সম্মুখ সমরের স্থানগুলোতে স্মৃতিস্তম্ভ নির্মাণে সংসদীয় কমিটির সুপারিশ
মুক্তিযুদ্ধের সময় দেশের যেসব স্থানে সম্মুখযুদ্ধ হয়েছিল, সেসব স্থান চিহ্নিত করে স্মৃতিস্তম্ভ নির্মাণের সুপারিশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ সোমবার সংসদ ভবনে সংসদীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটি বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধের সময় উল্লে¬খযোগ্য সম্মুখ সমরের স্থানগুলো চিহ্নিত করতে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, স্থানীয় মুক্তিযোদ্ধা- রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তির মতামত নেওয়ার সুপারিশ করে। এ জন্য নীতিমালা প্রণয়ন করতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামকে আহ্বায়ক করে একটি কেন্দ্রীয় কমিটি গঠনের প্রস্তাব করা হয়। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে উপকমিটি গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সহজে চেনার সুবিধার্থে উল্লেখযোগ্য সম্মুখ সমরের স্থানগুলোতে একই প্রকৃতির স্মৃতিস্তম্ভ নির্মাণে গুরুত্বারোপ করা হয়।সভায় মুক্তিযোদ্ধাদের আবেদন যাচাই-বাছাই নিয়ে আলোচনা হয় এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। মুক্তিযুদ্ধের স্বীকৃত সেক্টর কমান্ডার ও সাব-সেক্টর কমান্ডারের প্রতি সম্মান দেখাতে তাঁদের স্বাক্ষরিত সনদ কোনো মুক্তিযোদ্ধা উপস্থাপন করলে তাঁর আবেদন সরাসরি তালিকাভুক্ত করার পরামর্শ দেওয়া হয়।সভায় কোনো ভুয়া মুক্তিযোদ্ধা যাতে মুক্তিযোদ্ধা সনদ না পান, সে বিষয়ে সতর্কতা অবলম্বনের ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের বিদ্যমান তালিকা পরীক্ষা-নিরীক্ষার সময় কোনো ভুয়া মুক্তিযোদ্ধা পাওয়া গেলে তাঁর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম, শওকত মোমেন শাহজাহান, জয়নাল আবদিন, শামসুর রহমান শরীফ, এ কে এম এ আউয়াল ও ওয়ারেসাত হোসেন বেলাল অংশ নেন।