নির্বাচন কমিশন কর্তৃক স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য জয়পুরহাট জেলা আওয়ামী লীগ সম্ভাব্য প্রার্থীদের আবেদনপত্র ও সাক্ষাৎকার নিয়েছে। জেলার পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা গত ৩ ও ৪ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগ অফিসে মনোনয়ন বোর্ডের কাছে সাক্ষাৎকার দিয়েছেন। জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, জেলার চারটি পৌরসভা ও ৩২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় সম্ভাব্য ১০৮ জন প্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ার জন্য আবেদনপত্র জমা দেন। এদের মধ্যে মেয়র পদে জয়পুরহাট সদর পৌরসভায় চার, পাঁচবিবির দুই, কালাইয়ের সাত ও আক্কেলপুরের চারজন প্রার্থী সাক্ষাৎকার দেন। এ ছাড়া জেলার পাঁচটি উপজেলার ৩২টি ইউনিয়নে ৯১ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবেদন করে সাক্ষাৎকার দিয়েছেন। জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী জানান, জেলায় চারটি পৌরসভা ও ৩২টি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয়ভাবে একক প্রার্থী দিয়ে নির্বাচন করতে চায়। জেলা কমিটির সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচন করলে সাংগঠনিকভাবে জেলা কমিটি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। একাধিক পৌরসভা মেয়র ও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জানান, পৌরসভা প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ করতে ৫০০ টাকা এবং দলীয় চাঁদা এক হাজার ৫০০ টাকা করে প্রতি প্রার্থীকে দিতে হয়েছে। আর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীদের ৫০০ টাকা মনোনয়নপত্রের দাম এবং এক হাজার টাকা দলীয় চাঁদা হিসেবে দিতে হয়েছে জেলা কমিটিকে। হরের দলীয় কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, সহসভাপতি মোল্লা শামসুল আলম, এডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল, প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ খাজা শামসুল আলমসহ বেশ কয়েকজন সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জয়পুরহাট পৌরসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী আওয়ামী লীগ নেতা নন্দলাল পার্শি ও আরিফুর রহমান জানান, দীর্ঘদিন থেকে দলীয় রাজনীতি করি। সংগঠনকে সময় দিই, এ কারণেই তাঁরা পৌরসভা নির্বাচনে মনোনয়ন চেয়েছেন। জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা হাতেম আলী মণ্ডল জানান, দুর্দিনে-সুদিনে আওয়ামী লীগের সঙ্গে রয়েছি। এ জন্য তিনি আশাবাদী। জামালপুর ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী বিমান চন্দ্র সরকার জানান, দল তাঁকে মনোনয়ন দিলে তিনি ওই ইউনিয়নে নির্বাচনের প্রার্থী হবেন। তবে দল যদি তাঁকে মনোনয়ন না দেয়, সে বিষয়টি পরবর্তী সময়ে তাঁর শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে সিদ্ধান্ত নেবেন।