সম্পূরক অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আসমা কিবরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্রের বিরুদ্ধে আপত্তি ও নারাজি আবেদন করেছেন তাঁর স্ত্রী আসমা কিবরিয়া। আসমা কিবরিয়ার আইনজীবী আলমগীর ভূঁইয়া বাবুল ও ত্রিলোক কান্তি চৌধুরী গতকাল মঙ্গলবার হবিগঞ্জের আমলি আদালত-১-এ নারাজি আবেদন দাখিল করেন। শুনানি শেষে বিচারক রাজিব কুমার বিশ্বাস বলেন, এ মামলার মূল নথি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে রয়েছে। তাই আবেদনটি মূল নথির সঙ্গে যুক্ত করতে আদালতের মাধ্যমে সিলেটে পাঠানো হবে।২০ জুন কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র জমা দেয় সিআইডি। তাতে বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নানসহ ১৪ জনকে আসামি করা হয়। আসমা কিবরিয়ার নারাজি আবেদনে বলা হয়, মামলার বর্তমান তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম অভিযোগপত্রে উল্লেখ করেছেন, বিভিন্ন চাঞ্চল্যকর মামলার সাক্ষী মেজর জেনারেল (অব.) সাদেক হাসান রুমিসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের বক্তব্য পর্যালোচনা ও কোনো কোনো আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মামলার সূত্র পেয়েছেন। কিন্তু তা যথাযথ মূল্যায়ন না করে, কেবল একজনকে অর্থাৎ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরকে আসামি করা হয়েছে, তা আবেদনকারীর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না।এ ছাড়া আসমা কিবরিয়ার দাবি, তাঁর ও তাঁর ছেলের কোনো জবানবন্দি নেওয়া হয়নি। কিবরিয়া পরিবারের কাউকে সাক্ষীও করা হয়নি এ মামলায়। নারাজি আবেদনে বলা হয়, সম্পূরক অভিযোগপত্রে বলা হয়েছে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরসহ চারদলীয় জোট সরকারের অন্যান্য মন্ত্রী ও নেতা-কর্মীর পরস্পর যোগসাজশে হরকাতুল জিহাদের জঙ্গিরা ঢাকায় ২১ আগস্ট গ্রেনেড হামলা, সিলেটে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ও সুরঞ্জিত সেনগুপ্তের ওপর হামলা করে। এরই ধারাবাহিকতায় শাহ এ এম এস কিবরিয়ার ওপর হামলা হয়। কিন্তু অভিযোগপত্রে বাবর ছাড়া বিএনপি সরকারের আর কারও নাম নেই। এ হত্যাকাণ্ডের বিষয়ে অনেক তথ্য সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। সে সব তথ্যের ভিত্তিতে অনেকের নাম সম্পূরক অভিযোগপত্রে আসেনি, যা আবেদনকারীকে ব্যথিত করেছে।এ ছাড়া ঘটনার সময় হবিগঞ্জের জেলা প্রশাসক এমদাদুল হক তৎকালীন তদন্তকারীদের প্রভাবিত করেছেন বলে অভিযোগ করে নারাজি আবেদনে বলা হয়, এমদাদুল হককে জিজ্ঞাসাবাদ করা হয়নি। তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে অনেক তথ্য প্রকাশিত হবে বলে আসমা কিবরিয়ার দৃঢ় বিশ্বাস। জানতে চাইলে সাবেক জেলা প্রশাসক ও বর্তমানে উপসচিব এমদাদুল হক তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, শুরু থেকে কিবরিয়া পরিবার তাঁর বিরুদ্ধে গণমাধ্যমে নানা অসত্য অভিযোগ করে আসছে, যার কোনো ভিত্তি নেই। সরকারি কর্মকর্তা হওয়ায় তাঁর পক্ষে সেসব অভিযোগের জবাব দেওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, তাঁকে সিআইডি দাপ্তরিক চিঠি দিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।আসমা কিবরিয়ার আইনজীবী ত্রিলোক কান্তি চৌধুরী বলেন, সম্পূরক অভিযোগপত্র অসম্পূর্ণ। এতে ২১৮ দণ্ডবিধির যে ধারা উল্লেখ করা হয়েছে, তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) ধারা। এমন অনেক দুর্বল দিক রয়েছে।