সম্প্রচার বন্ধের বৈধতা চ্যালেঞ্জ রিটের শুনানি রোববার পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটির শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি করেন। গত ২৭ এপ্রিল সন্ধ্যায় বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চ্যানেলটির তরঙ্গ, আর্থ স্টেশন ও সম্প্রচারের যন্ত্রপাতি ব্যবহারের অনুমতি বাতিল করে। এরই বৈধতা চ্যালেঞ্জ করে চ্যানেল ওয়ান পরিচালনাকারী প্রতিষ্ঠান ওয়ান এন্টারটেইনমেন্ট লিমিটেডের পরিচালক মাজিদুল ইসলাম বাদী হয়ে গত সোমবার রিটটি দায়ের করেন।রিট আবেদনকারী পক্ষের আইনজীবী আহসানুল করিম প্রথম আলোকে বলেন, তরঙ্গ বরাদ্দ বাতিল ও সম্প্রচার বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। এতে সম্প্রচার বন্ধের নোটিশ অবৈধ ঘোষণা চাওয়া হয়েছে। শুনানির জন্য রিটটি উপস্থাপন করা হলে আদালত আগামী রোববার পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করেন। রিটে বলা হয়, গত ২৭ এপ্রিল চ্যানেলটির তরঙ্গ বরাদ্দ ও সম্প্রচার বন্ধ করা হয়। অনাপত্তিপত্রের পর চ্যানেলটিকে চূড়ান্ত লাইসেন্স দেওয়া হয়। চ্যানেলটির যন্ত্রপাতি হস্তান্তর করা যাবে না, তা লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বলা হয়নি। এ ছাড়া তরঙ্গ বরাদ্দ বাতিলের আগে কারণ দর্শনোর জন্য কোন নোটিশ দেওয়া হয়নি। এটি বিটিআরসি আইনের ৪৬ ধারার লঙ্ঘন।