বাউলসম্রাট শাহ আবদুল করিমের ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ এবং ‘কোন মেস্তরি নাও বানাইল কেমন দেখা যায়’ এ দুটি গানের সঙ্গে নেচে-গেয়ে ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের নাট্যকর্মীরা। এ উপলক্ষে ২০ সেপ্টেম্বর বিকেল চারটায় নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী সারদা হল প্রাঙ্গণে এসে শেষ হয়।বিকেল পৌনে পাঁচটায় সারদা হল প্রাঙ্গণে শুরু হয় মুজিবজাহান রেডক্রিসেন্ট রক্তকেন্দ্রের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। পরে ‘নাট্যকর্মী সৌহার্দ্য সম্মেলন’ পর্বে শুভেচ্ছা জানিয়ে বক্তৃতা দেন সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক হেমচন্দ্র ভট্টাচার্য, বর্তমান প্রধান পরিচালক নিজামউদ্দিন লস্কর, পরিচালক ভবতোষ রায় বর্মণ, সিলেট চেম্বার অব কমার্সের প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী, নাট্যকার বিদ্যুৎ কর, সাংবাদিক আল-আজাদ, উর্বশী আবৃত্তি পরিষদের সভাপতি মোকাদ্দেস বাবুল, সম্মিলিত নাট্য পরিষদের সাবেক সভাপতি নিরঞ্জন দে, রওশন আরা মনির, চম্পক সরকার, মিশফাক আহমদ চৌধুরী, ইশতিয়াক আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি সৈয়দ মনির হেলাল ও সঞ্চালন করেন সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।আলপথ আত্মপ্রকাশ: সিলেট থেকে নিয়মিত সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক ত্রৈমাসিক পত্রিকা আলপথ-এর আত্মপ্রকাশ হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশিত পত্রিকাটি সম্পাদনা করেছেন এন ডি মিথুন। সম্পাদনা পরিষদে রয়েছেন সুমন আহমেদ, সহিদুজ্জামান পাপলু ও সৌরজিত রায়। প্রচ্ছদ, অলংকরণ ও শিল্পনির্দেশনা দিয়েছেন সুভাষচন্দ্র নাথ। পাঁচ টাকা মূল্যের দৃষ্টিনন্দন এ পত্রিকাটি সিলেট নগরের জিন্দাবাজার এলাকার রাজা ম্যানশনের দোতলায় অবস্থিত সৃজনশীল বইয়ের দোকান ‘বইপত্র’সহ দেশের বিভিন্ন পত্রিকা স্ট্যান্ড ও অভিজাত লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। প্রথম সংখ্যায় সূচিবদ্ধ লেখকেরা হচ্ছেন আকমল হোসেন নিপু, জফির সেতু, মোস্তাক আহমাদ দীন, সাইমন জাকারিয়া, নূরুননবী শান্ত, শেখ মেহেদী হাসান, নাজমীন মর্তুজা, নভেরা হোসেন, পিয়াস মজিদ, কাজী সাইফুল আচপিয়া, বীরেন মুখার্জি, জহিরুল মামুন, সহিদুজ্জামান পাপলু, বশির আহমদ জুয়েল, সৌরজিত রায় প্রমুখ।অন্তরে অন্তরা: শিল্পী অন্তরা বিশ্বাস পিংকির একক সংগীতানুষ্ঠান ‘অন্তরে অন্তরা’ ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। নগরের জিন্দাবাজারের একটি অভিজাত রেস্তোরাঁর মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। ‘সব কটা জানালা খুলে দাও না’ গানের মাধ্যমে গীতশ্রীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি শুরু হয়। এরপর শিল্পী একে একে ‘আমার জন্ম সুরের মাঝেই’, ‘একটা চাঁদ ছাড়া রাত আঁধার কালো’, ‘পরদেশি মেঘ’, ‘এ শুধু গানের দিন এ লগন গান শোনাবার’, ‘একটা গান লিখ আমার জন্য’, ‘সাগরের তীর থেকে’সহ ১৬টি গান গেয়ে শোনান। সবশেষে ছিল বাউলসম্রাট শাহ আবদুল করিমের জনপ্রিয় গান ‘কেন পিরিতি বাড়াইলে রে বন্ধু’। এ গানের সুরের আবেশে রাত দশটায় শেষ হয় একক সংগীতানুষ্ঠান।মণিপুরি নৃত্যানুষ্ঠান : ‘একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টস’-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় ২২ সেপ্টেম্বর। নগরের রিকাবীবাজার এলাকার সিলেট অডিটরিয়ামে ওই দিন সন্ধ্যা ছয়টায় এ উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ মণিপুরি নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।নৌকাবাইচ: সিলেট সদর উপজেলার ঘোপাল গ্রামের পার্শ্ববর্তী সুরমা নদীতে ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় নৌকাবাইচ উৎসব। প্রতিযোগিতায় ২০টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের নেতা সুজাত আলী, কান্দিগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মো. নূর আহমদ, মো. আলী আশরাফ ও মো. জালাল উদ্দিন আহমদ।উর্বশীর ঈদ পুনর্মিলনী: উবর্শী আবৃত্তি পরিষদের ঈদ পুনর্মিলনী ১৮ সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়। এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি আবৃত্তিকার মোকাদ্দেস বাবুল, সাধারণ সম্পাদক গুলজার আহমদ, রত্না দত্ত রায়, হূদি ফারহাত, সুপ্রিতা বসু, উৎপল কুমার দত্ত, নাইম চৌধুরী, সাবরিনা সুলতানা, সুচিত্রা পাল, জাকির মোহাম্মদ, আশা, মাহবুব আহমদ প্রমুখ।নাট্যালোক সিলেটের মতবিনিময়: সিলেটে নাট্যোৎসব আয়োজনের লক্ষ্যে মতবিনিময় সভা করেছে নাট্যালোক সিলেট। ১৪ সেপ্টেম্বর সংগঠনের সভাপতি গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন নাট্যকর্মী কাদির আহমদ চৌধুরী, মাহবুব চৌধুরী, বাবুল আহমদ, বি কে বিধান, আবদুল্লাহ অয়ন, কমলেশ সাহা, আদিল, লায়েক, শারমিন, তারিন, শান্তনু, নিরঞ্জন, শিপলু, সুমন, দুলাল, সবুজ প্রমুখ। সভায় নভেম্বরের শেষের দিকে হবিগঞ্জের জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সঙ্গে যৌথভাবে একটি নাট্যোৎসব পালনের সিদ্ধান্ত হয়।