সম্প্রচার নীতিমালার খসড়া গণমাধ্যম-বান্ধব নয়, ফেরত পাঠিয়েছে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি রেডিও ও টেলিভিশনের জন্য তৈরি করা সরকারের খসড়া সম্প্রচার নীতিমালা গণমাধ্যম-বান্ধব নয় বলে মত দিয়েছে তথ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি খসড়া নীতিমালাটি মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছে। একই সঙ্গে সংবিধানে গণমাধ্যমের যে স্বাধীনতার কথা বলা আছে, তার সঙ্গে সংগতি রেখে নতুন নীতিমালা তৈরির সুপারিশ করেছে।গতকাল বৃহস্পতিবার সংসদ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি ওবায়দুল কাদের প্রথম আলোকে জানান, কমিটি সংবিধান ও তথ্য অধিকার আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিমার্জিত একটি নীতিমালা তৈরির সুপারিশ করেছে। নীতিমালা চূড়ান্ত করার আগে এ বিষয়ে বেসরকারি রেডিও ও টেলিভিশনের মালিকপক্ষ এবং বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে বলা হয়েছে। একই সঙ্গে বিবিসিসহ বিশ্বের অন্যান্য উন্নত দেশের সম্প্রচার নীতিমালা পর্যালোচনার কথা বলা হয়েছে।ওবায়দুল কাদের বলেন, ‘আমরা গণমাধ্যম-বান্ধব একটি নীতিমালা চাই। গণমাধ্যমের জন্য হুমকি হবে, এমন কোনো নীতিমালা চাই না। আবার এমন নীতিমালাও চাই না, যাতে গণমাধ্যমের স্বেচ্ছাচারী হওয়ার সুযোগ থাকবে। তাই নীতিমালাটি চূড়ান্ত করার আগে জনমত যাচাইয়ের প্রয়োজন আছে। সে জন্য কমিটি খসড়াটি তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের সুপারিশ করেছে।’ তিনি আরও বলেন, তথ্য মন্ত্রণালয় একতরফাভাবে এ নীতিমালা তৈরি করেছে।বেসরকারি রেডিও ও টেলিভিশনের খসড়া সম্প্রচার নীতিমালা গত ৩০ জুন তথ্য মন্ত্রণালয় থেকে যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এরই মধ্যে এই নীতিমালা নিয়ে গণমাধ্যম ও বিশেষজ্ঞ মহলে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা বলেন, নীতিমালাটি নিয়ন্ত্রণমূলক ও উদ্বেগজনক। এটি অনুমোদন হওয়ার আগে সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন।খসড়া এই নীতিমালায় বেসরকারি রেডিও ও টেলিভিশনের অনুষ্ঠান প্রচারের ওপর ৪৪টি এবং বিজ্ঞাপন প্রচারের জন্য ৬৩টি শর্ত রয়েছে। বলা হয়েছে, রেডিও বা টেলিভিশনে সরাসরি বা বিজ্ঞাপনের মাধ্যমে কোনো রাজনৈতিক দলের বক্তব্য প্রচার করা যাবে না। কটাক্ষ করা যাবে না কোনো জাতীয় চরিত্রের প্রতি। প্রশংসা করা যাবে না অযোগ্য ব্যক্তির। শর্তের যেকোনো একটি ভঙ্গ করলে সংশ্লিষ্ট রেডিও বা টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেওয়ার ক্ষমতা সরকারের রয়েছে।কমিটি বাংলাদেশ বেতারের শিল্পী-সম্মানী নতুন করে নির্ধারণের সুপারিশ করেছে। বিদ্যমান নীতিমালা অনুযায়ী একটি ক্যাটাগরিতে একজন শিল্পীর সারা দিনের সম্মানী ১৭০ টাকা। একজন অনুবাদকের সারা দিনের সম্মানী ২২৭ টাকা ৫০ পয়সা। ওবায়দুল কাদের বলেন, এটি সম্মানী নয়, অসম্মানী ভাতা। তাই কমিটি ১৭০ টাকাকে ন্যূনতম ৫০০ টাকা করার সুপারিশ করেছে। তিনি আরও বলেন, বিটিভির টক শোতে রাজনৈতিক ব্যক্তিত্বরাও অংশ নেন। অথচ তাঁদের সম্মানী দেওয়া হয় শিল্পী হিসেবে। এটি গ্রহণযোগ্য নয়। তাই কমিটি সম্মানীর জন্য নতুন করে নীতিমালা তৈরির সুপারিশ করেছে।ওবায়দুল কাদেরের সভাপতিত্বে গতকালের বৈঠকে কমিটির সদস্য ও তথ্যমন্ত্রী আবুল কামাল আজাদ, শাহিন মনোয়ারা হক ও সুকুমার রঞ্জন ঘোষ অংশ নেন।