সম্মানসূচক ‘গোল্ডেন বেয়ার’ পাচ্ছেন মেরিল স্ট্রিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ এ বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বার্লিনের আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে সম্মানিত হবেন সম্মানসূচক গোল্ডেন বেয়ার পুরস্কারে। মেরিল তাঁর অভিনয় নৈপুণ্য আর বহুমাত্রিক অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অবদান রাখার কারণেই এই সম্মানসূচক গোল্ডেন বেয়ার পাচ্ছেন। বার্লিন চলচ্চিত্র উত্সব বা বার্লিনালে কর্তৃপক্ষের বরাতে জার্মান বার্তা সংস্থাগুলো এ খবর জানিয়েছে। দুবার অস্কার জয়ী এই গুণী অভিনেত্রী এ পর্যন্ত মোট ১৭ বার অস্কার মনোনয়ন পেয়েছেন। ১৯৭৯ সালে ক্র্যামার ভার্সেস ক্র্যামার মেরিল স্ট্রিপকে তাঁর প্রথম অস্কার পুরস্কারটি এনে দিয়েছিল। মেরিল স্ট্রিপের উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে সোফিস চয়েস (১৯৮২), আউট অফ আফ্রিকা (১৯৮৫), দ্য মানচুরিয়ান ক্যান্ডিডেট (২০০৪) ও দ্য ডেভিল ওয়ারস প্রাদা (২০০৬)। ২০০৯ সালে মেরিল অভিনয় করেছিলেন কমেডি ধাঁচের জুলি অ্যান্ড জুলিয়া ছবিতে। হলিউডের এই অভিনেত্রী চলচ্চিত্রে নিজেকে শুধু স্বমহিমায় প্রতিষ্ঠিতই করেননি; তাঁর অভিনয় নৈপুণ্যে বারবারই দর্শক-শ্রোতা বিমুগ্ধ হয়েছে। দ্য ব্রিজেস অফ ম্যাডিসন কাউন্টি ছবিতে মেরিলের অনবদ্য অভিনয়, যাঁরা এই ছবিটি দেখেছেন এমন চলচ্চিত্র দর্শকমাত্রই স্মরণে রাখবেন। এ পর্যন্ত প্রায় ৪০টি ছবিতে অভিনয় করেছেন মেরিল স্ট্রিপ। তাঁর বহুমাত্রিক অভিনয়ে প্রাণ পেয়েছে বহু কমেডি ধাঁচের ছবি থেকে শুরু করে অসংখ্য আলোচিত ও সিরিয়াস ধাঁচের ছবি। ৬২ বছর বয়সে এই অভিনেত্রী সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের জীবনী নিয়ে নির্মিত ছবি দ্য আয়রন লেডিতে মার্গারেট থ্যাচার চরিত্রে অভিনয় করেন। ২৪ ফেব্রুয়ারি বার্লিনালে যখন মেরিলের হাতে তুলে দেওয়া হবে সম্মানসূচক গোল্ডেন বেয়ার, সে দিন উপস্থিত দর্শকদের জন্য প্রদর্শিত হবে দ্য আয়রন লেডি।