সম্মাননা পেয়ে একাত্তরে ফিরে গেলেন প্রণব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাতে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা। বঙ্গভবনের দরবার হলে গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশি-বিদেশি দুই শতাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে এই সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।পররাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ সম্মাননার আয়োজন করে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ নিয়ে পঞ্চমবারের মতো এ ধরনের সম্মাননা দেওয়া হলো।মুক্তিযুদ্ধে অবদান রাখা ভারতীয় ভাই-বোনদের মনে রাখায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান প্রণব মুখার্জি। তিনি বলেন, ‘আমার সামান্য অবদানের জন্য সম্মানজনক পদকটি দেওয়ায় আমি বিনয়ের সঙ্গে এটি গ্রহণ করছি। আজ রাতে এখানে দাঁড়িয়ে আমি ফিরে গেছি একাত্তরের দিনগুলোতে। বাংলাদেশের মানুষ যখন তাঁদের মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল তখন আমি ৩৬ বছরের এক তরুণ সাংসদ।’ বাংলাদেশের প্রবাসী সরকারকে ভারতের সমর্থন দানের বিষয়ে ১৯৭১ সালের ১৫ জুন ভারতের রাজ্যসভায় যে প্রস্তাবটি তিনি উত্থাপন করেন, তার কথাও উল্লেখ করেন প্রণব মুখার্জি।ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে গতকাল মুক্তিযুদ্ধ সম্মাননা গ্রহণের আগে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে বৈঠক করেন। তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও পরিদর্শন করেন। সম্মাননা তুলে দিয়ে প্রণব মুখার্জির উদ্দেশে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, ‘মানবতা ও ন্যায়বিচারের দৃষ্টিকোণ থেকে একাত্তরের মুক্তিযুদ্ধে আপনি আমাদের সমর্থন যুগিয়েছেন। আপনার এ সমর্থন আমাদের সাহস আর অনুপ্রেরণা যুগিয়েছে।’ তিনি বলেন, মুক্তিযুদ্ধে প্রণব মুখার্জির অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং জাতি কৃতজ্ঞতার সঙ্গে তাঁর এ অবদানের কথা মনে রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে বাংলাদেশের একান্ত সুহূদ হিসেবে অভিহিত করে বলেন, ‘বিভিন্ন মহলের বাধা উপেক্ষা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে যুদ্ধ শুরু হলে তিনি আমাদের পাশে দাড়িয়েছিলেন। আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আপনাকে মুক্তিযুদ্ধ সম্মাননা দিতে পেরে জাতি হিসেবে আমরা গর্ব বোধ করছি।’ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ: ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি জিল্লুর রহমানের এক সঙ্গে বৈঠকে বলেন, ভারত সরকার বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত সব বিষয় সমাধানের জন্য পদক্ষেপ নিয়েছে। কারণ বাংলাদেশের সমন্বিত উন্নয়ন প্রক্রিয়ায় সমর্থন যোগাতে ভারত প্রতিজ্ঞাবদ্ধ। রাষ্ট্রপতির প্রেস সচিব নেসার উদ্দিন ভূঁইয়া বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান। বাসস ও ইউএনবি জানায়, বঙ্গভবনে আধাঘণ্টার এ বৈঠকে দুই প্রতিবেশি দেশের রাষ্ট্রপতি দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে প্রণব: সব রাজনৈতিক দলের অংশগ্রহণে বাংলাদেশের আগামী নির্বাচন দেখতে আগ্রহী ভারত। এটি হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে। এ ধরনের নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার পক্ষে সহায়ক হবে।জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের কাছে এ মনোভাব প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি। গতকাল সকালে হোটেল সোনারগাঁওয়ে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর জাতীয় পার্টির চেয়ারম্যান সাংবাদিকদের এ তথ্য জানান। তাঁদের আলোচনায় বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের প্রসঙ্গটি এসেছে উল্লেখ করে এরশাদ বলেন, ভারতের রাষ্ট্রপতি বলেছেন, ‘আপনাদেরই সমস্যা সমাধানের পথ খুঁজে বের করতে হবে।’বাংলাদেশের চলমান সহিংসতা নিয়ে কথা হয়েছে কি না, জানতে চাইলে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘এটি আসলে আমাদের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে তিনি কোনো কথা বলেননি। তবে এ সময় প্রণবের সঙ্গে থাকা এক মন্ত্রী (ভারতের রেল প্রতিমন্ত্রী অধীন চৌধুরী) বলেন, ‘এমন এক সময় বাংলাদেশে আসলাম যখন সহিংসতা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। এতে ভালো লাগছে না।’আরও সাক্ষাৎ: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গতকাল ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে তাঁর হোটেল কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ভারতের রাষ্ট্রপতিকে তথ্যমন্ত্রী তাঁর লেখা কয়েকটি বই ও ফুল উপহার দেন। প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা গওহর রিজভী ও মসিউর রহমানও ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেন। এ ছাড়া বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীও তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।