বাংলাদেশের সত্তরের দশক থেকে ২০১০ সালের সময়ের দিকে ফিরে তাকালে গতিময় দ্রুত পরিবর্তনশীল জীবনযাপনে পোশাক সংস্কৃতির ভূমিকা বেশ প্রোজ্জ্বল। দিনবদল হয়, সময় পরিবর্তনশীল, মানুষের আকাঙ্ক্ষা, তৃপ্তি, আশা-নিরাশা, নিজেকে প্রকাশ করার ভঙ্গিমাও পরিবর্তনশীল; এর সঙ্গে আরও যুক্ত হয় বিশ্বায়নের প্রভাব, প্রযুক্তির নব নব উদ্ভাবন এবং নিজের সাংস্কৃতিক ও ঐতিহ্যের পরিচয়কে ধরে রেখে বেঁচে থাকার এক দ্বিধান্বিত টানাপোড়েনের যুদ্ধ। তৎকালীন পূর্ব পাকিস্তানে পোশাকের প্রভাবে ফ্যাশন হাউস বুটিক কিংবা পত্রপত্রিকার সাক্ষাৎকার অর্থাৎ মিডিয়ার ভূমিকা ছিল না বললেই চলে। তবে ভারতীয় সিনেমা, পশ্চিম-পূর্ব পাকিস্তানের সিনেমা কিছুটা হলিউডের প্রভাব ইত্যাদির ভূমিকাই ছিল প্রধান।তৈরি পোশাকের চেয়ে দর্জির দোকানে গিয়ে পোশাক সেলাই করার বিষয়টিই প্রাধান্য পেত। পুরুষ, মহিলা, তরুণ-তরুণী কিংবা শিশুদের পোশাকে নানা ধরনের, নানা মাধ্যমের অলংকরণের প্রক্রিয়াটি তখনকার মতো ছিল না। পরিবারভিত্তিক পোশাকের পরিকল্পনায় মায়েদের ও বড় বোন অথবা বৌদি-ভাবি ও খালাদের ভূমিকা ছিল অনেকখানি।ঋতুভিত্তিক, উৎসবভিত্তিক, দিবসভিত্তিক যা এ সময়কার এক বিশেষ আগ্রহ, তা তেমনভাবে অনুধাবন করা যায়নি। ঈদ, দুর্গাপূজা, বিয়ে ও কখনো কখনো জন্মদিনেই শুধু নতুন পোশাক পরার সুযোগ তৈরি হতো। সেই সময়কার জীবনযাপনে নতুন নতুন পোশাক পরার প্রতিযোগিতার মনোভাবটি দৃশ্যমান ছিল না এবং প্রশংসার চেয়ে বিনম্র শাসনের ভঙ্গিটিকে সবাই চর্চা করত বলে মনে হয়। স্বাধীনতা-পরবর্তী সময়ে এনজিও ও ব্যক্তি উদ্যোগে ফ্যাশন বাজারের বিভিন্ন বাণিজ্যিক প্রচেষ্টার সম্ভাবনা, ক্রেতার আগ্রহ, তথ্যপ্রযুক্তির প্রভাব, গ্রামীণ বৃহত্তর নারীগোষ্ঠীর কর্মসংস্থানের বিকল্প ধারা, তাঁতি ও কারুশিল্পীদের উন্মেষ, আকাশসংস্কৃতি ও মিডিয়ার প্রভাব, প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থার ফ্যাশন ডিজাইনের উদ্ভব, বাণিজ্যিক সফলতার নতুন আলো পোশাক কারখানা ইত্যাদি সমন্বয়ের সৃষ্টি হয়েছে বাংলাদেশের পোশাকশিল্পের এই বিশাল সম্ভাবনাটি।স্বাধীনতা-পরবর্তী ১০ বছরে কারিকা, আড়ং, কুমুদিনী, সেতুলী, জয়া, শুকশাড়ি, নিপুণ, টাঙ্গাইল শাড়ি, কুটিরসহ আরও বেশ কয়েকটি বুটিক ধরনের কারু ও পোশাকশিল্প দেশজ ভাবনার আলোকে উপস্থাপিত করার যে চেষ্টা শুরু হয়েছিল, তাদের আসল লক্ষ্যে পৌঁছানোর যে শ্রম, আন্তরিকতা ছিল, এর ফলে সাফল্যও আসতে লাগল। পরবর্তী সময়ে অনুপ্রেরণার উৎস ধরে অন্যান্য বুটিক দর্শনের উদ্যোগী প্রতিষ্ঠানগুলো একে একে নিজেদের আত্মপ্রকাশ এবং এই অভিযাত্রায় শরিক হতে লাগল নিজ নিজ স্বকীয়তায়।সবচেয়ে বড় বিষয় হচ্ছে, দেশজুড়ে ক্রয়ক্ষমতা অনুযায়ী বিভিন্ন স্তরের ক্রেতা তৈরি হয়েছে। যারা দেশজ ঐতিহ্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতার বিকাশে উদ্যোক্তাদের এই বহুমুখী উদ্যোগকে স্বাগত জানিয়েছে বারবার। দেশীদশ নামের ফ্যাশন উদ্যোক্তাদের একসঙ্গে কাজ করার চেষ্টাও প্রশংসিত হয়েছে সবার কাছে। সমষ্টিগতভাবে তাঁতি, গ্রামীণ নারী-পুরুষ কারুশিল্পী, বিপণন দক্ষতার বিক্রয়কর্মী, প্রডাকশনের সঙ্গে জড়িত কর্মী, উদ্যোক্তা প্যাকেজিংয়ে অনেকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। দেশের সামগ্রিক অর্থনীতিতে এই ভূমিকাটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে।চন্দ্রশেখর সাহা: শিল্পী ও ফ্যাশন ডিজাইনার