়ে চিঠি পাঠায় দুদক।দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছিলেন, দুদকের প্রাথমিক তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পত্তি থাকার আভাস পাওয়া গেছে।গত ৯ এপ্রিল মন্ত্রীর এপিএস ফারুকের গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়ার ঘটনায় দুদক তদন্ত করছে। ওই গাড়িতে ইউসুফ মৃধা ও এনামুল হক ছিলেন। একই বিষয়ে রেল বিভাগের তদন্ত কমিটির জমা দেওয়া তদন্ত প্রতিবেদন বলা হয়, ‘অর্থ কেলেঙ্কারির সঙ্গে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের কোনো সংশ্লিষ্টতা নেই।’অর্থ কেলেঙ্কারির ঘটনার পর ইউসুফ মৃধা ও এনামুলকে সাময়িক বরখাস্ত করা হয়। চাকরিচ্যুত হন রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুক। পরে এই ঘটনার দায় নিয়ে মন্ত্রিত্বও ছাড়েন সুরঞ্জিত সেনগুপ্ত। পরে তাঁকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়।