সম্ভাবনাময় এক বাংলাদেশ
‘ইতিবাচক বাংলাদেশ’ একটি দারুণ আশাব্যঞ্জক ধারণা। শুধু নিজেদের সমস্যা নিয়ে মাথা ঘামানোর পুরোনো অভ্যাসটা বদলে চারপাশের ভালো জিনিসগুলো গ্রহণ করার, ভালো কাজে মন দেওয়ার জন্য এটি একটি চমৎকার অনুপ্রেরণা হতে পারে। আমি প্রথম বাংলাদেশে আসি ১৯৮১ সালে, ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট অ্যাটেনড্যান্ট হয়ে। তখন বর্ষার মাঝামাঝি, তুমুল বৃষ্টি হচ্ছে। তাই প্রথম দেখায় বাংলাদেশকে যতটা ভালো লাগা উচিত, ততটা লাগেনি! তবে আরও কয়েকবার এসে বাংলাদেশকে জেনে এবং এ দেশের মানুষের সঙ্গে ভালোভাবে পরিচিত হয়ে আমার ধারণা বদলাতে দেরি হয়নি। ঢাকার সঙ্গে কিছুটা খাপ খাইয়ে নেওয়ার পর আমার সুযোগ হয় ফার্মগেটের একটি এতিমখানায় ছয় মাসের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার। আমি বিলাসবহুল হোটেলের অত্যাধুনিক রুম থেকে অনেক দেশ দেখেছি। কিন্তু বাংলাদেশে ‘ফ্যামিলিস ফর চিলড্রেন’ নামের একটি কানাডিয়ান এনজিওর কর্মকর্তা ও শিশুদের সঙ্গে কাজ করাটা ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের অভিজ্ঞতা। ১৯৮১ সালে প্রায় পাঁচ মাস আমি খুব সাধারণভাবে জীবনযাপন করেছিলাম, কিন্তু এই অতুলনীয় দেশের মানুষ, বিশেষত শিশুদের সঙ্গে আমি খুবই উপভোগ্য সময় কাটিয়েছিলাম, যা আমার মনে স্থায়ী প্রভাব ফেলেছিল। ‘ফ্যামিলিস ফর চিলড্রেন’ আমাদের বিমানের ক্রুদের থাকার হোটেলের কাছেই অবস্থিত হওয়ায় ক্রুরা প্রায়ই রিকশা নিয়ে সেখানে চলে যেতেন। এমনকি আমাদের এক সহকর্মী ওখানেই থাকতেন। এতে আমাদের সঙ্গে সংস্থাটির এক আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছিল। ধীরে ধীরে ব্রিটিশ এয়ারওয়েজের অন্য কর্মকর্তারাও এর সঙ্গে সম্পৃক্ত হতে শুরু করলেন, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। কেবিন আর ফ্লাইট ক্রুদের উদ্যোগ ব্রিটিশ এয়ারওয়েজের চেয়ারম্যানের কানেও পৌঁছে গেল।আমরা শিশুদের একটি স্থায়ী আবাস গড়ে তোলার জন্য একটি তহবিল গঠন করলাম। অবশেষে ১৯৮৯ সালে গাজীপুরের শ্রীপুরে ‘শিশুপল্লী প্লাস’-এর উদ্বোধন করা হলো। আমি বিমানের চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশের গ্রামীণ জীবনে একটু একটু করে অভ্যস্ত হতে লাগলাম। আমাদের খুবই সৌভাগ্য যে শ্রীপুরের মতো সবুজে ঘেরা, প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটা জায়গা পেয়েছিলাম। প্রথম থেকেই আমাদের শিশুদের খেলাধুলা করার, ইচ্ছেমতো দৌড়ে বেড়ানোর, গাছে ওঠার সুযোগ ছিল। আর তার সঙ্গে ছিল নিয়মিত স্কুলে যাওয়া। তখন থেকে শুরু করে ধীরে ধীরে আমাদের কার্যক্রম আরও বৃদ্ধি পেয়েছে। আমাদের এখানে কয়েক একর সবজির খেত, মাছের পুকুর, ফলের বাগান—সবই আছে। আমাদের দৈনন্দিন চাহিদার বেশির ভাগই নিজেদের গড়ে তোলা এসব খামার থেকে আসে। আমরা সেই সব মা ও তাঁদের সন্তানদের সঙ্গে কাজ করি, যাঁদের পরিবার নেই, কিংবা থাকলেও তাঁরা তেমন সহায়তা পান না। আমরা এমন মায়েদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলি, যাতে তাঁরা সমাজে স্বাবলম্বী হয়ে মাথা উঁচু করে বাঁচতে পারেন।কয়েক বছর আগে এই মায়েরা স্থির করেন যে আমাদের এই সংস্থার মূলনীতি হবে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের সুন্দর ও সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ সৃষ্টি করা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা এ কথাটিই বারবার তুলে ধরেছেন যে পৃথিবীজুড়ে সব মানুষের মধ্যেই সুখী ও সুন্দর জীবন লাভের একটি সর্বজনীন আকাঙ্ক্ষা রয়েছে। এটি এমন একটি আশা, যা আমরা সবাই হূদয়ের গভীরে লালন করি। আমরা নিজেদের জন্য যেমন সুন্দর জীবন চাই, তেমনি পরিবারের সবার জীবনও আরেকটু সুন্দর করে দিতে প্রাণপণ চেষ্টা করি। আমার চোখে দেশ হিসেবে বাংলাদেশও ধীরে ধীরে এই লক্ষ্যের দিকে এগিয়ে চলছে। দেশব্যাপী মোবাইল ফোনের নেটওয়ার্ক, ইন্টারনেটের প্রসার, তৈরি পোশাকশিল্পসহ নানা শিল্পক্ষেত্র ও কল-কারখানায় নারীদের কাজের সুযোগ সৃষ্টি হওয়া, এসব বাংলাদেশের অগ্রগতির কয়েকটি উদাহরণ মাত্র। বাংলাদেশে সেই ১৯৮১ সাল থেকে ঘটে চলা একের পর এক পরিবর্তনের প্রত্যক্ষদর্শী হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। আমি এমন কিছু মানুষের সান্নিধ্য পেয়েছি, যাঁরা আমাকে অপরিসীম অনুপ্রেরণা জুগিয়েছেন। আমাদের চারপাশের অবস্থার উন্নয়ন অধিকাংশ সময়ই এত সূক্ষ্মভাবে, ধীরে ধীরে ঘটে চলে যে আমরা সেটিকে একদম স্বাভাবিক ঘটনা বলে ধরে নিই। ভাবি, এমনটাই তো হওয়ার কথা, এ আর নতুন কী! ভালো কিছুকে ভালো বলে স্বীকার করে নিতে আমাদের যেন কিছু নির্দিষ্ট সময় বা আনুষ্ঠানিকতার অজুহাত খুঁজতে হয়। যেমন প্রথম আলোর এই প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যা এলেই আমরা জানতে পারি আমাদের চারপাশে বেড়ে ওঠা সেই সব ছেলেমেয়ের কথা, যারা অফুরন্ত সম্ভাবনাময় কোনো কাজ করছে, সেই সব ব্যবসা, যা দারুণভাবে সফল হয়েছে, সেই সব সমাজ ও মানুষের গল্প, যারা পরিবর্তনের দিকে এগিয়ে চলেছে। ১৯৮৯ সালের শ্রীপুর ছিল খুব শান্ত একটি গ্রাম্য জনপদ। আজ সেখানে শিল্প-কারখানা, বিপণিবিতান—সব গড় উঠেছে। সমাজ বদলে যাচ্ছে, মানুষ বদলে যাচ্ছে। এসবই ইতিবাচক পরিবর্তন ও উন্নয়নের বাস্তব উদাহরণ। আমার চোখে ইতিবাচক বাংলাদেশ মানে পরবর্তী প্রজন্মের জন্য সুযোগ সৃষ্টি করা। এই গ্রীষ্মে আমি লন্ডনে অলিম্পিক গেমস ২০১২ দেখতে গিয়েছিলাম। অলিম্পিকের লক্ষ্য ছিল একটি প্রজন্মকে জাগিয়ে তোলা। বাংলাদেশে ফিরে এসে আমি নিজেই আগামী প্রজন্মকে দেখে উৎসাহিত হই। চরম দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা ছেলেমেয়েরা যখন সামনে এগিয়ে আসে, নিজের ও অন্যদের দায়িত্ব নিতে শেখে, আমি তাদের দেখে অনুপ্রাণিত হই। একটি ছেলে উটের জকি হিসেবে কাজ করে নির্যাতনের শিকার হয়েছিল, সে এখন সবার সঙ্গে তার অভিজ্ঞতা বিনিময় করে, যাতে তার মতো একই পরিস্থিতির শিকার আর কাউকে না হতে হয়। যেসব মেয়ের শৈশবে খেলাধুলার ন্যূনতম সুযোগটুকু ছিল না, তারা এখন ক্রিকেট খেলতে শিখছে, শারীরিক যোগ্যতা ও খেলোয়াড়সুলভ মনোভাব অর্জন করছে, খাদ্য ও পুষ্টি সম্পর্কে সচেতন হয়ে উঠছে, লেখাপড়া করে নিজেদের জীবনকে উপভোগ করতে পারছে। তরুণ বাবা-মায়েরা আমার কাছে তাঁদের ছোট ছেলেমেয়েদের নিয়ে আসছেন। আমার সেই নাতি-নাতনিদের তাদের বাবা-মায়েরা একটি সুন্দর পরিবারে বড় করে তুলছেন, উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করছেন। কম বয়সী কর্মজীবী মায়েরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্সে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার আশায়।সব উদ্যোগ সফল হয় না, সবাই সবকিছু পারেও না। কিন্তু আমাদের তরুণদের এসব ইতিবাচক উদাহরণ বাংলাদেশের সোনালি ভবিষ্যৎকেই তুলে ধরে। অনেক চ্যালেঞ্জ সামনে আসবে; দেশের ভেতরে, বাইরে, সব ক্ষেত্রে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, আগামী প্রজন্ম আরও ইতিবাচক, আরও সম্ভাবনাময় এক বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে।ইংরেজি থেকে অনূদিত প্যাট্রিসিয়া কার: ওভারসিজ ডিরেক্টর, শিশুপল্লী প্লাস। যুক্তরাজ্যের নাগরিক। অনাথ শিশুদের জন্য ১৯৮১ সাল থেকে বাংলাদেশে কাজ করছেন