সম্ভাব্য বিক্ষোভ দমনে মালদ্বীপে ব্যাপক নিরাপত্তা-ব্যবস্থা
এ বছরের শুরুতে মালদ্বীপে ক্ষমতার হাতবদল হয়। সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ক্ষমতা ছাড়ার পর দাবি করেছিলেন, ওটা ক্ষমতার হস্তান্তর ছিল না, ছিল এক সামরিক অভ্যুত্থান। পাল্টাপাল্টি বক্তব্য আর নাশিদের সমর্থকদের বিক্ষোভ উত্তাল করে তুলেছে দেশটির রাজনীতি ও অর্থনীতি। সমস্যার সমাধানে কমনওয়েলথের একটি দল ঘটনার তদন্ত শুরু করে। আগামীকাল বৃহস্পতিবার ওই রিপোর্ট প্রকাশিত হওয়ার কথা। এমন অবস্থায় দেশটিতে সম্ভাব্য বিক্ষোভ ও বিদ্রোহ নিয়ন্ত্রণে সরকার ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে।কমনওয়েলথের সমর্থনপুষ্ট কমিশন অব ন্যাশনাল ইনকোয়্যারির ওপর দায়িত্ব ছিল গত ৭ ফেব্রুয়ারির ঘটনার তদন্ত করার। নাশিদ অভিযোগ করে আসছেন, সেদিন তিনি সামরিক বাহিনীর সদর দফতরে গেলে সেখানে প্রায় ১৮ জন সেনা ও পুলিশ কর্মকর্তা বন্দুকের মুখে তাঁকে পদত্যাগে বাধ্য করেন। পরে দেশটির দায়িত্ব নেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ হাসান মানিক। ব্যাপক বিক্ষোভের আশঙ্কায় পুলিশ রাজধানী মালেতে আসা সব নৌকা ও আরোহীদের তল্লাশি করছে। তদন্ত কমিশনে নাশিদের নেতৃত্বাধীন মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) প্রতিনিধি ইতিমধ্যেই দাবি করেছেন, তদন্ত প্রতিবেদনে নাশিদের অভিযোগ অনুযায়ী অভ্যুত্থানের কোনো বিবরণ নেই।এমডিপির মুখপাত্র হামিদ আবদুল গফুর বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘সবাই জানে সেদিন কী হয়েছিল। যদি কমিশন বলে সেটি অভ্যুত্থান ছিল না, তবে সেটি হবে মালদ্বীপবাসীর জন্য বিস্ময়কর। কেউ তা বিশ্বাস করবে না।’তিনি বলেন, ‘অন্যান্য দ্বীপগুলো থেকে লোকজন এসে পৌঁছাতে শুরু করেছে। যদিও পুলিশ তাদের থামাতে বা ফেরত পাঠাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’পুলিশ বলেছে, তাঁরা কোন বিক্ষোভ সহ্য করবে না। জনগণকে কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি থেকে বিরত থাকাও নির্দেশ দেয় তারা।পুলিশের সুপারিনটেনডেন্ট আবদুল্লা নেওয়াজ বলেন, আটজনকে আটক করা হয়েছে। তবে প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদের কার্যালয় থেকে জানানো হয়, যেকোনো শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি দেওয়া হবে।দীর্ঘ ৯০০ বছর স্বাধীন সুলতানি শাসনে থাকার পর দেশটি ব্রিটিশ উপনিবেশে পরিণত হয় ১৮৮৭ সালে। ১৯৬৫ সালে স্বাধীনতা লাভের পর ২০০৮ সালে দেশটিতে প্রথম পূর্ণাঙ্গ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নাশিদ সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইউমকে পরাজিত করেন। এর আগে মামুন প্রায় ৩০ বছর ক্ষমতায় ছিলেন।