সম্পূরক আভিযোগপত্রে তারেক, বাবর, মুজাহিদসহ ৩০ নতুন আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সম্পূরক অভিযোগপত্র আজ রোববার আদালতে জমা দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই অভিযোগপত্রে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩০ জনকে নতুন আসামি দেখানো হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সিআইডি সম্পূরক অভিযোগপত্রটি পেশ করে।উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সভানেত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় ২২ জন নিহত হন। আহত হন কয়েক শ ব্যক্তি।পুলিশ এই হামলার ঘটনা তদন্ত করে ২০০৮ সালের ১১ জুন প্রথম অভিযোগপত্র দেয়। এতে মুফতি হান্নানসহ ২২ জনকে অভিযুক্ত করা হয়েছিল। পরে আদালতের অনুমতি নিয়ে এই মামলার অধিকতর তদন্তের দায়িত্ব পায় সিআইডি। ২০০৯ সালের ১৩ আগস্ট তদন্ত শুরু করে এবং আজকের অভিযোগপত্র জমা দেওয়ার মাধ্যমে তদন্তকাজটির সমাপ্তি ঘটল। তদন্তের নেতৃত্ব দেন সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ।সম্পূরক অভিযোগপত্রে তারেক রহমান ছাড়াও রাজনীতিকদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, বিএনপির নেতা হারিছ চৌধুরী, বিএনপির সাংসদ শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও বিএনপির নেতা ও ঢাকার ওয়ার্ড কমিশনার মো. আরিফুল রহমানকে আসামি করা হয়েছে। প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়ার একান্ত সচিব সাইফুল ইসলাম ওরফে ডিউকও এ মামলার আসামি।সম্পূরক অভিযোগপত্রে শীর্ষ পর্যায়ের চারজন সাবেক গোয়েন্দা কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। তাঁরা হলেন গ্রেনেড হামলার সময় এনএসআইয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, ডিজিএফআইয়ের তৎকালীন পরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার, মেজর জেনারেল (অব.) এ টি এম আমিন ও লে. কর্নেল (বরখাস্ত) সাইফুল ইসলাম জোয়ার্দার।পুলিশের সাবেক তিন মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকস চৌধুরী, শহুদুল হক ও আশরাফুল হুদা, অতিরিক্ত ডিআইজি খান সাইদ হাসান, পুলিশ সুপার ওবায়দুর রহমান, চারদলীয় জোট সরকারের আমলে এই মামলার দুই তদন্ত কর্মকর্তা সিআইডির এএসপি আবদুর রশিদ ও মুন্সি আতিকুর রহমান, তৎকালীন তদন্তের তদারক কর্মকর্তা অবসরপ্রাপ্ত পুলিশ সুপার রুহুল আমিনও এ মামলার আসামি।এ ছাড়া হানিফ পরিবহনের মালিক মো. হানিফ এবং হরকাতুল জিহাদের (হুজি) নেতা মাওলানা আবদুস সালাম, আবদুল মালেক, মুফতি আবদুর রউফ, মাওলানা সাব্বির, শেখ ফরিদ, মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই, রাতুল বাবু ও কাশ্মীরি জঙ্গি আবু ইউসুফ বাট ওরফে মজিদ বাটও এ মামলার আসামি।এই ৩০ আসামির মধ্যে ১১ জন গ্রেপ্তার আছেন। আরিফুর রহমান জামিনে মুক্ত। বাকি ১৯ জনকে অভিযোগপত্রে পলাতক দেখানো হয়েছে।