সম্ভাবনার দেশ বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বিশেষ দূত রিটা কলওয়েল। তিনি মুসলিম বিশ্বের জন্য নিযুক্ত মার্কিন বিজ্ঞানদূত। যুক্তরাষ্ট্রের সঙ্গে মুসলিম দেশগুলোর বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য তিনি কাজ করছেন। বাংলাদেশে তাঁর বর্তমান ভ্রমণ-অভিজ্ঞতা নিয়ে তিনি কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। তিনি বাংলাদেশে বিশেষ মার্কিন দূত হিসেবে তাঁর বর্তমান ভ্রমণ-অভিজ্ঞতা নিয়ে মুক্ত আলোচনা করেন।রিটা কলওয়েল বিজ্ঞানবিষয়ক দূত হওয়ার আগে ১৯৭৪ সাল থেকে বাংলাদেশে কলেরা নিয়ে গবেষণা করেছেন। ২০১০ সালে পানিবিষয়ক গবেষণার জন্য সম্মানজনক স্টকহোম ওয়াটার প্রাইজ লাভ করেন। ২০০৯ সালে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন কর্তৃক বিশেষ বিজ্ঞানদূতের দায়িত্ব লাভ করেন।বাংলাদেশ মুসলিম বিশ্বের দেশগুলোর চেয়ে অনেক এগিয়ে—তিনি মন্তব্য করেন। রিটা বলেন, ‘দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে রয়েছে মেধার আধার। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি মেধার উপস্থিতি লক্ষণীয়।’ তৃতীয় বিশ্বের সবচেয়ে সম্ভাবনার দেশ হিসেবে তিনি বাংলাদেশকে উল্লেখ করেন। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির জগতে বাংলাদেশ অন্যান্য মুসলিম দেশের আদর্শ হতে পারে বলে তিনি মনে করেন। বাংলাদেশের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘একসময় জাপান ও কোরিয়া সম্পদহীন দেশ ছিল। বাংলাদেশও আগামী কয়েক বছরের মধ্যে জাপান ও কোরিয়ার পরই নিজের অবস্থান করে নিতে পারবে, যদি প্রয়োজনীয় অবকাঠামো ও জ্ঞানভিত্তিক গবেষণার প্রয়োগ ও গুরুত্ব আরও বৃদ্ধি করা হয়।’ তিনি বাংলাদেশের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য বাংলাদেশকে সরাসরি যুক্তরাষ্ট্রের কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির ওপর গুরত্ব আরোপ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিশিল্পে যুক্তরাষ্ট্র সরাসরি সহযোগিতা করতে আগ্রহী। বাংলাদেশের সামাজিক ও প্রাকৃতিক সমস্যা সমাধানের জন্য যুক্তরাষ্ট্র অন্য যেকোনো সময়ের থেকে এখন অনেক উদার। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক উষ্ণতাজনিত সমস্যা, খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্যবিষয়ক সমস্যাসহ বিভিন্ন বিষয়ে দ্রুত সন্তোষজনক সমাধানে পৌঁছাতে পারবে।’ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিটা কলওয়েল বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চতর পড়াশোনার সুযোগ বাড়ানোর প্রতি গুরুত্ব দেন। তিনি মার্কিন কর্তৃপক্ষকে বাংলাদেশি তরুণ মেধাবী সমাজকে যুক্তরাষ্ট্রে গবেষণা ও পড়াশোনার আরও সুযোগ বৃদ্ধির অনুরোধ জানাবেন বলে জানান। তিনি বিশেষ দূত হিসেবে ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকদের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করেন। দুই দেশের ছাত্রছাত্রী, শিক্ষক, গবেষক বিনিময় ও দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির কথা বলেন। বাংলাদেশের আবহাওয়া, সংস্কৃতি ও সমস্যা নিয়ে অনেক দিন ধরেই তিনি পরিচিত উল্লেখ করে বলেন, ‘এ দেশের যত সমস্যা রয়েছে, তা একটু সহযোগিতা ও পথনির্দেশনা পেলে বাংলাদেশ নিজেই সমাধানে সক্ষম হবে। সেই সহযোগিতা বিশেষ করে, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি খাতে বৃদ্ধি করলে বাংলাদেশ সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য এমডিজি খুব দ্রুত অর্জনে সক্ষম হবে।’ বাংলাদেশের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়নের জন্য তিনি গণমাধ্যমের ভূমিকা আরও বৃদ্ধি করার পক্ষে মত দেন। গুলশানের আমেরিকান ক্লাবে সাংবাদিকদের সঙ্গে ১২ জানুয়ারির এ মতবিনিময় সভায় রিটা কলওয়েল ছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রেস ও তথ্য কর্মকর্তা প্যাট্রিসিয়া হিল, অর্থনৈতিক কর্মকর্তা সোফি গাও ও হেড অব প্রেস মেরিনা ইয়াসমিন।জাহিদ হোসাইন