যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জিতে দেশ পরিচালনার প্রত্যাশা জানিয়েছে কনজারভেটিভ পার্টি। দলটির নেতা ডেভিড ক্যামেরন ইতিমধ্যেই শুক্রবার সন্ধ্যায় জোট গঠনের সম্ভাবনা নিয়ে লিবারেল ডেমোক্র্যাটস দলের নেতা নিক ক্লেগের সঙ্গে বৈঠক করেছেন। তৃতীয় স্থানে থাকা লিব ডেমদের সঙ্গে জোট সরকার গঠনের জন্য ‘বড়, উন্মুক্ত ও সমন্বিত’ প্রস্তাব দিয়েছেন ক্যামেরন।এদিকে প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা গর্ডন ব্রাউনও হাল ছাড়েননি। তিনি প্রস্তাব দিয়েছেন, নিক ক্লেগ সমর্থন জানালে তাঁরা লিব ডেমদের দাবি অনুযায়ী নির্বাচনী ব্যবস্থার সংস্কার বিষয়ে দ্রুত উদ্যোগ নেবেন। নির্বাচনী জোট গঠনে এটাই লিব ডেমদের প্রধান শর্ত। খবর বিবিসি, রয়টার্স, এএফপি ও গার্ডিয়ান অনলাইনের।ভোটের ফল চূড়ান্ত হওয়ার পর ডেভিড ক্যামেরন বলেন, ‘৮০ বছরের মধ্যে সবচেয়ে বেশি আসনে জিতেছে টোরিরা। এটা এখন পরিষ্কার, দেশবাসী পরিবর্তন চায়। আর এ জন্য দরকার নতুন নেতৃত্ব।’ক্যামেরন-ক্লেগ বৈঠকে উপস্থিত সূত্র জানিয়েছে, অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার বিষয়ে ‘আরও বিস্তারিত’ আলোচনার বিষয়ে রাজি হয়েছেন দুই নেতা। এবারের নির্বাচনে কোনো দলই এককভাবে সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। পার্লামেন্টের ৬৫০টি আসনের মধ্যে ৬৪৯টি আসনের ভোট গ্রহণ করা হয়েছে বৃহস্পতিবার। এর মধ্যে কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩০৬টি, লেবার পার্টি জিতেছে ২৫৮টিতে এবং লিবারেল ডেমোক্র্যাটস দল পেয়েছে ৫৭টি আসন। এ ছাড়া উত্তর আয়ারল্যান্ডের দল ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি) জিতেছে আটটি আসনে, স্কটল্যান্ডের স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) জিতেছে ছয়টি আসনে এবং অন্যান্য দল ও প্রার্থীরা ১৪টি আসনে জয়লাভ করেছেন। নির্বাচনী প্রচারণা চলার সময় একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ‘থার্স্ক ও ম্যালটন’ আসনে ভোট গ্রহণ ২৭ মে পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।সরকার গঠনের জন্য ব্রিটেনের ৬৫০ আসনের পার্লামেন্টে কোনো দল বা জোটের ৩২৬টি আসন থাকতে হবে। ফলে ব্রিটেনে এবার আগের ধারণামতোই একটি ঝুলন্ত পার্লামেন্ট হচ্ছে।নির্বাচনে দ্বিতীয় অবস্থানে থাকলেও ব্রিটেনের সংবিধান অনুযায়ী, সরকার গঠনের জন্য প্রথমে ডাক পাওয়ার কথা বর্তমান প্রধানমন্ত্রীর দল লেবার পার্টির। তবে প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন প্রথমে টোরিদের সরকার গঠনের জন্য লিবারেল ডেমোক্র্যাটস দলের সঙ্গে আলোচনা করার আহ্বান জানান। তৃতীয় অবস্থানে থাকা লিবারেল ডেমোক্র্যাটস দলের নেতা নিক ক্লেগও বলেছেন, সবচেয়ে বেশি আসন পাওয়ায় টোরি দলেরই সরকার গঠনের জন্য প্রথমে সুযোগ দেওয়া উচিত। তবে ক্লেগ তাঁর দলের নির্বাচনী ফলে হতাশা প্রকাশ করছেন।সরকার গঠনের ক্ষেত্রে এবার গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে নিক ক্লেগের দল। আগের নির্বাচনের চেয়ে বেশি ভোট পেলেও তাদের আসন এবার পাঁচটি কমেছে। নির্বাচনের আগের কয়েক সপ্তাহের জনমত জরিপে ক্লেগের লিব ডেম দল চমকপ্রদ জনপ্রিয়তা দেখিয়েছিল।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারের নির্বাচনেই সবচেয়ে খারাপ করেছে লেবার পার্টি। তবে দলের নেতা গর্ডন ব্রাউন বলেছেন, কনজারভেটিভ পার্টির সঙ্গে লিবারেল ডেমোক্র্যাটস দলের কোনো সমঝোতা না হলে তাঁরা লিবারেল ডেমোক্র্যাটসের সঙ্গে আলোচনা করবেন। ব্রাউন বলেন, তিনি একটি স্থিতিশীল সরকার গঠন করতে চান।ফল প্রকাশের দিন গতকাল স্থানীয় সময় দুপুর আড়াইটায় ভাষণ দেন টোরি দলের নেতা ক্যামেরন। তিনি সরকার গঠনের জন্য লিবারেল ডেমোক্র্যাটস দলের আলোচনায় বসার জন্য আহ্বান জানান। এ ছাড়া তিনি অন্যান্য দলের সঙ্গে জোট গঠনের জন্য আলোচনা করার কথাও বলেছেন। ডেভিড ক্যামেরন বলেন, ‘আমরা সব কটি আসনের ফল প্রকাশের জন্য অপেক্ষা করছি। তবে আমার বিশ্বাস, এটা পরিষ্কার হয়ে গেছে, লেবার পার্টির সরকার দেশ পরিচালনার ‘ম্যান্ডেট’ হারিয়েছে।’এ ক্ষেত্রে নিক ক্লেগ ও তাঁর দলের নেতারা জানিয়েছেন, সমঝোতার ক্ষেত্রে তাঁদের প্রধান শর্ত হচ্ছে দেশের বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার সংস্কার। আর এই শর্তের বিষয়ে টোরি দলের নেতাদের তুলনায় লেবার পার্টির নেতারা বেশি নমনীয় অবস্থানে রয়েছেন। বিশ্লেষকদের হিসাব-নিকাশ ও ভোটদান-পরবর্তী জরিপের ফল অনুযায়ী, লিবারেল ডেমোক্র্যাট দলের সমর্থন ছাড়া সরকার গঠন করতে পারবে না কনজারভেটিভ পার্টি। অন্যদিকে লেবার পার্টি ও লিব ডেমের মধ্যে জোট হলেও অন্যান্য ছোট দলের সমর্থন দরকার হবে তাদের।গত বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত যুক্তরাজ্যজুড়ে ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভোটদান-পরবর্তী জরিপের ফল বিশ্লেষণ করে পূর্বাভাস জানানো হয়, কনজারভেটিভ পার্টি ৩০৭, লেবার পার্টি ২৫৫ ও লিবারেল ডেমোক্র্যাটস দলের প্রার্থীরা ৫৯টি আসনে জিততে পারে। এবারের সাধারণ নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা চার কোটি ৪০ লাখের কিছু বেশি। এবার ৬৫ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।এদিকে এবারের নির্বাচনে রক্ষণশীল ডানপন্থী ব্রিটিশ ন্যাশনাল পার্টি (বিএনপি) বড় ধরনের ধাক্কা খেয়েছে। দলটির ভোটও অনেকটা কমেছে। অভিবাসীদের ব্যাপারে নেতিবাচক মনোভাব রয়েছে দলটির। ভোটের ফল প্রকাশের পর তার প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির বিজয়ী প্রার্থী মার্গারেট হজ বিএনপির নেতা নিক গ্রিফিনকে উদ্দেশ করে বলেছেন, ‘ব্যাগ গোছান এবং বিদেয় হোন।’অন্যদিকে পরিবেশবাদী গ্রিন পার্টি প্রথমবারের মতো একটি আসনে জিতেছে।বিবিসির হিসাব অনুযায়ী, কনজারভেটিভ পার্টির পক্ষে ভোট পড়েছে ৩৬ শতাংশ। লেবার পার্টি পেয়েছে ২৯ শতাংশ ভোট। অন্যদিকে লিবারেল ডেমোক্র্যাটস দলকে ভোট দিয়েছেন ২৩ শতাংশ ভোটার। নির্বাচনের এই ফলাফল অল্প সময়ের ব্যবধানে আবার নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনাকেও সামনে এনেছে। কোনো দল বা জোট একটি স্থিতিশীল সরকার গঠনে ব্যর্থ হলে ব্রিটেনবাসীকে আবার ভোটের শরণ নিতে হতে পারে।