সম্পর্ক জোরদারে পুরোনো চুক্তি নবায়নে সম্মত শেখ হাসিনা-সুসিলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া অতীতের সব চুক্তি নবায়নে সম্মত হয়েছে। তথ্য ও প্রশিক্ষণ বিনিময়ের মাধ্যমে উভয় দেশ একে অপরকে খাদ্যনিরাপত্তা, বাণিজ্য, বিদ্যুত্, যোগাযোগ ও সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা দিতে সম্মত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেছেন, আজ বুধবার সন্ধ্যায় হোটেল লাগুনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনোর মধ্যকার বৈঠকে উভয় দেশ এ বিষয়ে মতৈক্য পৌঁছে।শেখ হাসিনা বালি ডেমোক্রেসি ফোরামে যোগদানের উদ্দেশে দুই দিনের সফরে আজ বিকেলে সেখানে পৌঁছেন। কাল থেকে এ ফোরাম শুরু হবে।বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সুসিলো বামবাং শেখ হাসিনার ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, গণতন্ত্রের লালন ও উন্নয়নে তাঁর দেশ ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।অভিন্ন উদ্বেগের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশ একযোগে কাজ করে এ ধরনের প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসার পর্যাপ্ত সুযোগ রয়েছে। বামবাং জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে তাঁর দেশের সদস্যদের প্রশিক্ষণদানের জন্য বাংলাদেশের সহায়তা কামনা করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর সরকারের আগ্রহের কথা ব্যক্ত করে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করা ছাড়া কোনো দেশ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে না।শেখ হাসিনা বলেন, তাঁর সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। এর ফলে গত তিন বছরে বাংলাদেশে জঙ্গি ও সন্ত্রাসীরা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড চালাতে পারেনি।শেখ হাসিনা বলেন, বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে দুটি দেশ অভিন্ন মত পোষণ করে এবং জাতিসংঘ, ন্যাম, ডি-৮ ও ওআইসিতে এক সঙ্গে কাজ করছে। তিনি ঢাকা-জাকার্তার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব শেখ এম ওয়াহিদউজ্জামান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, সাংসদ বীর বাহাদুর, নাজমুল হাসান, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বাসস।