সম্পূর্ণ স্বাধীন থাকবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের এই দিনে (১২ ডিসেম্বর) চোখে চোখ রেখে কথা বলেছিল যুক্তরাষ্ট্র ও ভারত। ওপরে চলছিল ভারতের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে প্রস্তাব আনার তোড়জোড় আর ভেতরে চলছিল ভারতের কাছ থেকে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার আদায়ের কূটনীতি। দুটি প্রশ্ন: ভারত কি আজাদ কাশ্মীর দখল করবে? পূর্ব পাকিস্তান নিয়ে তাদের পরিকল্পনা কী? অবমুক্ত করা একাত্তরের গোপনীয় মার্কিন দলিলপত্র থেকে এ তথ্য মিলেছে।ইসলামাবাদে মুখোমুখি ইয়াহিয়া ও মার্কিন রাষ্ট্রদূত যোসেফ ফারল্যান্ড। ওয়াশিংটনে মুখোমুখি আন্ডার সেক্রেটারি আরউইন ও ভারতের রাষ্ট্রদূত এল কে ঝা। ইয়াহিয়া বিমর্ষ, তবে যতটা বিমর্ষ হওয়ার কথা ততটা নয়, লক্ষ করেন ফারল্যান্ড। পরাজয় মেনে নেওয়ার ছাপ তাঁর কথায়। আরউইনের কথায়ও ইয়াহিয়ার সুর। পূর্ব পাকিস্তানের পর্দা পড়েছে। এখন ভারতের হাত থেকে পশ্চিম পাকিস্তানকে বাঁচাতে হবে। ১২ ডিসেম্বর হোয়াইট হাউস এক বিবৃতিতে বলে যে, গত ৭ ডিসেম্বর যুদ্ধ বন্ধে সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাব পাকিস্তান মানলেও ভারত মানছে না। বিশ্বশান্তির প্রতি ভারতের এই ‘অবাধ্যতার’ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তাই এই ইস্যুটি নিরাপত্তা পরিষদে ফিরিয়ে নিচ্ছে। নিক্সনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী রজার্স এয়ারফোর্স ওয়ানে ছিলেন। সেখানে তাঁকে জানানো হলো, পাক-ভারত পরিস্থিতি বিবেচনা করতে যুক্তরাষ্ট্র সরকার আজই (১২ ডিসেম্বর) দুপুরে অতীব জরুরি ভিত্তিতে নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করছে। যুক্তরাষ্ট্র এদিন তাকে নিরাপত্তা পরিষদে সমর্থন দিতে ব্রিটেন, ইতালি, ফ্রান্স, জাপানসহ ১০টি দেশের পররাষ্ট্রমন্ত্রী কিংবা সরকারপ্রধানের কাছে তার অনুরোধ পৌঁছাতে তাদের দূতাবাসগুলোকে নির্দেশ দিয়েছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এ-সংক্রান্ত একটি বার্তার খসড়ায় এটা পরিষ্কার হয়ে উঠেছিল যে, বাংলাদেশের স্বাধীনতার বাস্তবতা মেনে নিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। এখন তাদের একটাই চিন্তা, কী করে পশ্চিম পাকিস্তানকে বাঁচানো যায়। ভারত যেন আজাদ কাশ্মীর না নিতে পারে। ওই ১০ দেশকে বলার জন্য ১২ ডিসেম্বর তৈরি করা ওই মার্কিন অবস্থানপত্রে বলা হয়, ‘পূর্ব পাকিস্তানে আরও যুদ্ধ চালিয়ে নেওয়া অর্থহীন। কারণ, এর রাজনৈতিক ভবিষ্যৎ সবার কাছে স্পষ্ট হয়ে গেছে। কিন্তু এখন ভারতকে যুদ্ধ চালাতে দিলে তারা পশ্চিম পাকিস্তানও ভাঙতে পারে।’ যুক্তরাষ্ট্র বলে, ‘আমরা উদ্বিগ্ন, ভারত এখন পশ্চিম পাকিস্তানের সশস্ত্র বাহিনীকেও ধ্বংস করে ফেলে কি না। এটা ঘটলে গোটা এলাকা আরও বেশি ভারসাম্যহীন হয়ে পড়েবে।’ ঝা-এর ঝাঁজ: একাত্তরের এই দিনে ওয়াশিংটনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত এল কে ঝা নিজেই ফোন করে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আসেন। তাঁর সঙ্গে ভারতীয় দূতাবাসের মিনিস্টার রাসগোত্রা ও ভার্মা। ঝা আন্ডার সেক্রেটারি আরউইনকে বলেন, ‘আমি নির্দিষ্ট করে বলতে পারি, বাংলাদেশ যাতে ভারত থেকে সম্পূর্ণ স্বাধীন থাকে, তা দেখতে ভারত সরকার অপেক্ষার প্রহর গুনবে।’ ঝা বলেন, ‘শুরু থেকে এ পর্যন্ত ভারত কখনো পাকিস্তানের কোনো অংশ দখল করতে চায়নি। মার্কিন আন্ডার সেক্রেটারি এর আগে আমাদের সঙ্গে আজাদ কাশ্মীর নিয়ে কথা বলেছেন। কাশ্মীর পুরোটাই ভারতের। এর যতটুকুই পাকিস্তানের নিয়ন্ত্রণে আছে, তা অবৈধ। তবে তাই বলে শক্তি প্রয়োগ করে বর্তমান অবস্থার কোনো পরিবর্তন ঘটাতেও ভারত চায় না; বরং আমরা প্রমাণ দিতে পারি, পাকিস্তানই ভারতের আরও ভূখণ্ড গিলতে চাইছে।’ আন্ডার সেক্রেটারি আরইউন এ সময় বলেন, ‘পাকিস্তান তো বারবার যুদ্ধবিরতি ও স্থিতাবস্থা চাইছে। এখন ভারত যদি আজাদ কাশ্মীরে কোনো ধরনের সীমান্তরেখা বা ভূখণ্ডগত কোনো পরিবর্তন ঘটানোর কোনো ধরনের উদ্যোগ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র সরকারের কাছে তা গ্রহণযোগ্য হবে না।’ তখন ঝা পাল্টা প্রশ্ন করেন, ‘পাকিস্তান যদি ভারতের সীমান্ত বদলাতে চায়, তাহলে যুক্তরাষ্ট্র একই ধরনের অবস্থান নেবে কি না?’ আন্ডার সেক্রেটারি বলেন, তিনি বিদ্যমান পরিস্থিতি নিয়ে কথা বলছেন এবং হাইপোথেটিক্যাল বিষয় নিয়ে কথা বলতে আগ্রহী নন। সাধারণভাবে বলা যায়, ‘আমরা স্থিতাবস্থা চাইছি এবং দেখতে চাইছি যে, উভয় পক্ষ সেনা প্রত্যাহার করেছে। কোনো দেশ কারও ভূখণ্ড দখল করে রাখুক, আমরা তা দেখতে চাই না।’ ঝা বলেন, ‘আমি আশা করি, আন্ডার সেক্রেটারি বুঝতে পারছেন যে, আমি কোনো অনুমাননির্ভর কথা বলছি না। ভারতকে এই প্রশ্নের মুখে ঠেলে দেওয়া হয়েছে। এখন মনে হচ্ছে, ভারত যদি পাকিস্তানি ভূখণ্ড দখল করে, তাহলে তার নির্দিষ্ট উত্তর মার্কিন সরকারের কাছে থাকলেও পাকিস্তান যদি ভারতের ভূখণ্ড দখল করে নেয়, তাহলে তার নির্দিষ্ট উত্তর যুক্তরাষ্ট্রের কাছে নেই।’ পূর্ব পাকিস্তানের ওপর ভারতের ভবিষ্যৎ নিয়ন্ত্রণের প্রশ্নে আরউইনের সই করা দলিলে বলা আছে, ‘ঝা বলেছেন, বাংলাদেশ যখন একবার নিজের যোগ্যতায় জাতিসংঘের সদস্যরাষ্ট্র হয়ে যাবে, তখন ভারত তাকে নিয়ন্ত্রণ করবে না। বাংলাদেশ ভারতের করদরাজ্য হোক, তা ভারত সরকার চায় না। এমনকি তাকে নিয়ন্ত্রণের কথা যাতে না ওঠে, সে বিষয়ে ভারত সজাগ থাকবে।’ কল্পকাহিনি: ওয়াশিংটনে ঝা-আরউইন ওপরে উল্লেখিত আলোচনার শেষ পর্যায়ে আরউইন বলেন, ‘পাকিস্তান দূতাবাস টেলিফোন করে ইসলামাবাদ থেকে প্রাপ্ত একটি বার্তা আমাদের অবহিত করেছে। ভারতীয় সেনারা একজন পাকিস্তানি কর্মকর্তাকে অপহরণ করে নিয়ে গিয়ে আবার ফেরত দিয়েছে। ভারতীয় সামরিক বাহিনীর দ্বারা বেষ্টিত কুমিল্লা সেনানিবাসে তাঁকে ফেরত দেওয়া হয়।’ ভারতীয়রা তাঁকে বলেছেন, ‘যদি পাকিস্তানের সব সেনা আত্মসমর্পণ না করে, তাহলে তাদের নির্বিচারে হত্যার জন্য মুক্তিবাহিনীর কাছে ছেড়ে দেওয়া হবে। এ ঘটনাকে জেনেভা কনভেনশনের লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে পাকিস্তান দূতাবাস তা আমাদের নজরে এনেছে।’ ঝা বলেন, তিনি নিশ্চিত করছেন যে, এটা সম্পর্ণূরূপে একটা কল্পকাহিনি। ভারতের সেনাপ্রধান প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে, পাকিস্তানি সেনাদের পুরোপুরি মানবিক মর্যাদা দেওয়া হবে। নিউইয়র্কে গতকাল (১১ ডিসেম্বর ’৭১) ভারতের পররাষ্ট্রমন্ত্রী শরণ সিং এ নিয়ে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গেও আলোচনা করেছেন।