চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক মামলার সম্পূরক অভিযোগপত্র কাল বুধবার বিশেষ ট্রাইব্যুনাল-১-এ উপস্থাপন করা হবে। এই ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য পরে একটি তারিখ ধার্য করতে পারেন বলে জানা গেছে। সরকারি কৌঁসুলি (পিপি) জানান, নতুন বিচারক নিয়োগ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত বিচারক অভিযোগপত্র আমলে নিতে পারবেন না।তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গত রোববার বিকেলে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় দুটি পৃথক সম্পূরক অভিযোগপত্র দাখিল করে। এতে বিগত জোট সরকারের মন্ত্রী মতিউর রহমান নিজামী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১১ জনকে নতুন আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।২০০৪ সালের ২ এপ্রিল চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। এ ঘটনায় দুটি মামলা হয়। একটি অস্ত্র আইনে, অন্যটি চোরাচালান আইনের মামলা। আদালত সূত্র জানায়, গতকাল সোমবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম পরেশ চন্দ্র শর্ম্মা সম্পূরক অভিযোগপত্র মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১-এ পাঠিয়ে দেন। কারণ, বিশেষ ক্ষমতা আইনে করা মামলা আমলে নেওয়ার এখতিয়ার কেবল বিশেষ ট্রাইব্যুনালের আছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি কামালউদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় অস্ত্র আইন ও চোরাচালান আইনে দায়ের করা দুটি মামলা বিশেষ ক্ষমতা আইনে করা হয়েছে। এসব মামলা নিষ্পত্তির এখতিয়ার কেবল ট্রাইব্যুনালের। মহানগর দায়রা জজ বিশেষ ট্রাবইব্যুনাল-১-এর বিচারক। ট্রাইব্যুনালে বিচারক পদটি শূন্য রয়েছে। তবে মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত-১ বিচারক ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি সম্পূরক অভিযোগপত্র আমলে নিতে পারবেন না।১০ ট্রাক অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য আনা হয় বলে বিভিন্ন সাক্ষীর বক্তব্যে জানা গেছে। সিআইডি সাড়ে তিন বছর ধরে তদন্ত করে নতুন আরও ১১ জনকে আসামি হিসেবে অভিযোগপত্রভুক্ত করে।