সম্পূরক বাজেট পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতির ক্ষেত্রে অনুসৃত নীতি সঠিক ছিল। যে কারণে চলতি ২০১১-১২ অর্থবছরের প্রবৃদ্ধি এপ্রিল পর্যন্ত ৬ দশমিক ৩ শতাংশ হয়েছে এবং জুন হিসাবে তা আরও কিছুটা বেড়ে ৭-এর কাছাকাছি হবে।জাতীয় সংসদে গতকাল সোমবার সম্পূরক বাজেট উত্থাপনের প্রাক্কালে এ দাবি করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি সরকারের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের অর্থনীতির খাতের বিভিন্ন সমালোচনার জবাবে এ তথ্য জানান সংসদকে।সংসদে গতকাল সংশোধিত বাজেটের জন্য সম্পূরক অর্থায়ন প্রস্তাবগুলো নির্দিষ্টকরণ বিলের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন। বিরোধী দল বিএনপি অনুপস্থিত থাকে।অর্থমন্ত্রী আরও বলেন, ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে মহা হইচই। অর্থনীতিতে যে অগ্রগতি হয়েছে তা অসম্ভব ছিল। এর আগে রাশেদ খান মেননের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘রেন্টালের জন্য বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখা হয়েছে। আমি এ কথা অস্বীকার করি। ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখা হয়েছে গ্যাসের কারণে।’রাশেদ খান মেনন বলেন, ২২টি মন্ত্রণালয় ও বিভাগের সম্পূরক বাজেট দেওয়া হয়েছে। এর ৭৯ ভাগই তিনটি মন্ত্রণালয়ের। তিনি বলেন, রেলের বাজেট বাড়াতে হবে। এর সঙ্গে তিনি একমত। কিন্তু সুরঞ্জিত সেনগুপ্ত রেলপথ মন্ত্রী থাকাকালে কালো বিড়াল থাকার কথা বলেছিলেন। এখনো কালো বিড়াল আছে। এই বিড়াল তাড়াতে হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ঘরের মধ্যে কালো বিড়াল পুষলে আঁচড়ে দেবেই। অর্থমন্ত্রীর সমালোচনা করে রাশেদ খান মেনন বলেন, মনে হচ্ছে অর্থনীতি পরিচালনায় অর্থমন্ত্রী সতর্ক নন। তাঁর কথাবার্তা অনেক সময় অযাচিত সমস্যার সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে শেয়ারবাজার কিছুটা স্বাভাবিক হলেও বিনিয়োগকারীদের আস্থা আজও ফিরে আসেনি। ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সমালোচনা করে মেনন বলেন, ‘যাঁরা এ ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করছেন তাঁদের দেশদ্রোহী বলেছেন বিদ্যুৎ উপদেষ্টা। আমি অজ্ঞ-জ্ঞানপাপী বা দেশদ্রোহী যা-ই হই না কেন, একটা কথা সত্য যে উপদেষ্টাদের কোনো জবাবদিহি করতে হয় না। তাঁদের লেজ অন্য কোথাও বাঁধা। দেশ উপদেষ্টাশাসিত সরকারব্যবস্থায় চলে না। দেশ চলছে সংসদীয় গণতন্ত্রের ওপর ভিত্তি করে। মুক্তিযুদ্ধ করলেই যদি দেশপ্রেমিক হওয়া যেত, তাহলে খন্দকার মোশতাকই সবচেয়ে বড় দেশপ্রেমিক হতেন। দেশপ্রেমিক হতে হলে প্রতিমুহূর্তে দেশপ্রেমিক থাকতে হয়।রাশেদ খান মেনন অর্থমন্ত্রীর সমালোচনা করলেও এর পাল্টা জবাব দেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। মহাজোটের অংশীদার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাংসদ রাশেদ খান মেননের একটি বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, ‘উপদেষ্টারা সংসদ সদস্য নন। তাঁদের নিয়ে সংসদে কিছু বললে তাঁরা ডিফেন্ড করতে পারবেন না। আর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী একজন বীর প্রতীক। তাঁকে কথায় কথায় খন্দকার মোশতাকের কাতারে নিয়ে আসা ঠিক নয়।’স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে অর্থনীতির নানা ক্ষেত্রের সমালোচনা করেন। তিনি সুরঞ্জিত সেনগুপ্তকে ইঙ্গিত করে বলেন, সরকারি দলের একজন সদস্য বলেছিলেন সিউলে রেসে দৌড়ে নাকি একজন মন্ত্রী হয়েছিলেন। এখন দেখছি যাঁরা মন্ত্রিত্ব হারিয়েছেন, তাঁরাও রেসে আছেন। যদি লাইগা যায়?সংশোধিত বাজেট: গতকাল চলতি ২০১১-১২ অর্থবছরের এক লাখ ৬১ হাজার ২১৩ কোটি টাকার সংশোধিত বাজেট অনুমোদন করে জাতীয় সংসদ। চলতি বছরের মূল বাজেট ছিল এক লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকা।তবে চলতি বছরের বাজেটে ২২টি মন্ত্রণালয় অধিক খরচ করায় মোট আট হাজার ৮৮০ কোটি ৪৭ লাখ ২৯ হাজার টাকার সম্পূরক বাজেট নির্দিষ্টকরণ বিল আকারে উত্থাপন করা হলে সংসদ তা অনুমোদন করে।২২টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য সম্পূরক অর্থায়ন চেয়ে সংসদে দাবি প্রস্তাব উত্থাপন করা হয়। এর বিপরীতে বিরোধী দল বিএনপি ও স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের ২০ দাবিতে ছাঁটাই, মিতব্যয়ী, নীতি অনুমোদন ও প্রতীক ছাঁটাই প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। বিএনপি সংসদে না থাকায় তাদের প্রস্তাবগুলো উত্থাপিত হয়নি। ফজলুল আজিম তাঁর কয়েকটি ছাঁটাই প্রস্তাব উত্থাপনের সুযোগ পান।