সম্প্রচাররত অবস্থায় রেডিও সাংবাদিকের গায়ে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিভিয়ায় অনুষ্ঠান সম্প্রচার করার সময় এক রেডিও সাংবাদিকের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ইয়াকুইবা শহরে অবস্থিত রেডিও পপুলার-এর স্টুডিওতে এই হামলা হয়। খবর বিবিসির। রেডিও পপুলারের কর্মকর্তারা জানান, চারজন মুখোশধারী ব্যক্তি হুট করে সম্প্রচারকেন্দ্রে ঢুকে উপস্থাপক ফারনান্দো ভিদালের (৭৮) গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে স্টুডিওর যন্ত্রকারিগর (টেকনিশিয়ান) কারেন আনজাও আহত হন। আক্রমণকারীরা ককটেল ছুড়েছিল বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ভিদালের জামাতা ইস্তেবান ফারফান জানান, এই হামলায় ভিদালের মুখ, হাত ও বাহু পুড়ে গেছে। ভিদাল ও কারেন আনজাকে চিকিত্সা দেওয়া হচ্ছে। ভিদালের স্বজনেরা জানিয়েছেন, তিনি কয়েক দিন ধরে সীমান্তে পাচারের ওপর প্রতিবেদন করছিলেন। এ সময়ে তাঁর ওপর এই আক্রমণ। তাঁরা আরও জানান, ভিদাল প্রাদেশিক সরকারের কঠোর সমালোচক এবং বিভিন্ন সমালোচনা রেডিওতে সম্প্রচার করেছেন। তাঁরা মনে করেন, এই হামলার পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে।পুলিশ এ হামলার সম্ভাব্য কারণ সম্পর্কে কোনো মন্তব্য করেনি। তবে এ হামলার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।