নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা
সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ, সরানো হচ্ছে বিলবোর্ড
নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা গতকাল শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এদিকে শহরের বিভিন্ন এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে সম্ভাব্য প্রার্থীর প্রচারণাসংবলিত বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন।গতকালও মেয়র পদে সম্ভাব্য তিনজন প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী, এ কে এম শামীম ওসমান ও তৈমুর আলম খন্দকার শহরে জনসংযোগ করেছেন।সভা: সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভায় রিটার্নিং কর্মকর্তা লু ৎফর রহমান বিশ্বাস সভাপতিত্ব করেন। এতে নির্বাচন পরিচালনার জন্য নিয়োগ পাওয়া নয়জন সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য প্রত্যেক সহকারী রিটার্নিং কর্মকর্তাকে তিনটি করে সাধারণ ওয়ার্ড এবং একটি করে সংরক্ষিত ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়। নির্বাচনের আগে সংশ্লিষ্ট সাধারণ এবং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের যেকোনো বিষয় জানতে এবং সহযোগিতা পেতে দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সভাশেষে দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তারা নিজ নিজ ওয়ার্ডের ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ ছাড়া সংশ্লিষ্ট ওয়ার্ডে বিভিন্ন মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষে লাগানো সাইন ও বিলবোর্ড অপসারণ করা হচ্ছে কি না, এসব বিষয়ে খোঁজখবর নেন। নির্বাচন কমিশন এসব সাইন ও বিলবোর্ড অপসারণের জন্য আগামী রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। পাল্টে গেছে দৃশ্যপট: গত বৃহস্পতিবার নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে এ সময়ের মধ্যে পাল্টে গেছে সিটি করপোরেশনের দৃশ্যপট। আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীর সমর্থকেরা সিটি করপোরেশন এলাকায় তাঁদের লাগানো বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন খুলে ফেলেছেন। রাস্তার দুই পাশে ও ভবনের ছাদে কোথাও বিলবোর্ড, ব্যানার চোখে পড়েনি। সম্ভাব্য প্রার্থী ও জনসংযোগ: ৩০ অক্টোবর অনুষ্ঠেয় এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী কে হচ্ছেন—এ নিয়ে চলছে নানা জল্পনা। এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানা যায়নি।তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার শুরু করেছেন সম্প্রতি বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী ও সাবেক সাংসদ শামীম ওসমান।গতকাল সকালে শহরের জিমখানা ও সিদ্ধিরগঞ্জের মিজমিজি ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ঘরোয়া বৈঠক করেছেন সেলিনা হায়াত আইভী। সাবেক সাংসদ ও আওয়ামী লীগের নেতা শামীম ওসমানও শহরের দেওভোগসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। সেলিনা হায়াত আইভী বলেন, ‘দল থেকে আমাকেই সমর্থন দেওয়া হবে বলে মনে-প্রাণে বিশ্বাস করি। কারণ, ২০০৩ সালে দলের দুঃসময়ে মেয়র নির্বাচিত হয়ে দলকে সুসংগঠিত করতে কাজ করেছি। মেয়র হয়ে জনগণের জন্য কাজ করেছি। যেখানেই যাচ্ছি, জনগণের বিপুল সাড়া পাচ্ছি। আমি মনে করি, এ খবর আমার দল রাখে। তাই দল আমাকেই সমর্থন দেবে।’ তিনি বলেন, ‘অবাধ ও সুষুম নির্বাচনের জন্য সন্ত্রাসী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান জরুরি। এ জন্য আমরা সেনা মোতায়েন ও প্রশাসনে রদবদলের দাবি জানাচ্ছি।’ শামীম ওসমান বলেন, ‘দল চাইলে নির্বাচন করব।’মেয়র পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকার শহরের মণ্ডলপাড়া, জিমখানা, মাছুয়াপাড়া, শীতলক্ষ্যা, বন্দরের সোনাকান্দা, ফরাজীকান্দা, দড়ি সোনাকান্দা এলাকায় গণসংযোগ করেছেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটার সংখ্যা চার লাখ তিন হাজার ৮৩২। ২৭টি ওয়ার্ডের কেন্দ্র ১৬৩টি।