সম্ভাবনার সব দিক নিয়ে এগোতে চায় ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি সক্ষমতা বাড়াতে পারমাণবিক শক্তির ব্যবহার ও গ্যাস আহরণে রাশিয়ার সহযোগিতা পেতে চায় বাংলাদেশ। ইউরোপের অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তির সঙ্গে বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণকেও গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি, সাবেক সোভিয়েত ইউনিয়নের এ প্রজাতন্ত্রের সঙ্গে সমরাস্ত্র কেনাকাটার ক্ষেত্রে নতুন সহযোগিতা গড়তে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল সোমবার থেকে অনুষ্ঠেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাশিয়া সফরে এ বিষয়গুলো অগ্রাধিকার পাবে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর তিন দিনের মস্কো সফরের সময় দুই দেশের মধ্যে চারটি চুক্তি ও ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের কথা রয়েছে। সইয়ের অপেক্ষায় থাকা চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: রাশিয়ার কাছ থেকে রাষ্ট্রীয় ঋণে সমরাস্ত্র কেনাকাটার জন্য আট হাজার কোটি টাকার একটি ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে একাধিক চুক্তি। এর মধ্যে প্রাক-সমীক্ষা নিয়ে চার হাজার কোটি টাকার একটি চুক্তি সই হবে। এই অর্থ রাশিয়া ঋণ হিসেবে দেবে। এ ছাড়া সন্ত্রাসবাদ দমন, জ্বালানি ও শিক্ষা খাতে সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক সই করবে দুই পক্ষ।প্রধানমন্ত্রীর খসড়া সফরসূচি অনুযায়ী, ১৫ জানুয়ারি ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন শেখ হাসিনা। আনুষ্ঠানিক বৈঠকের পর চুক্তি ও সমঝোতা স্মারকগুলো সইয়ের কথা রয়েছে। কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, প্রায় চার দশক পর রাশিয়ায় বাংলাদেশের শীর্ষ পর্যায়ের এ সফরটি তাৎপর্যপূর্ণ। বাহাত্তরের এপ্রিলে তদানীন্তন সোভিয়েত ইউনিয়নে গিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। প্রায় ৪০ বছর পর, পরিবর্তিত বিশ্ব প্রেক্ষাপটে রাশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এ সফরটি এমন এক সময় হচ্ছে, যখন সোভিয়েত ইউনিয়নের ভাগ-পরবর্তী ধকল কাটিয়ে অর্থনৈতিক ও সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে রাশিয়া। তাই এ সফরের মধ্য দিয়ে রাশিয়ার সঙ্গে সহযোগিতার বিষয়গুলো সতর্কতার সঙ্গে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া উচিত।সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর মস্কো সফরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি জ্বালানির চাহিদা মেটাতে পরমাণু শক্তির ব্যবহারে রাশিয়ার সহযোগিতার বিষয়টিতে বিশেষ অগ্রাধিকার থাকবে। সেই সঙ্গে বাংলাদেশের গ্যাস উত্তোলন এবং এর সদ্ব্যবহারে সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এই কর্মকর্তারা বলেন, সম্ভাবনা থাকলেও দুই দেশের মধ্যে বাণিজ্য এখনো বেশ সীমিত। তাই ইউরোপের অন্যতম অর্থনৈতিক শক্তির সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেবে ঢাকা।পরিসংখ্যানে দেখা গেছে, ২০৩০ সালের মধ্যে রাশিয়ায় কর্মক্ষম লোকের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাবে। এ পরিস্থিতিতে রাশিয়ায় বাংলাদেশের জনশক্তি পাঠানোর বিষয়টি নিয়ে আলোচনা হবে কি না জানতে চাইলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, আলোচনার সুযোগ থাকছে। তবে রাশিয়ার মতো উন্নত রাষ্ট্রে লোক পাঠানোর কথা ভাবলে দক্ষ ও বিশেষায়িত লোকজনের বিষয়টি নিয়েই এগোতে হবে।জানতে চাইলে তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ গত শুক্রবার প্রথম আলোকে বলেন, নতুন অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে রাশিয়া। এ প্রেক্ষাপটে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের ভিত্তিতে বাংলাদেশ-রাশিয়ার সম্পর্ককে এগিয়ে নিতে হবে। ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মস্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী সাবেক এ কূটনীতিক বলেন, দেশের স্বার্থের বিষয়টি অগ্রাধিকার দিয়ে রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নের বিষয়ে অগ্রাধিকার দিতে হবে। এ ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন অঞ্চলের সঙ্গে ভারসাম্যমূলক কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে এ সম্পর্ক প্রতিষ্ঠায় গুরুত্ব দেওয়া উচিত। খসড়া সফরসূচি: খসড়া সফরসূচি অনুযায়ী ১৪ জানুয়ারি সকালে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। ১৫ জানুয়ারি দুপুরে শীর্ষ বৈঠক হবে। চুক্তি ও সমঝোতা স্মারক সই এবং যৌথ সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বৈঠক ওই দিনই শেষ হবে। এর মধ্যে পুতিনের দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন শেখ হাসিনা। ওই দিনই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন রাশিয়ার পার্লামেন্টের স্পিকার ভেলেনতিনা আই মাতভিয়েঙ্কো এবং সে দেশের যোগাযোগ ও তথ্যমন্ত্রী নিকোলাই নিকিফোরোব। সফরের তৃতীয় দিন ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী মস্কো স্টেট ইউনিভার্সিটিতে ‘সমকালীন বাংলাদেশ প্রেক্ষাপটে রাশিয়ার সঙ্গে সহযোগিতা’ শীর্ষক বক্তৃতা দেবেন। সেখানে তিনি শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেবেন। রাতে ঢাকার উদ্দেশে মস্কো ছাড়ার আগে রাশিয়ার গ্যাস উৎপাদনকারী সংস্থা গাজপ্রমের কার্যালয় পরিদর্শন করবেন শেখ হাসিনা।