চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সংখ্যালঘু পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এতে সেই বিএনপি নেতা কালিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি ছাড়া নতুন করে আরও সাতজনকে আসামি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার হ্লা চিং প্রু গতকাল সোমবার বাঁশখালীর বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। হ্লা চিং হলেন মামলার অষ্টম তদন্ত কর্মকর্তা। এর আগে আরও সাতজন তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র-প্রতিবেদন দাখিল করলেও বাদী নারাজি আবেদন করেন। সিআইডি সূত্র জানায়, সম্পূরক অভিযোগপত্রে নতুন আসামি হলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান ওরফে আমিন চেয়ারম্যান, খানখানাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান সবুর আহমদ ওরফে মাঝু, রশিদ আহম্মদ ওরফে রশিদ মেম্বার, নুরুন্নবী, মোহাম্মদ ইউনুস, আবুল কালাম ওরফে কালাইয়া, আবদুল নবী ও নূরুল ইসলাম।বাঁশখালী আদালতের জিআরও ও উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সম্পূরক অভিযোগপত্রের ওপর ১৬ জানুয়ারি শুনানি হবে। তদন্ত কর্মকর্তা ৩৯ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেছেন। এতে ৫৭ জনকে সাক্ষী করা হয়েছে।সাত বছর আগে ২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর গ্রামের শীলপাড়ায় একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বিগত চারদলীয় জোট সরকারের প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর চাচাতো ভাই আমিন চেয়ারম্যানের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। বাদী বিমল শীল সম্পূরক অভিযোগপত্রে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমি বাবা, মা, ভাই-বোনসহ নিকটাত্মীয় হারিয়েছি। আমরা অনেকের কাছে গিয়েছি। দীর্ঘদিন এ মামলার সুষ্ঠু তদন্ত হয়নি। সাত বছর পর পুলিশ সুষ্ঠু তদন্ত করে অভিযোগপত্র দিয়েছে।’আদালত সূত্র জানায়, এ মামলার প্রথম্রতদন্ত কর্মকর্তা ক্লারেন্স গোমেজ ৩১ জনকে আসামি করে ২০০৫ সালের ১৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন। বাদী বিমল শীল ওই অভিযোগপত্রের ওপর নারাজি দিলে ২০০৭ সালের ২০ মার্চ মামলাটির তদন্তভার সাতকানিয়া সার্কেলের তৎকালীন সহকারী পুলিশ সুপার (এএসপি) সফিকুর রহমানকে দেওয়া হয়। তিনিও একই আসামিদের অভিযুক্ত করে ২০০৭ সালের ২৭ নভেম্বর বাঁশখালীর আদালতে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর সিআইডির খুরশিদ জামিল তৃতীয় দফা তদন্ত করেন। এভাবে একে একে সাতজন তদন্ত কর্মকর্তা ঘুরেফিরে একই আসামিদের অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দিয়েছিলেন। আদালত সূত্র জানায়, কিছুদিন আগে ইউনুস নামের এক যুবক বহদ্দারহাট এলাকায় গ্রেপ্তার হন। ওই যুবক ১১টি খুনের মূল হোতা হিসেবে আমিন চেয়ারম্যানের নাম বলেন। ইউনুসের ওই বক্তব্যের অডিও রেকর্ড আছে। সম্প্রতি ওই রেকর্ডটি উদ্ধার করে সিআইডি আমিন চেয়ারম্যানসহ আটজনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেন।