ক্রিকেট বিশ্বকাপ পর্যটনের জন্য বিরাট সুযোগ কিন্তু বাংলাদেশ সেভাবে প্রস্তুত নয় মূল সমস্যা ভিসা পাওয়া
সম্ভাবনা বিপুল, প্রস্তুতি সামান্য
২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ায় সারা বিশ্বের নজর এখন বাংলাদেশে। এমন একটি সময় আরও বড় একটি সুখবর দিল ‘লোনলি প্ল্যানেট’ নামের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। সংগঠনটি বলছে, বিদেশি পর্যটকদের ভ্রমণের জন্য ২০১১ সালে পৃথিবীর সেরা দেশ হতে পারে বাংলাদেশ। লোনলি প্ল্যানেট তাদের ‘বেস্ট ভ্যালু ডেসটিনেশন ফর-২০১১’ শীর্ষক প্রতিবেদনে এ কথা বলেছে।ভ্রমণের জন্য লোনলি প্ল্যানেটের তথ্য ও প্রতিবেদন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই প্র্রতিবেদনের ওপর ভিত্তি করেই প্রতিবছর বিপুলসংখ্যক পর্যটক তাঁদের গন্তব্য ঠিক করেন। ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) এই প্রতিষ্ঠানটির ৭৫ শতাংশ শেয়ারের মালিক।তবে পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে পর্যটন খাতে বিশাল সম্ভাবনা থাকলেও এ সুযোগ কাজে লাগানোর জন্য সরকার ও দূতাবাসগুলোর যে প্রস্তুতি থাকার কথা ছিল, তা নেই। বরং বাংলাদেশের ভিসা-সংকটের কারণে পর্যটকদের আসতে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সহসভাপতি এবং জাতীয় পর্যটন বোর্ডের সদস্য এ কে এম বারী প্রথম আলোকে বলেন, ‘লোনলি প্ল্যানেটের প্রতিবেদনটি খুবই আশাব্যঞ্জক। এবারের প্রতিবেদনে তারা সেরা যে ১০টি স্থানের কথা বলেছে, তার শীর্ষে আছে বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ খুবই বন্ধুত্বপূর্ণ। এই প্রতিবেদনের পাশাপাশি এবারের বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে বাংলাদেশের সামনে বিশাল সম্ভাবনা। কিন্তু এ সুযোগ কাজে লাগানোর জন্য যা করার কথা ছিল, তা আমরা করতে পারিনি।’বাংলাদেশের পর্যটন খাতের মূল সমস্যা কী?—জানতে চাইলে এ কে এম বারী বলেন, ‘নিরাপত্তা, অবকাঠামো, যোগাযোগসহ ছোটখাটো কিছু সমস্যা আছে। কিন্তু এগুলোর কোনোটিই পর্যটনের জন্য মূল সমস্যা নয়। মূল সমস্যা হলো বাংলাদেশে আসার ভিসা পাওয়া। লোনলি প্ল্যানেটের প্রতিবেদনের পর অনেকেই যোগাযোগ করেছেন। তাঁরা বাংলাদেশে আসতে চান। কিন্তু ভিসাই পাচ্ছেন না। দূতাবাসে কোনো বিদেশি ভিসা চাইতে গেলে তাঁকে বাংলাদেশের পর্যটনের সম্ভাবনাগুলোর কথা না বলে উল্টো হয়রানি করা হয়। বিশ্বের ৪৫টি দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে আসতে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা আছে। কিন্তু তার পরও ভিসা দেওয়া হয় না। কাজেই এ সমস্যার সমাধান করা খুব জরুরি। ভিসা-প্রক্রিয়া সহজ করা গেলে বাকি সব সমস্যার সমাধান করা যাবে।’জাতীয় পর্যটন বোর্ডের আরেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মুবিনা খোন্দকার প্রথম আলোকে বলেন, ‘লোনলি প্ল্যানেটের প্রতিবেদনের কথা আমি জানি। এটা ঠিক, ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে সারা বিশ্বের নজর এখন বাংলাদেশের দিকে। বাংলাদেশের উচিত এই সুযোগ পুরোপুরি কাজে লাগানো। আমরা অনেক দিন ধরেই পর্যটন মন্ত্রণালয়কে বলছি, বিশ্বকাপের সুযোগে দেশের দর্শনীয় স্থান যেমন কক্সবাজার ও সুন্দরবনকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে। এটা করতে পারলে শুধু এ বছরই নয়, ভবিষ্যতেও বাংলাদেশে পর্যটক আসা বেড়ে যাবে।’এ সুযোগকে কাজে লাগাতে সরকারের কী করা উচিত?—জানতে চাইলে মুবিনা খোন্দকার বলেন, বিভিন্ন দূতাবাসে বাংলাদেশের পর্যটনসংক্রান্ত বিস্তারিত তথ্য দিতে হবে। ভিসা পাওয়ার প্রক্রিয়া খুব সহজ করতে হবে। কারণ ভিসা নিয়ে জটিলতা থাকলে পর্যটকেরা এখানে আসতে উৎসাহী হবেন না। সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এ বিষয়ে এগিয়ে আসতে হবে।বাংলাদেশ পর্যটন করপোরেশনের উপব্যবস্থাপক এহছানুল কবির প্রথম আলোকে জানান, ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে কক্সবাজার, সুন্দরবনসহ বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোর ওপর ব্রোশিয়ার, ট্যুরিস্ট গাইড ও সিটি ম্যাপ তৈরি করেছে করপোরেশন। বিদেশি পর্যটকদের এ দেশের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে অবহিত করতে পর্যটন করপোরেশন দেশের বিভিন্ন আকর্ষণীয় স্থানে প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করেছে। ঢাকা ও আশপাশের এলাকার পর্যটনের স্থানগুলো দেখানো, নৌবিহারের আয়োজনসহ চট্টগ্রাম ক্রিকেট ভেন্যুতে ও চট্টগ্রামভিত্তিক বিভিন্ন প্যাকেজ ট্যুর আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।ভিসা সমস্যার সমাধানে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, জানতে চাইলে বেসামরিক বিমান পরিববহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের প্রথম আলোকে বলেন, ‘পর্যটনে বাংলাদেশের সামনে বিশাল সম্ভাবনা। এই সুযোগ কাজে লাগাতে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি। কিন্তু সরকারের সবগুলো মন্ত্রণালয়ই কমবেশি এর সঙ্গে জড়িত। ফলে প্রত্যাশা মতো কাজ হচ্ছে না। একটা বড় সমস্যা ভিসা পাওয়া। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ দূতাবাসগুলোকে বারবার বলেছি এই প্রক্রিয়া সহজ করতে। ইতিমধ্যে শ্রীলঙ্কা অনলাইন ভিসা-প্রক্রিয়ায় চলে গেছে। কিন্তু আমরা পারছি না। অনেক চেষ্টা করে আমরা ৫০টির মতো দেশের জন্য অন অ্যারাইভ্যাল ভিসার ব্যবস্থা করেছি। কিন্তু এই ভিসা পেতেও নানা সমস্যা হয়। দূতাবাসগুলো বন্ধুত্বপূর্ণ নয়। ফলে সহজে কেউ বাংলাদেশে আসতে চায় না। প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ যখন যিনি বিদেশে যান, তাঁদের আমি এ ব্যাপারে বলছি। তাঁরা এ ব্যাপারে সহায়তা করছেন।’ মন্ত্রী বলেন, ২০১১ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার আরও তিনটি দেশ এ বছরকে পর্যটন বর্ষ ঘোষণা করেছে। ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ বাংলাদেশ ঘুরতে আসতে চায়। বাংলাদেশের অনেক সম্ভাবনা। কাজেই এ সুযোগকে কাজে লাগানো উচিত। বিশ্বকাপ উপলক্ষে আমাদের মোটামুটি প্রস্তুতি আছে। ছয় মাস আগে থেকে এ ব্যাপারে আমরা আরও অনেক পরিকল্পনা নিয়েছিলাম। কিন্তু কাজে বিলম্ব হয়েছে। একটা বিষয় হলো, পর্যটনকে এখন সবচেয়ে গুরুত্ব দিতে হবে। কিন্তু আমাদের দেশে এখনো ততটা গুরুত্ব পাচ্ছে না। কিন্তু তার পরও আমরা আশাবাদী, বাংলাদেশের পর্যটনের ভবিষ্যৎ খুব উজ্জ্বল।’লোনলি প্ল্যানেটের প্রতিবেদন: প্রতিবছর বিদেশি পর্যটকদের ভ্রমণের জন্য কোন দেশটি সেরা হতে পারে, সে ব্যাপারে তথ্য প্রকাশ করে লোনলি প্ল্যানেট। অসংখ্য ভ্রমণপিপাসু প্রতিবছর এই তালিকা দেখে ঘুরতে বের হন। বিশেষ করে ছাত্র এবং কম খরচে যাঁরা ঘুরতে বের হন, তাঁদের কাছে বেস্ট ভ্যালু ডেসটিনিশেন প্রতিবেদন একটি গাইডলাইন। প্রতিষ্ঠানটি তাদের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে বলেছে, ২০১১ সালে কম খরচে অসাধারণ ভ্রমণের জন্য পৃথিবীতে সেরা জায়গা হতে পারে বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়েছে, শুধু কম খরচের বিষয়টি চিন্তা করেই বাংলাদেশের নাম ঠিক করা হয়নি, বরং এই দেশটিতে ভ্রমণে গেলে সত্যিকারভাবেই খরচের টাকা উঠে আসবে। প্রতিবেদনে বলা হয়, মাত্র এক ডলারে চমৎকার খাওয়ার সুযোগ বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোথাও নেই। মাত্র ১৫ ডলারে দেশটির রাজধানী ঢাকা থেকে খুলনায় যাওয়া যাবে বিখ্যাত ফেরি রকেটে চড়ে। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের মানুষ অত্যন্ত হূদয়বান। দেশটিতে আছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। আছে রয়েল বেঙ্গল টাইগার। অসাধারণ চা-বাগান এবং পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্রসৈকত কক্সবাজার।‘বেস্ট ভ্যালু ডেসটিনেশনে’ বাংলাদেশের পরের স্থানে আছে, নিকারাগুয়া, ওয়াশিংটন ডিসি, প্যারিস, নামিবিয়া, ফিলিপাইন, আর্জেন্টিনা, নেপাল, ইউক্রেন ও সিরিয়া।নীতিমালায় আছে বাস্তবে নেই: বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ ও উন্নয়নের জন্য ১৯৯২ সালে প্রথম জাতীয় পর্যটন নীতিমালা করা হয়েছিল। ওই নীতিমালায় বলা হয়, বিদেশি পর্যটকদের জন্য আধুনিক ও চিত্তবিনোদনের জন্য সব সুযোগ-সুবিধা সৃষ্টি করা হবে। বিশেষ অঞ্চল করা হবে। সুন্দরবন ও কক্সবাজারের জন্য নেওয়া হবে মহাপরিকল্পনা। বিদেশি পর্যটকদের আগমন ও বহির্গমন সহজ করা হবে। দূতাবাসগুলোতে এ-সংক্রান্ত সব তথ্য দেওয়া হবে। কিন্তু ১৯ বছর পেরিয়ে গেলেও বাস্তবে কিছুই হয়নি।এরই মধ্যে গত বছর পর্যটন নীতিমালাটি হালনাগাদ করে জাতীয় পর্যটন নীতিমালা-২০১০ নামে আরেকটি নীতিমালা করেছে সরকার। ১৮ বছরের আগের নীতিমালায় যা যা করার কথা ছিল, তার সবই স্থান পেয়েছে এবারের পরিকল্পনায়ও। কিন্তু কবে নাগাদ সেটি বাস্তবায়ন হবে, তা জানা নেই কারও। বিশাল আয়ের সম্ভাবনা: পর্যটন করপোরেশনের তথ্য অনুযায়ী ২০০০ সালে বাংলাদেশে এসেছিলেন এক লাখ ৯৯ হাজার ২১১ জন বিদেশি পর্যটক। এর পর ২০০১ সালে দুই লাখ সাত হাজার ১৯৯ জন, ২০০২ সালে দুই লাখ সাত হাজার ২৪৬ জন, ২০০৩ সালে দুই লাখ ৪৪ হাজার ৫০৯ জন, ২০০৪ সালে দুই লাখ ৭১ হাজার ৭২০ জন, ২০০৫ সালে দুই লাখ সাত হাজার ৬৬২ জন, ২০০৬ সালে দুই লাখ ৩১১ জন, ২০০৭ সালে দুই লাখ ৮৯ হাজার ১১০ জন, ২০০৮ সালে চার লাখ ৬৭ হাজার ৩৩২ জন ও ২০০৯ সালে দুই লাখ ৬৭ হাজার ১০৭ জন বিদেশি পর্যটক বাংলাদেশে ভ্রমণে এসেছেন।পর্যটন খাত থেকে সরকারের আয়ও প্রতি বছর বেড়েছে। ২০০১ সালে দুই হাজার ৬৫৩ দশমিক ৮০ মিলিয়ন, ২০০২ সালে তিন হাজার ৩১২ মিলিয়ন, ২০০৩ সালে তিন হাজার ৩১০ মিলিয়ন, ২০০৪ সালে তিন হাজার ৯৬৭ মিলিয়ন, ২০০৫ সালে চার হাজার ৪৯৩ মিলিয়ন, ২০০৬ সালে পাঁচ হাজার ৫৩০ মিলিয়ন, ২০০৭ সালে পাঁচ হাজার ২৬৫ মিলিয়ন, ২০০৮ সালে ছয় হাজার ১২৪ মিলিয়ন ও ২০০৯ সালে পাঁচ হাজার ৭৬২ মিলিয়ন টাকা বিদেশি পর্যটকদের কাছ থেকে এসেছে। ২০১১ সালে এই অঙ্ক অনেক বেশি হবে বলে মনে করছে পর্যটন করপোরেশন।