‘আনন্দময় চর্চায় সম্পন্ন মানুষ’—এ স্লোগান নিয়ে ১৯৯১ সালে সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের যাত্রা শুরু হয়েছিল। ‘চিন্তার ইতিহাস’ নামের একটি পাঠচক্র দিয়ে শুরু হয়েছিল তাদের কার্যক্রম। এরপর গত ২০ বছর নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পরিণত হয়েছে দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠনে।কেন্দ্রের ২০ বছর পূর্তি উপলক্ষে ১৭ থেকে ২১ অক্টোবর তাদের পরীবাগের কার্যালয়ে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। প্রথম দিন ছিল চলচ্চিত্র প্রদর্শনী, শিশুদের পরিবেশনা ও নৃত্য। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে দর্শন ক্লাব আয়োজিত সেমিনার, বাউল গানের অনুষ্ঠান। গতকাল বুধবার ছিল ‘শিল্প-সাহিত্য ক্লাব’ আয়োজিত সেমিনার, ‘ওয়াহিদুল হক সভাকক্ষ’ এবং ‘সত্যেন বোস সভাকক্ষ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও সন্ধ্যায় মণিপুরি নৃত্য। আজ বৃহস্পতিবার থাকছে বিকেলে অর্থনীতি ক্লাব আয়োজিত সেমিনার ‘খালেক চৌধুরী পাঠাগার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও ধ্রুপদী সংগীতের আয়োজন। শুক্রবার সমাপনী দিনে থাকবে প্রীতি সমাবেশ এবং গীতি আলেখ্য ‘আমার পরিচয়’।কেন্দ্রের ২০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির সভাপতি অধ্যাপক লিয়াকত আলি প্রথম আলোকে বলেন, ‘শৈশব থেকে কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণের যে আনন্দ, সেই আনন্দই হচ্ছে সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের ২০ বছর পূর্তিতে। সময় বৃদ্ধির সঙ্গে দায়িত্বও বাড়ছে, ভালো কাজের আগ্রহ তৈরি হচ্ছে।’ এ সংগঠনের কর্যক্রমের মধ্য দিয়ে নতুন প্রজন্ম এগিয়ে যাবে, আরও বেশি সৃষ্টিশীল কাজ হবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।টিনা কবিরের প্রদর্শনীতরুণ প্রজন্মের শিল্পী টিনা কবিরের প্রথম একক শিল্পকর্ম প্রদর্শনী আজ বৃহস্পতিবার থেকে শুরু হবে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে। বেলা ১১টায় ছয় দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বিশিষ্ট শিল্পী রফিকুন নবী। বিশেষ অতিথি থাকবেন চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রন বিভাগের অধ্যাপক শিল্পী ফরিদা জামান ও চেয়ারম্যান শিল্পী জামালউদ্দিন আহমেদ।প্রদর্শনীতে থাকছে অ্যাক্রেলিক, মিশ্রমাধ্যম ও জলরঙে আঁকা ২১টি শিল্পকর্ম। চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।জাতীয় প্রেসক্লাবের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানআজ জাতীয় প্রেসক্লাবের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৫৪ সালের ২০ অক্টোবর জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠা লাভ করে। এ দেশের সাংবাদিকতা ও সংবাদপত্রের বিকাশ এবং স্বাধীনতাসংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলনে জাতীয় প্রেসক্লাব অনন্য ভূমিকা রেখেছে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সন্ধ্যা সাতটায় দেশের প্রখ্যাত শিল্পীরা বিশিষ্ট গীতিকার কে জি মোস্তফার লেখা ‘প্রেসক্লাব আমাদের সেকেন্ড হোম’ গানটি গেয়ে অনুষ্ঠানের সূচনা করবেন। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হবে। থাকবে শিবলী মহম্মদ ও শামীম আরা নীপার নেতৃত্বে নৃত্যাঞ্চলের শিল্পীদের নৃত্য। থাকবে বিশিষ্ট শিল্পীদের সংগীত, নৈশভোজ ও র্যাফল ড্র।সাঙ্গ হলো লালন স্মরণোৎসব কুষ্টিয়া অফিস জানান, গতকাল বুধবার সাঙ্গ হয়েছে মরমি সাধক বাউলসম্রাট ফকির লালন শাহর তিরোধান দিবসের চার দিনব্যাপী আয়োজন। তবে কালী নদীর পাড়ে লালন মেলা চলবে মাসব্যাপী। ১৬ অক্টোবর রোববার সাঁইজির আখড়াবাড়িতে সাধুসন্তসহ লালনভক্ত সাধারণ মানুষের ঢল নেমেছিল। চার দিন ধরে আখড়াবাড়ি ছিল সাঁইজির আধ্যাত্মিক বাণী আর সুরের মূর্ছনায় মুখর। সত্যের সন্ধানে সাঁইজির আখড়ায় আসা বাউল সাধকরা প্রাপ্তির আনন্দ আর প্রত্যাশা নিয়ে ফিরে গেছে আপন ঘরে। সৃষ্টির মাঝে স্রষ্টাকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষায় আবার তাঁরা মিলিত হবেন ফাল্গুনের দোলপূর্ণিমায়। গতকাল সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন। আলোচনা শেষে মধ্যরাত পর্যন্ত লালন একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করেন।প্রতিবছর সমাপনী অনুষ্ঠানে লালনচর্চায় বিশেষ অবদান রাখার জন্য ১০ জনকে সম্মাননা দেওয়া হয়। এ সম্মাননা গত বছরও দেওয়া হয়েছিল, কিন্তু এবার তা দেওয়া হয়নি। এবারের অনুষ্ঠানটি সম্পূর্ণ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে কুষ্টিয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, এ ধরনের কোনো প্রস্তাবনা অনুষ্ঠান প্রস্তুতিমূলক সভায় ছিল না। তবে জেলার বিভিন্ন বাউল ও লালন শিল্পীকে নিয়ে গানের প্রতিযোগিতা হয়েছে। তাঁদের মধ্য থেকে শ্রেণী বিভাগে পুরস্কার দেওয়া হবে।