সম্ভাবনা যাঁদের ঘিরে
বাংলাদেশকে কারা সোনা এনে দেবেন, সেটা সময়ই বলবে। তবে গত পরশু ঢাকায় শুরু হওয়া দক্ষিণ এশীয় গেমসে স্বাগতিকদের সম্ভাবনার আলোটা থাকছে যাঁদের ওপর, তাঁদের নিয়েই এ প্রতিবেদন।আসিফ হোসেন: ঘুরে দাঁড়ানোর মঞ্চএসএ গেমসে সোনা জিততে পারেন আসিফ! বিস্ময়সূচক চিহ্নটা দেখে অবাক হতে পারেন। ২০০২ কমনওয়েলথ গেমস, ২০০৪ দক্ষিণ এশীয় গেমস, এমনকি এই কিছুদিন আগেও সাফ শ্যুটিংয়ে যিনি সোনা জিতেছেন, তিনি এবার ঘরের রেঞ্জে দক্ষিণ এশীয় গেমসে সোনা জিতবেন—এ আর এমন কী! তার পরও বিস্ময় এই কারণে, গত কিছুদিন নিজেকে হারিয়ে ফেলা আসিফের স্কোর নেমে এসেছিল তলানিতে। দল থেকে বাদ পড়া আসিফ সম্প্রতি ফিরে আসার প্রতিজ্ঞায় নিজেকে শ্যুটিংয়ে এমনভাবে বৃত্তবন্দী করে রেখেছেন যে কদিন আগে নিজের ক্যারিয়ার-সেরা স্কোর করেছেন! ৬০০ তে ৫৯৭ (আগে সেরা ৫৯৪)!৫৯৬ স্কোর করেও গত অলিম্পিকে সোনা জিতছেন ভারতের অভিনব বিন্দ্রা। তাহলে আসিফের এসএ গেমস সোনা পুনরুদ্ধার নিশ্চিতই তো বলা যায়। না, নিশ্চিত কীভাবে বলবেন। খেলার নির্দিষ্ট দিনে স্কোর কত হবে, সেটিই আসল। তার ওপর ভারতীয় শ্যুটাররা আছে, যারা ৫৯৬-৫৯৭ হরহামেশাই করে। তার পরও অনুশীলনে আসিফের স্কোর দেখে তাঁকে নিয়ে আশাবাদী হওয়াই যায়।শারমিন আক্তার রত্না: বড় কিছু করার সময়পারবেন এবার ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিততে? প্রশ্ন শুনে উত্তর দেন চটজলদি, ‘আশা তো রাখি ভালো করব, সোনা জিতব।’ স্কোর কথা বলে তাঁর হয়ে—৪০০তে সর্বশেষ আন্তর্জাতিক প্রতিযোগিতায় করেছেন ৩৯৪। যদিও ভারতীয় মেয়েরা ৪০০তে ৪০০ই করতে পারেন, তবে এই প্রতিযোগিতায় ভারতের সর্বোচ্চ মানের শ্যুটাররা আসবেন না ধরে নেওয়া যায়। সে ক্ষেত্রে শারমিন আক্তার রত্নার সোনা জয়ের একটা সম্ভাবনা দেখছে শ্যুটিং মহল। বাংলাদেশের শ্যুটিংয়ে গত কয়েক বছরে যে একটি ইভেন্টেই চোখে পড়ার মতো অগ্রগতি হয়েছে, সেটি মেয়েদের এই দশ মিটার এয়ার রাইফেল। ২০০৪ ইসলামাবাদ গেমসে এই ইভেন্টে সোনা জেতা শারমিন আক্তার এবার তিনজনের দলেই নেই! কেন? শারমিনের চেয়ে বাকি তিনজনের স্কোর বেশি। এখানেই উন্নতিটা স্পষ্ট। আর সবচেয়ে বেশি এগিয়েছেন রত্না। এই ইভেন্টের দলগত সোনাও বাংলাদেশ জিততে পারে, যদি রত্নারা খুব ভালো করে ফেলেন!সুমিতা রানী: নিজেকে প্রমাণের চ্যালেঞ্জমুখে নয়, মাঠেই প্রমাণ করতে চান মেয়েদের ১০০ মিটার হার্ডলসে তিনি দক্ষিণ এশিয়ার সেরা। গতবার কলম্বোয় পারেননি, দ্বিতীয় হয়েই খুশি থাকতে হয়েছে। এবার ঘরের মাঠে খেলা, পাবেন বাড়তি সুবিধা। তবে সেটির ওপর নির্ভর করেই তাঁর সোনার সম্ভাবনা উজ্জ্বল নয়, তাঁর টাইমিংও সোনা জয়ের মতোই বলা হচ্ছে। অ্যাথলেটিকস কোচ কিতাব আলীকে জিজ্ঞেস করুন, এবার অ্যাথলেটিক দল সোনা জিতবে? জিতলে কে জিতবেন? কোচ দুবার না ভেবে প্রথমেই বলে দেবেন একটি নাম—সুমিতা রানী দাস।কলম্বোয় টাইমিং ছিল প্রায় সাড়ে চৌদ্দ সেকেন্ড। এখন হ্যান্ড টাইমিংয়ে ১৪ সেকেন্ডের নিচে। সুমিতা না পারলে এই ইভেন্টেই সুমিতার শহর নোয়াখালীরই আরেক মেয়ে জেসমিন আছেন, তাঁর টাইমিংও সুমিতার খুব কাছেই।রুবেল রানা: সোনার ইভেন্ট বদলে গেল২০০৪ ইসলামাবাদ গেমসে প্রথমবার অংশ নিয়ে সবাইকে অবাক করে সোনা জিতেছিলেন ১০০ মিটার ব্যাকস্ট্রোকে। গতবার কলম্বোয় অল্পের জন্য হাতছাড়া হয়েছে সেই সোনা। তা পুনরুদ্ধারে এবার খুব একটা আশাবাদী হতে না পারলেও ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সোনার প্রত্যাশা তাঁর। দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণের সুযোগ পাওয়া, দেশের মাটিতে খেলা—এসবই বড় প্রেরণা। গত কয়েক মাসে যতবারই সাংবাদিকদের সঙ্গে গেমস নিয়ে কথা বলেছেন, প্রতিবারই সোনা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মনে হয়েছে কুষ্টিয়ার আমলার ছেলেকে। আগেরবার ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ১ মিনিট ২.৭৮ সেকেন্ড টাইমিং করে সোনা জিতেছিলেন, গতবার ১ মিনিট ১.৫৪ সেকেন্ড সময় করেও হয়েছেন পঞ্চম। এবারও টাইমিং গতবারের মতোই। ডলি আক্তার: সেরা সময়ে জ্বলে উঠতে চানএটা তাঁর চতুর্থ দক্ষিণ এশীয় গেমস। আগের তিনটিতে বলার মতো অর্জন গতবার ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে পাওয়া রুপা। এবার সেই রুপাটাকে সোনায় পরিণত করার উজ্জ্বল সম্ভাবনা তাঁর সামনে। গতবারের সোনাজয়ী এবার আসছেন না। ডলি আক্তার তাই দিন গুনছেন, ঘরের পুল থেকে এই ইভেন্টের সোনা ছিনিয়ে নেবেনই। গতবার ৩৬.১৪ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হওয়া ডলির এবারের টাইমিং ৩৬ সেকেন্ডের নিচে আছে। ৩৫ সেকেন্ড করলে সোনা জিতবেন, মোটামুটি সবাই নিশ্চিত। একেবারেই কানের কাছ দিয়ে গুলি যাওয়ার মতো ডলিও এখন ৩৫-এর চেয়ে সামান্য একটু বেশি করছেন। তবে প্রতিযোগিতায় শেষ পর্যন্ত ডলির এখনকার টাইমিংই যথেষ্ট হয়ে যেতে পারে—বলছেন সাঁতার-সংশ্লিষ্ট ব্যক্তিরা। তিনটি অলিম্পিকে গিয়েছেন, অনেক অর্জনই আছে। তবে সাঁতারু হিসেবে যে অর্জনটার জন্যই তাঁর এত সাধনা, সেই সোনার হরিণ এবার হাতের নাগালে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সেরা মহিলা সাঁতারু। এই ইভেন্টে মাহফুজার টাইমিংও প্রায় ডলির সমানই। মিজানুর রহমান: সোনা ধরে রাখার চাপবাংলাদেশের ক্রীড়াঙ্গনে বড় এক চমকের নাম মিজানুর রহমান! গত দক্ষিণ এশীয় গেমসে গিয়েছিলেন অখ্যাত একজন খেলোয়াড় হয়ে, ফিরেছেন গলায় সোনার পদক ঝুলিয়ে! এবার তো অনেকেই মনে করেন ওই সোনা মিজানের ধরেই রাখা উচিত। মিজানও তা হাতছাড়া হতে দিতে চান না, প্রাণপণ লড়াই করে সোনাটা ধরে রাখার প্রতিজ্ঞা তাঁর। তায়কোয়ান্দোর কর্মকর্তারাও বড় মুখ করে বলছেন, এবার তাঁরা দুটি সোনা দেবেন। একটি অবশ্যই মিজান এনে দেবেন, মোটামুটি এটাই এখন পর্যন্ত সর্বাধিক আলোচিত হয়ে আসছে। মিজান একটু চাপেই পড়ে গেছেন যেন। এটা তাঁর জন্য মর্যাদার লড়াই হয়ে দাঁড়িয়েছে! খেলাটা মারামারির, মার ঠিকমতো লাগলেই পয়েন্ট। যত বেশি পয়েন্ট, ততই ম্যাচ অনুকূলে। মাত্র ৬ মিনিটের খেলা, আর এই সময়টায় ‘প্রতিপক্ষকে ছাড় দেব না’ প্রতিজ্ঞা নিয়ে মিজানের অপেক্ষা এখন সোনা জয়।মাত্র কয়েকজনের কথাই আলাদা করে বলা হলো এখানে। তার অর্থ এই নয়, এরাই শুধু সোনা জিততে পারেন বা সোনার স্বপ্ন দেখেন। ব্যক্তিগত খেলাগুলোতে অনেকেই সোনার প্রত্যাশা নিয়ে দিন গুনছেন। যেমন অ্যাথলেটিকসে হাইজাম্পার সজিব হোসেন, লংজাম্পার আল আমিন। বক্সিংয়ে আবদুর রহিম, নাদিম হোসেন। তায়কোয়ান্দোতে রাসিউল কবির। জুডোতে শেলী আহমেদ। উগুতে বাসনা খন্দকার। কারাতেতে নুরুজ্জামান ও জ উ গ্রু। আরচারিতে ইমদাদুল হক, সাজ্জাদ হোসেন প্রমুখ।