অর্থনৈতিকভাবে দুর্বল বাংলাদেশের চারপাশে বিশ্বের উদীয়মান বৃহত্ অর্থনৈতিক শক্তি হিসেবে ভারত আবির্ভূত হচ্ছে। বিশেষজ্ঞদের বক্তব্য, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অনেকটাই নির্ভর করছে কত দ্রুত ভারতের সঙ্গে বাণিজ্যিক সংযোগ স্থাপন ও সমন্বয় করা যাবে, তার ওপর। কিন্তু ভারতের মতে. দীর্ঘদিন ধরে এ দুটি দেশের সম্পর্কোন্নয়নে বড় বাধা হিসেবে কাজ করছিল ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশকে নিরাপদ আবাস ও বিচরণক্ষেত্র হিসেবে ব্যবহার করার কারণে। বড় প্রতিবেশির বিরুদ্ধে বাংলাদেশের নানা অভিযোগ ছিল বিভিন্ন সময়ে।বতর্মান সরকার এক বছরের শাসনামলে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। উলফার সভাপতি অরবিন্দ রাজখোয়াসহ বেশ কয়েকজন বিচ্ছিন্নতাবাদী নেতা সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন। তাঁরা এখন ওই দেশে বিচারের সম্মুখীন। এসবের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কোন্নয়নের পথে একটি বড় বাধা অপসারিত হয়েছে বলা যায়।১৯৭১ সালে ভারতের বিপুল সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করলেও বাংলাদেশ-ভারতের মধ্যে সম্পর্ক উত্থান-পতনের ভেতর দিয়ে এগিয়েছে। সর্বশেষ চারদলীয় জোট সরকারের আমলে দুই দেশের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল। আওয়ামী লীগের বিগত শাসনামলেও দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে শুরুতে কিছুটা ইতিবাচক অগ্রগতি হলেও পরে ধারাবাহিকতা বজায় থাকেনি। এটা আমরা জানি যে বাংলাদেশের মানুষের একাংশের মধ্যে বিভিন্ন কারণে ভারতবিরোধী মনোভাব রয়েছে। এই বিরোধিতা শুধু রাজনৈতিক মহলের মধ্যেই সীমাবদ্ধ নেই, সামরিক-বেসামরিক প্রশাসনসহ নানা স্তরে এই মনোভাব লক্ষণীয়।নতুন বছরের শুরুতে (১০ জানুয়ারি) বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন। দুই সরকারের শীর্ষ পর্যায়ের আলোচনা ও কথাবার্তার মধ্য থেকে এমন মনোভাব দেখা যাচ্ছে যে দ্বিপক্ষীয় সম্পর্ক একটি নতুন পর্যায়ে উপনীত হতে যাচ্ছে। দুই দেশের সন্ত্রাসবাদ ও অপরাধমূলক তত্পরতা বন্ধে তিনটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে শোনা যাচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রেল ও সড়কপথ উন্নয়নে ভারত ৫০ কোটি ডলার আর্থিক সহায়তা দেবে। ভারতের কাছ থেকে বাংলাদেশের বিদ্যুত্ ক্রয় নিয়েও আলোচনা ও চুক্তি হতে যাচ্ছে। বাংলাদেশ আশা করছে, শীর্ষ বৈঠক থেকে অভিন্ন নদী তিস্তার পানি বণ্টন নিয়েও নাটকীয় কোনো ঘোষণা আসতে পারে। তবে আমরা জানি, ভারতের সঙ্গে দীর্ঘদিনের ভৌগোলিক ও ঐতিহাসিক সম্পর্ক থাকলেও বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার চীন। বাংলাদেশে বিনিয়োগকারী দেশগুলোর প্রথম ১০টির মধ্যে ভারতের নাম নেই।প্রধানমন্ত্রীর ভারত সফরের মধ্য দিয়ে রাজনৈতিক-অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে সমঝোতার বিষয়টি দুই দেশের জনগণের কাছে পৌঁছে দেওয়া বিশেষভাবে প্রয়োজন রয়েছে। এরই মধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর ভারত সফরে চুক্তির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। চরম প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দল জামায়াতে ইসলামী ও অন্যান্য শক্তি এই সফর নিয়ে আপত্তি জানানোর আভাস দিয়েছে। এই শক্তিগুলোর অবস্থান সব সময়ই ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের বিরোধী। জানাই কথা, তারা অতীতের মতোই বিরোধিতা করবে।তবে বাংলাদেশ-ভারতের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাও অনেক। দুই দেশের মধ্যে সম্পর্কের সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দুই শতাংশ বাড়বে বলে অনেকে মনে করেন। তবে প্রধানমন্ত্রীর ভারত সফরকালে জনগণ এটা গভীরভাবে লক্ষ রাখবে যে বাংলাদেশের জনগণের জন্য এই সফর কতটুকু ইতিবাচক ফলাফল নিয়ে আসতে পারবে।তবে দেশে দারিদ্র্য কীভাবে কমিয়ে আনা যাবে, বিদ্যুত্ ঘাটতি কীভাবে কমানো যাবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটুকু নিয়ন্ত্রণে আনতে পারবে বর্তমান সরকার, তার ওপরও অনেক কিছু নির্ভর করছে। এ সব কিছুর সঙ্গে ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের বিষয়টি গভীরভাবে জড়িত। সেদিক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের ওপর সকলেরই বিশেষ দৃষ্টি থাকবে।