বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সহযোগিতা নিবিড় করতে অংশীদারি সংলাপ আয়োজনে সম্মত হয়েছে। মূলত এ সংলাপের আওতায় দ্বিপক্ষীয় সহযোগিতার সব বিষয় নিয়ে দুই দেশ নিয়মিতভাবে বৈঠকে বসবে। গতকাল শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আনুষ্ঠানিক বৈঠক শেষে সংলাপের যৌথ ঘোষণা সই হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন যৌথ ঘোষণায় সই করেন। এ সংলাপের আওতায় এখন থেকে প্রতিবছর পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিব পর্যায়ে দুই দেশ বৈঠকে বসবে। এর মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাসবাদ দমনে দুই দেশ নিরাপত্তা সহযোগিতা জোরদার, বিশেষ করে সন্ত্রাসবাদবিরোধী লড়াই ও সহিংস সংঘাত এবং আন্তরাষ্ট্রীয় সংঘাত নিরসনে সংলাপ আয়োজনে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর আওতায় মাদক, মানবসম্পদ ও অস্ত্র পাচারের বিষয় অন্তর্ভুক্ত থাকবে। বিশ্বশান্তিতে জাতিসংঘের প্রতি সমর্থন ব্যক্ত করে দুই দেশ শান্তি রক্ষা ও শান্তি প্রতিষ্ঠা কার্যক্রমে তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বলে যৌথ ঘোষণায় বলা হয়েছে।ঘোষণায় আরও বলা হয়েছে, দুই দেশের সাধারণ মানুষ, বিশেষ করে শক্তিশালী নাগরিক সমাজকে নিয়ে খাদ্যনিরাপত্তা, মাতৃ ও শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, জলবায়ু পরিবর্তন, গণতন্ত্র শক্তিশালীকরণ, তারুণ্য ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ ব্যাপকতর সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে প্রতিজ্ঞ।বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে বন্ধন সম্প্রসারণ ও আরও গভীর করতেও ইচ্ছা প্রকাশ করা হয় যৌথ ঘোষণায়। এ ক্ষেত্রে শিক্ষা ও সংস্কৃতির বিনিময়, নতুন নতুন উদ্ভাবনে উৎসাহ এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন চিন্তা আনার ওপর জোর দেওয়া হয়। দুই দেশের মানুষের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিকভাবে তথ্য, দক্ষতা জ্ঞান ও প্রযুক্তি আদান-প্রদানে সহায়তা করার অঙ্গীকারও করা হয়।দ্বিপক্ষীয় পর্যালোচনা এবং সম্পর্কের কৌশলগত বিষয় সম্পর্কে নির্দেশনা দেওয়ার জন্য নিয়মিত এবং প্রতিবছর একটি অংশীদারিমূলক সংলাপের ইচ্ছা ব্যক্ত করা হয় যৌথ বিবৃতিতে। দুই দেশের সম্মতিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের রাজধানীতে পর্যায়ক্রমে এ সংলাপ হবে।