সম্মান দেখানো নিয়ে শিক্ষামন্ত্রী বিব্রত
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মনে করছেন, তাঁকে বিব্রত করার জন্যই বুয়েটের আন্দোলনকারী শিক্ষকেরা তাঁর প্রতি সম্মান দেখানোর কথা বলে দুই দিনের জন্য কর্মসূচি স্থগিত করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ অনুভূতির কথা জানান।গতকাল বুধবার উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের চলমান আন্দোলন দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে, তবে সমস্যার সমাধান না হলে রোববার গণপদত্যাগের সিদ্ধান্তে অটল থাকবেন বলে আন্দোলনরত শিক্ষকেরা জানিয়েছেন।আন্দোলন থেকে শিক্ষকেরা পিছু হটে যাচ্ছেন কি না, এমন প্রশ্নের জবাবে গতকাল শিক্ষক সমিতির সভাপতি বলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের প্রতি আস্থা ও বুয়েটের চলমান সমস্যা সমাধানে তাঁর উদ্যোগের প্রতি সম্মান রেখে আন্দোলন দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে। উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণ না হলে আগামী শনিবার বেলা ১১টা থেকে আবার আন্দোলন শুরু হবে।আজকের ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘সকলের সামনে আমাকে বিব্রত করা ছাড়া এর কোনো কারণ দেখি না। সম্মান যদি করতেন, তাহলে যেদিন (গত সোমবার) বুয়েটের সাবেক উপাচার্য, ডিন ও বিভাগীয় প্রধানদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নিয়েছিলাম, সেদিন যদি তাঁরা গণপদত্যাগের সিদ্ধান্ত না নিতেন, তাহলে সবার প্রতি সম্মান দেখানো হতো।’নুরুল ইসলাম আরও বলেন, ‘যেখানে অমরা সমাধানের পথ বের করছিলাম, সেখানে তাঁরা গণপদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এর চেয়ে চরম সিদ্ধান্ত আর কী হতে পারে? এ গণপদত্যাগের সিদ্ধান্ত আমাদের উদ্যোগকে বাধাগ্রস্ত করেছে।’গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ডাকে বৈঠকে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্যকে সরিয়ে দেওয়ার পরামর্শ দেন বুয়েটের সাবেক উপাচার্য, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতা এবং বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানেরা।এর পর বুয়েট শিক্ষক সমিতির জরুরি সভায় আন্দোলনরত শিক্ষকেরা গণপদত্যাগ করার সিদ্ধান্ত নেন। এ জন্য পদত্যাগপত্রে সই করেছেন তাঁরা।উপাচার্য ও সহ-উপাচার্যের বিরুদ্ধে ১৬টি অনিয়মের অভিযোগ তুলে কয়েক মাস ধরেই বুয়েটের শিক্ষক সমিতি আন্দোলন করছে। উপাচার্য ও সহ-উপাচার্য দুজনই তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।