জুরাইনে মা ও দুই সন্তানের মৃত্যুর ঘটনায় ‘সম্ভ্রমহানির অভিযোগে আত্মহত্যা’র ধারায় মামলা নেওয়া পুলিশের ভুল বলে মন্তব্য করেছেন তদন্ত কর্মকর্তা। তদন্তে এ অভিযোগের কোনো সত্যতা মেলেনি বলে গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন।তবে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ুবুর রহমান ভুল করার কথা অস্বীকার করেন। প্রথম আলোকে তিনি বলেন, মামলা করার সময় তাঁদের সন্দেহ হয়েছিল, সম্ভ্রমহানির কারণেই এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ কারণে মামলাটি নারী নির্যাতন আইনের ৯(ক) ধারায় নেওয়া হয়েছে।জুরাইনের বাসায় ফারজানা রিতা ও তাঁর দুই সন্তান ইশরাক পাবন (১৩) ও মেয়ে রাইসা রাশমিন পায়েলের মৃত্যুর ঘটনায় গত ১১ জুন ফারজানার মা মাজেদা বেগম বাদী হয়ে কদমতলী থানায় মামলা করেন। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করা হয়। কিন্তু কদমতলী থানার পুলিশ এ অভিযোগ আমলে না নিয়ে ‘সম্ভ্রমহানির অভিযোগে আত্মহত্যা’ হিসেবে মামলা নেয়। প্রথম দিকে কয়েক দিন কদমতলী থানার দারোগা গোলাম মোস্তফা মামলাটি তদন্ত করেন। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্তের দায়িত্ব পায়। পুলিশ এ মামলায় এজাহারভুক্ত আট আসামিসহ নয়জনকে গ্রেপ্তার করে।মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, যে ধারায় অভিযোগ আনা হয়েছে, তদন্তে তার কোনো সত্যতা পাননি তিনি। আসামিদের জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য-প্রমাণে তিনি নিশ্চিত হয়েছেন, এটি ‘প্ররোচিত আত্মহত্যা’। এখানে সম্ভমহানির কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, এ ধারায় মামলা করা ঠিক হয়নি। তবে এতে মামলার কোনো ক্ষতি হবে না উল্লেখ করে তিনি বলেন, পুলিশ সঠিক ধারাতেই অভিযোগপত্র দেবে।ভুল ধারায় মামলা করার কারণ জানতে চাইলে পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার তৌফিক মাহবুব চৌধুরী প্রথম আলোকে বলেন, তাৎক্ষণিক অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়। এ ক্ষেত্রে ভুল হলেও পরে অভিযোগপত্র দায়ের করার সময় সঠিক ধারায় দেওয়া হবে।ফারজানার দুলাভাই কাজী আরিফের অভিযোগ, পুলিশ ইচ্ছে করেই ভুল ধারায় মামলা নিয়েছে। সাংবাদিক শফিকুল কবির খুবই প্রভাবশালী। তিনি মামলাটি ভুল ধারায় নিতে প্রভাবিত করেছেন, যাতে ভবিষ্যতে সুবিধা পান।এদিকে তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, এ মামলায় রাশেদুল কবির ও তাঁর দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতি, রাশেদুলের বাবা শফিকুল কবির, মা নূর বানু, দুই বোন সুখন ও কবিতা এবং ভগ্নিপতি দেলোয়ার হোসেন পাটোয়ারী, গাড়িচালক আল আমিন ও ওষুধ বিক্রেতা গাফফারকে গ্রেপ্তার করা হয়। আল আমিন ও গাফফার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শফিকুল কবিরের স্ত্রী নূর বানু জামিনে মুক্তি পেয়েছেন। অন্যরা সবাই কারাবন্দী। নূর বানু মুক্তি পাওয়ার পর ফারজানার ব্যবহার করা গাড়িটি নিজের জিম্মায় নিতে আদালতে আবেদন করেন। আদালত গাড়িটির মালিকানা যাচাইয়ের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।মামলার তদন্ত কর্মকর্তা জানান, তাঁরা ইতিমধ্যে তদন্ত শেষ করে ফেলেছেন। তদন্তে তথ্য-প্রমাণ মিলেছে, এটি ‘প্ররোচিত আত্মহত্যা’। এতে এজাহারভুক্ত আটজনসহ নয়জনকে আসামি করা হচ্ছে। তিনি জানান, এখন আসামিদের গ্রামের বাড়ির ঠিকানা যাচাই করা হচ্ছে। নয়জনের মধ্যে সুখন কবিরের সিলেটের ঠিকানা থেকে এখনো কোনো পুলিশি প্রতিবেদন আসেনি। ঠিকানা যাচাই শেষ হলেই অভিযোগপত্র দেওয়া হবে।গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার গোলাম আজাদ খান বলেন, গ্রেপ্তারকৃতদের জেরা করে ও অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্য-প্রমাণে নিশ্চিত হওয়া গেছে যে এটি প্ররোচিত আত্মহত্যা।