সম্ভাবনা জাগিয়েও পরাজয়ই প্রাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে একটা ম্যাচ হলো!ম্যাচ না এর আগে আরও তিনটি হয়েছে! তা হয়েছে, তবে নামেই ম্যাচ। খেলার অর্ধেক যেতে না-যেতেই চাইলে পুরস্কার বিতরণী সেরে ফেলা যায়, এসব কি ম্যাচ নাকি!হ্যামিল্টনে টি-টোয়েন্টির পর নেপিয়ার-ডানেডিনে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেও নিঃসহায় আত্মসমর্পণ! বাংলাদেশ হারুক ঠিক আছে, তাই বলে এভাবে! নিউজিল্যান্ডের গায়ে একটুও প্রতিদ্বন্দ্বিতার আঁচ না লাগিয়েই!ক্রাইস্টচার্চে শেষ ওয়ানডেতে বিপর্যস্ত-বিধ্বস্ত-জবুথবু বাংলাদেশ দল জেগে ওঠায় সেই আঁচ লাগল। সফরে এই প্রথম ম্যাচের মতো একটা ম্যাচ। সাকিব আল হাসানের তো খুশিই হওয়া উচিত। উল্টো বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে তীব্র আক্ষেপ, ‘ধেত্, ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল।’৩১ বল বাকি থাকতে ৩ উইকেটে পরাজয়—এর পরও এমন আক্ষেপ! বাড়াবাড়ি মনে হচ্ছে? তাহলে আপনি খেলা দেখেননি। এই ম্যাচটা আসলেই জিততে পারত বাংলাদেশ। কেন পারেনি—সেই কারণ অনুসন্ধানে কোনো তদন্ত কমিটিও লাগছে না। বাংলাদেশের ইনিংসের শেষ ১০ ওভারের দিকে তাকালেই চলছে।ওয়ানডেতে বহু পুরোনো একটা নিয়ম আছে। হাতে উইকেট থাকলে ৩০ ওভারের স্কোর ৫০ ওভারে দ্বিগুণ করে ফেলা যায়। ব্যাটিং পাওয়ার প্লের জমানায় দ্বিগুণের বদলে বলা উচিত ‘দ্বিগুণেরও বেশি’। কাল ৩০ ওভার শেষে বাংলাদেশ ৩ উইকেটে ১৪১। অন্তত ২৮০ তো তা হলে হচ্ছেই। হলো ২৪১। শেষ ১০ ওভারে যে মাত্র ৪৩!নিজেদের ইচ্ছেমতো সময়ে প্রতিপক্ষের হাত-পা বেঁধে দেওয়ার ব্যাটিং পাওয়ার প্লের ৫ ওভারে মাত্র ৩২ রানই নিউজিল্যান্ডের গলায় চেপে বসা ফাঁসটা আলগা করে দিল। এই একটা দলের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং বরাবরই তাসের ঘর। আগের ১৬ ম্যাচে দুই শ পেরোনো স্কোর মাত্র দুটি (২০২/৩ ও ২০১)। এমনিতে ২৪১ তাই খুশি হওয়ার মতোই স্কোর। কিন্তু ২৮০ সম্ভব ইনিংসে ২৪১ তো আক্ষেপের নাম।শেষটুকু বাদ দিলে বাংলাদেশের ব্যাটিং অনেক চাওয়া মেটাল কাল। সিরিজে এই প্রথম ইনিংসের মাঝখানে বলার মতো পার্টনারশিপ—তৃতীয় ও চতুর্থ উইকেটে ৫৮ ও ৮৪। এই প্রথম নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি। সেই সেঞ্চুরিটি এল যাঁর ব্যাট থেকে, তাঁর কাছেই বোধহয় এটির আশা ছিল সবচেয়ে কম। শেষ ১০ ওভারে অমন গুবলেট করে না ফেললে ইমরুল কায়েসের ১৩৮ বলে ১০১ কাল ম্যাচ জেতানো ইনিংস হয়ে যায়।হয়ে যেতে পারত ২৪১ করার পরও। যদি বাংলাদেশ দলে আরেকজন সাকিব থাকতেন! ক্রাইস্টচার্চে খেলা হলো বাইরে থেকে তৈরি করে মাঠের মাঝখানে বসিয়ে দেওয়া উইকেটে। নিউজিল্যান্ডে এসে এই প্রথমবারের মতো উইকেট থেকে একটু টার্ন মিলল। তাতেই দুর্বার সাকিব। ৩৩ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার-সেরা বোলিং (আগের সেরা ৩/৮, বিপক্ষ জিম্বাবুয়ে, ২০০৯)। ভেট্টোরি পর্যন্ত যাতে মুগ্ধ। ৫ ওভারের প্রথম স্পেলে সাকিবের ২ উইকেট নিউজিল্যান্ডকে ৮৯/৩ বানিয়ে দিয়েছিল। পরের ২ উইকেটে তা ৬ উইকেটে ২০৪। ওরামের বিদায়ে সেটি যখন ৭ উইকেটে ২১০, একটা কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা ভালোই জেগেছিল। শেষ পর্যন্ত হলো না।উইকেটে পেসারদের জন্য তেমন কিছুই ছিল না। ড্রপ ইন পিচ এই প্রথম স্পিন-জাদু দেখানোর সুযোগ হয়ে এসেছিল বাংলাদেশের স্পিনারের কাছে। তা দেখাতে পারলেন শুধুই সাকিব। নাঈমের ৮ ওভারে ৩২ রানে ১ উইকেট খারাপ নয়। মাহমুদউল্লাহরও ১ উইকেট—কিন্তু বেধড়ক মার খেয়ে (৩ ওভারে ৩৩) নিউজিল্যান্ডের কাজটা সহজ করে দিলেন এই অফ স্পিনারই। ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড যখন চাপে, নিজে আরও দুই-এক ওভার না করে মাহমুদউল্লাহ আর নাঈমকে বোলিং করিয়ে সাকিবও বোধ হয় বড় একটা ভুলই করলেন। বাংলাদেশের ইনিংসের শুরুটা খুব নাটকীয়। প্রথম ওভারে সাউদিকে দুটি চার মেরে শেষ বলে তামিম বোল্ড! ‘একদমই সময় নেই’ ভঙ্গিতে ১২ বলে ১৮ করার পর আফতাব আপার কাট করতে গিয়ে থার্ডম্যানে ক্যাচ। ৪১ রানে ২ উইকেট এবং আবারও হায়-হায় রব। এর পরই আশরাফুল ও সাকিবের সঙ্গে ইমরুল কায়েসের ওই দুটি জুটি।এই ম্যাচে আশরাফুল প্রায় বাদ পড়েই গিয়েছিলেন। শেষ পর্যন্ত টিকে যান এই যুক্তিতে যে, টেস্টে তো খেলবেন, এর আগে এই ধাক্কাটা না দেওয়াই ভালো। তাঁর জায়গায় যাঁকে খেলানোর কথা ভাবা হয়েছিল, ভ্রমণক্লান্ত সেই জুনায়েদ ব্যর্থ হলে টেস্ট ম্যাচে সেটির প্রভাব পড়বে—ভূমিকা রেখেছে এই বিবেচনা। থার্ডম্যানে গ্লাইড করে ১ রান নেওয়ার লোভ ক্যারিয়ারে অনেক বারই ডুবিয়েছে আশরাফুলকে। ডোবাল কালও। এর আগে ৩১ এবং সেটিই বাংলাদেশের ইনিংসে তৃতীয় সর্বোচ্চ।দ্বিতীয় সর্বোচ্চ সাকিবের ৩৬। ৩৯তম ওভারে বাজে এক শট খেলে তাঁর আউটটিই শেষ পর্যন্ত ম্যাচের টার্নিং পয়েন্ট। তখন অবশ্য সেটি পুরোপুরি বোঝা যায়নি। ৩৮.২ ওভারে বাংলাদেশ ৪ উইকেটে ১৮৩। ২৮০ তখনো দৃষ্টিসীমায়। শেষ ১০ ওভারের ব্যর্থতায় উধাও হয়ে গেল সেটি। সঙ্গে বাংলাদেশের জয়ও।