সম্পদের হিসাব না দেওয়ার মামলায় মাহমুদুর গ্রেপ্তার
সম্প্রতি প্রকাশনা বন্ধ হয়ে যাওয়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ার অভিযোগে দুদকের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে হাজতি পরোয়ানা জারি করা হয়েছে। মহানগর হাকিম কণিকা বিশ্বাস আজ মঙ্গলবার এ আদেশ দেন। বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন তিনি।আদালত গত ১৪ জুন দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ১৫ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।গত ১৩ জুন রোববার রাজধানীর গুলশান থানায় দুদকের উপপরিচালক নূর মোহাম্মদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, গত ১৯ এপ্রিল দুদক মাহমুদুর রহমানের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয়। কিন্তু মাহমুদুর রহমান দুদকের নোটিশ পাওয়ার পরও তাঁর সম্পদের হিসাব বিবরণী জমা দেননি। সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য সময় বাড়ানোর কোনো আবেদনও করেননি তিনি। এ কারণে দুদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে এ মামলা করে।