মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০১২
সম্ভাব্য রিপাবলিকান প্রার্থীদের সমালোচনা কেবল ওবামাকে ঘিরে
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে আগামী বছর। এ নির্বাচনকে সামনে গতকাল সোমবার রিপাবলিকান পার্টির সম্ভাব্য সাতজন প্রার্থীর প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়। এ বিতর্কে তাঁরা নিজেদের সমালোচনা না করে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার কঠোর সমালোচনা করেছেন। বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থীরা বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে বারাক ওবামা ব্যর্থ। তাঁরা ওবামার স্বাস্থ্যনীতির কঠোর সমালোচনা করে সেটি পুনর্গঠনের কথা বলেন।পরবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির হয়ে ওই সাতজনের মধ্যে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নির্ধারণের জন্যই ছিল এ বিতর্ক। কিন্তু তাঁরা নিজেদের ভুল-ক্রটি, সাফল্য-ব্যর্থতার কথা না বলে শুধু ওবামার ব্যর্থতা নিয়ে কথা বলেন।ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মিট রমনি বলেন, ‘এই প্রেসিডেন্ট ব্যর্থ। কারণ, সরকার দেশে প্রয়োজনীয় কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি দিতে পারছে না।’মিনেসোটা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর টিম পলেনটি স্বাস্থ্যনীতিকে ‘ওবামানীতি’ হিসেবে অভিহিত করেন। সম্ভাব্য প্রার্থীদের সবাই ওবামার ২০১০ সালের স্বাস্থ্যনীতিকে সমালোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন। তাঁরা বলেন, এ নীতি রাষ্ট্র সম্পর্কিত নয় এবং রাজস্ব সৃষ্টি করছে না।মিট রমনি আরও বলেন, জনগণ এ নীতি পছন্দ না করলে তাঁরা সেটি পরিবর্তন করবেন। এ অবস্থায় নতুন কেউ প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি ওবামার চেয়ে ভালো প্রেসিডেন্ট হবেন।