সম্পর্ক উন্নয়ন আমাদের দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়াদিল্লির আর পাঁচটা সরকারি বাংলোর সঙ্গে রেসকোর্স রোডের ৭ নম্বর বাড়িটার বাইরে থেকে তেমন কোনো পার্থক্য বোঝা যায় না। তবে বেশ বড় এলাকাজুড়ে বাংলোটা। বোঝার কোনো উপায় নেই, এখানেই থাকেন বিশ্বের অন্যতম উদীয়মান অর্থনীতির রূপকার ও ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। বোঝা গেল বাড়ির সদর দরজায় পা রাখতেই। একের পর এক নিরাপত্তাব্যূহ পেরিয়ে অনুমতি মিলল ভেতরে ঢোকার। বাড়ির বাসিন্দার সঙ্গে সাক্ষাতের বিষয়টি যদিও অনেক আগে থেকেই নির্ধারিত।ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনের যে ঘরে আমাদের বসানো হলো, সেটি সাজানো-গোছানো। কিন্তু বাহুল্যের লেশমাত্র নেই। সাধারণ সোফা, তেমন কোনো আসবাবপত্রও নেই। কিছুক্ষণের মধ্যেই চা এল।নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর, শনিবার। ঘড়ির কাঁটায় স্থানীয় সময় ১০টা ৩০ মিনিট। ভেতর থেকে এলেন বাড়ির কর্তা সর্দার মনমোহন সিং। সাদা পাঞ্জাবি ও কুর্তা, মাথায় আকাশি পাগড়িতে যেন ছড়িয়ে পড়ছিল তাঁর উজ্জ্বল ব্যক্তিত্বের দ্যুতি। সাত বছর হয়ে গেছে ভারতের প্রধানমন্ত্রীর কঠিন দায়িত্ব পালনের। ক্ষমতার শীর্ষে আরোহণের বা বয়সের কোনো গুরুভারই তাঁর ওপর ছায়া ফেলতে পারেনি। কথা বলছিলেন স্পষ্ট উচ্চারণে, বেশ গুছিয়ে। বাংলাদেশের প্রসঙ্গ উঠতেই এই প্রবীণ অর্থনীতিবিদ কিছুটা স্মৃতিকাতর হয়ে পড়লেন।বঙ্গবন্ধুর আমলে ১৯৭২ সালে তিনি কাজ করেছেন বাংলাদেশের পরিকল্পনা কমিশনের সঙ্গে। এরপর ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, অবশেষে প্রধানমন্ত্রী—জীবনের বিভিন্ন সময়ে কোনো না কোনোভাবে যুক্ত থেকেছেন বাংলাদেশের সঙ্গে। এ দেশের মানুষের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করেন তিনি। তাই দুই দেশের চাওয়া-পাওয়ার হিসাবের পাশাপাশি শত শত বছরের ঐতিহ্যবাহী সম্পর্কই তাঁকে বেশি আশাবাদী করে। তিনি মনে করেন, এই সফরে বাংলাদেশের জনগণের প্রতি তাঁর বার্তা হবে এ দেশের মানুষের প্রতি ভারতীয়দের গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন। বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ, সংস্কৃতি, নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের হাতে হাত মিলিয়ে কাজ করার প্রয়াস।২০০৫ সালে সার্ক সম্মেলন উপলক্ষে ঢাকা সফরের সময় প্রথম আলোর সম্পাদককে সাক্ষাৎ কার দিয়েছিলেন মনমোহন সিং। সে সময় দুই দেশের সম্পর্ক নিয়ে তাঁকে আশাবাদী মনে হয়নি। সে কথা স্মরণ করিয়ে দিতেই তিনি আবেগের সঙ্গে যা বললেন, তাতে মনে হলো, দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে, একে একটা স্থায়ী রূপ দিতে তিনি অনেক আশাবাদী। তিনি বলেন, ‘আশা করি, দুই দেশের মধ্যে সম্পর্কে আমরা এমন এক পরিবর্তন আনতে পারব, যা আর কখনো বিপরীত দিকে যাবে না।’ অবশ্য কঠোর বাস্তববাদী মনমোহন এ কথা জানিয়ে দিতেও ভোলেননি যে, ‘সরকারের ওপর অনেক কিছুই নির্ভর করবে।’তবু আশাবাদ জানিয়ে মনমোহন সিং বলেন, ‘আমাদের চেষ্টা হবে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদার করার, যেন রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের ফলে উন্নয়ন ও আমাদের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব না পড়ে।’প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎ কারে মনমোহন সিং কিছু প্রশ্নের লিখিত জবাব দেন (বিস্তারিত সম্পাদকীয় পাতায়)। এর বাইরে সরাসরি আলাপচারিতায় উঠে আসে আরও নানা প্রসঙ্গ। সেসব প্রশ্ন এবং মনমোহন সিংয়ের জবাব হুবহু প্রকাশ করা হলো।প্রথম আলো: ২০০৫ সালে সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আপনি যখন ঢাকায় গিয়েছিলেন, সে সময় আমরা আপনার একটি সাক্ষাৎ কার নিয়েছিলাম, যেটি প্রথম আলোয় প্রথম পৃষ্ঠায় ছাপা হয়েছিল। সে সময় আপনি বলেছিলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের ব্যাপারে আপনি খুব একটা সন্তুষ্ট নন। আপনি বলেছিলেন, দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতি ঘটছে না। এ বিষয়ে এখন আপনার অনুভূতি কী?মনমোহন সিং: আমার মনে হয়, তারপর অনেক কিছুর পরিবর্তন ঘটেছে, বিশেষত ২০১০ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের পর থেকে। ভবিষ্যতে আমাদের দুই দেশের সম্পর্কের কী অগ্রগতি আমরা দেখতে চাই, সে বিষয়ে আমাদের যৌথ স্মারকে এক পথরেখা (রোডম্যাপ) তুলে ধরা হয়েছিল। আমি বলব, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। কিন্তু বর্তমান অবস্থায় সন্তুষ্ট হলে আমাদের চলবে না। দুই দেশ ও দুই জাতির পারস্পরিক মঙ্গল সাধনের লক্ষ্যে একত্রে কাজ করার ঐকান্তিক প্রয়াসকে আমাদের নবায়ন করতে হবে, আরও জোরদার করতে হবে।প্রথম আলো: এই সফরে বাংলাদেশের জনগণের জন্য আপনি কী বার্তা বয়ে নিয়ে যাবেন?মনমোহন সিং: বাংলাদেশের জনগণের প্রতি আমার বার্তা হবে, আমাদের দেশে বাংলাদেশের মানুষের জন্য রয়েছে গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান। বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ, সংস্কৃতি, নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের সম্পর্ক দৃঢ়তর করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার প্রয়াস থাকবে। ২০১০ সালের জানুয়ারিতে আমাদের যৌথ স্মারকে যেমনটি তুলে ধরা হয়েছিল, তার প্রতিটি সম্ভাব্য পথে।প্রথম আলো: ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে আপনি বাংলাদেশ সম্পর্কে কিছু বলেছিলেন। তাতে বাংলাদেশে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। আবার পক্ষেও কিছু মতামত ছিল। বাংলাদেশ সম্পর্কে ওই মন্তব্যটি কি আপনি বিশেষ কোনো পরিস্থিতিতে করেছিলেন?মনমোহন সিং: আমি এ কথাই বলার চেষ্টা করছিলাম যে আমাদের দুই দেশের মধ্যকার সম্পর্ক খুবই ভালো, কিন্তু বিদ্যমান অবস্থা নিয়ে আমার সন্তুষ্ট থাকলে চলবে না; আমাদের ক্রমাগত সম্পর্ক নবায়নের চেষ্টা করে যেতে হবে, আরও জোরালো করার চেষ্টা করে যেতে হবে। ব্যক্তির ক্ষেত্রে যেমন এটা সত্য, দেশের ক্ষেত্রেও তেমনি সত্য। সম্পাদকদের সঙ্গে ওই বৈঠকে আমাদের পক্ষ থেকে আমার প্রধান চিন্তার বিষয় ছিল এই বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা যে আমাদের নিরাপত্তাসংক্রান্ত সমস্যাগুলো মোকাবিলার ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটা উদ্যোগ নিয়েছেন এবং আমি বোঝাতে চেয়েছি যে সম্পর্কোন্নয়নের জন্য আমাদের অবিরাম চেষ্টা চালিয়ে যেতে হবে—এটা বাংলাদেশের জনগণের কাছে আমাদের দায়। ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে বাংলাদেশের জনগণের মনে যদি কোনো ক্ষোভ বা অভিযোগ থেকে থাকে, তাহলে আমাদের অবশ্যকর্তব্য হচ্ছে অমীমাংসিত সমস্ত বিষয়ের সুরাহা করতে তাদের সঙ্গে একত্রে কাজ করা।প্রথম আলো: আপনাদের দিক থেকে নিরাপত্তাসংক্রান্ত বিষয়টি ছিল প্রধান। বাংলাদেশের বর্তমান সরকার এ ক্ষেত্রে অত্যন্ত কঠোর পদক্ষেপ নিয়েছে।মনমোহন সিং: আমাদের সমস্যাগুলোর ব্যাপারে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যে দৃঢ় পদক্ষেপ নিয়েছেন, সে জন্য আমরা তাঁর প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ।প্রথম আলো: কিন্তু আপনি ভালোভাবেই বোঝেন যে বাংলাদেশে রাজনীতির একটা সমস্যা রয়েই গেছে। যখনই সরকার পরিবর্তন হয়, তখন অনেক কিছুই বদলে যায়।মনমোহন সিং: আমি আশা করি, দুই দেশের মধ্যে সম্পর্কে আমরা এমন এক পরিবর্তন আনতে পারব, যা আর কখনো বিপরীত দিকে যাবে না। অবশ্যই সরকারের ওপর অনেক কিছুই নির্ভর করবে, উভয় দেশেই সরকারের গুরুত্ব অনেক বেশি, কিন্তু আমাদের চেষ্টা হবে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদার করার, যেন রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের ফলে উন্নয়ন ও আমাদের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব না পড়ে, যে সম্পর্কের ভিত্তিমূলে থাকবে উভয় দেশের জনগণের পারস্পরিক মঙ্গল।প্রথম আলো: বাংলাদেশে আপনার প্রতি বিশেষ শ্রদ্ধা আছে, আপনার কাছ থেকে প্রত্যাশাও রয়েছে।মনমোহন সিং: এগুলো পারস্পরিক। ভারত ও বাংলাদেশের আছে শত শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক; এই সম্পর্ক প্রোথিত সংস্কৃতিতে, ভাষায়, ধর্মে এবং আমাদের দুই দেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে পরস্পরের রীতিনীতির প্রতি সৌহার্দ্যমূলক স্বীকৃতির মধ্যে।প্রথম আলো: বাংলাদেশ ও ভারতের মধ্যে দৃঢ়, স্থায়ী সুসম্পর্ক চায় বাংলাদেশের জনগণ।মনমোহন সিং: আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি। ১৯৭২ সালের জানুয়ারি মাসে শেখ সাহেব ক্ষমতায় আসার অল্প দিনের মধ্যেই আমি বাংলাদেশে গিয়েছিলাম। বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে, বিশেষ করে সেই সময়কার পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান নূরুল ইসলামের সঙ্গে বসে অর্থনৈতিক ক্ষেত্রে ভারত-বাংলাদেশ সম্পর্ক কেমন হবে, তার একটা রূপরেখা তৈরি করেছিলাম। সেই সময় থেকে ভারত-বাংলাদেশ সম্পর্কোন্নয়নের সঙ্গে আমি ব্যাপকভাবে জড়িত, আমি চেষ্টা করেছি সম্ভাব্য সব উপায়ে দুই দেশের সম্পর্ক জোরদার করতে। আমাদের দুই দেশের ভবিষ্যৎ পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণ ও সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী, প্রসারিত ও গভীর করতে যা কিছু পারি, আমি তার সবই করব। যা কিছু করা প্রয়োজন, সব করব।প্রথম আলো: আপনাকে অনেক ধন্যবাদ।মনমোহন সিং: ধন্যবাদ।আমাদের জন্য নির্ধারিত সময় শেষ। আমাদের কাছ থেকে বিদায় নেন ভারতের প্রধানমন্ত্রী। তাঁর সারা দিনের কর্মসূচি তখনো বাকি।