সম্মানজনক প্রস্থান চান ইয়েমেনের প্রেসিডেন্ট
সম্মান ও মর্যাদার সঙ্গে বিদায়ের সুযোগ দেওয়া হলেই ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ ক্ষমতা হস্তান্তর করবেন বলে জানিয়েছেন। গতকাল শনিবার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে তিনি এ কথা জানান বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ আল আরাবিয়া টিভি চ্যানেলকে বলেছেন, ‘সম্মান ও মর্যাদাপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের শর্তে আমি কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করতে পারি। আমি আমার দেশটাকে নিরাপদে রেখে যেতে চাই। শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের জন্য আমি এখনো ক্ষমতায় আছি। আমি জেদ্দা বা প্যারিস যেতে চাই না।’এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবু বাকের আল কুরবি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, শান্তিপূর্ণ উপায়ে অতি দ্রুত সময়ের মধ্যেই ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে বিরোধীদের সঙ্গে চুক্তি হতে পারে।তবে দেশটির বিরোধীরা অভিযোগ করেছে, সরকারের সঙ্গে তাদের এখনো বড় ধরনের ব্যবধান রয়েছে। সালেহ ক্ষমতা ধরে রাখতেই এসব বলছেন।ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ ৩২ বছর ধরে দেশটির ক্ষমতায় আছেন। সালেহ সরকারের অপশাসন ও দুর্নীতির বিরুদ্ধে এবং রাজনৈতিক সংস্কারের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে।