সম্মেলন হয় না ৭-৮ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটিতে এখন আর ছাত্র নেই। আছে ব্যবসায়ী, ঠিকাদার, চাকরিজীবী, প্রবাসী আর বেকার একরাশ নেতা-কর্মী। সর্বোপরি মেয়াদোত্তীর্ণ কমিটি, দুর্বল সাংগঠনিক কার্যক্রম ও টানা সাত-আট বছর সম্মেলন না হওয়ায় খুলনায় বাংলাদেশ ছাত্রলীগ এখন নেতৃত্ব সংকটের মুখে।খুলনা ছাত্রলীগের নেতা-কর্মী সূত্রে জানা গেছে, খুলনা জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটির গুরুত্বপূর্ণ পদে আসীন সবারই ছাত্রজীবন শেষ হয়েছে প্রায় অর্ধযুগ আগে। এসব ছাত্রনেতাদের প্রায় সবাই ব্যবসা-বাণিজ্য ও চাকরি নিয়ে ব্যস্ত। এ ছাড়া তাঁদের অধিকাংশই ছেলেমেয়ের বাবা হয়েছেন এবং বয়স ত্রিশের কোঠা পেরিয়েছে। তবুও তাঁরাই ২০০৩ সাল থেকে খুলনায় ছাত্রলীগের নিয়ন্ত্রক। তাঁরা পদ ছাড়ছেন না এবং নতুন নেতৃত্ব আসার পথও খুলে দিচ্ছেন না। তৃণমূল নেতা-কর্মী সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয় ২০০২ সালের ২৫ জুলাই এবং মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৩ সালের মার্চ মাসে। এই সম্মেলনের মাধ্যমে ১০১ সদস্যবিশিষ্ট জেলা ও সমানসংখ্যক সদস্য নিয়ে মহানগর কমিটি গঠিত হয়। কমিটির অনেক নেতাই ছাত্রত্ব শেষ করে বিয়ে করে বিভিন্ন পেশায় চলে গেছেন। জেলা কমিটির ১১ জন সহসভাপতির মধ্যে রয়েছেন ব্যবসায়ী, ঠিকাদার ও চাকরীজীবী। তাঁরা সবাই লেখাপড়ার পাঠ চুকিয়েছেন চার থেকে পাঁচ বছর আগে। পাঁচজন যুগ্ম সম্পাদকের মধ্যে একজন হাসানুজ্জামান গত জোট সরকারের আমলে ক্রসফায়ারে নিহত হয়েছেন। বাকি চারজন ব্যবসাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। পাঁচজন সাংগঠনিক সম্পাদকের মধ্যে একজন ইংল্যান্ড প্রবাসী, একজন স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক এবং অপর তিনজন ব্যবসায়ী। শুধু দপ্তর সম্পাদকের ছাত্রত্ব আছে আর মাত্র দুই-তিন মাস। সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি, যুগ্ম সম্পাদক, প্রচার সম্পাদক ও দপ্তর সম্পাদক মিলিয়ে ৬১টি গুরুত্বপূর্ণ পদের ৬০ জনেরই ছাত্রত্ব ঘুচেছে কয়েক বছর আগে।খুলনা ছাত্রলীগের সভাপতি শেখ আবু হানিফ প্রথম আলোকে বলেন, ‘প্রায় আট বছর আগে জেলা ছাত্রলীগের সম্মেলন হয়েছে। এত বছর পরেও সম্মেলন না হওয়ায় ছাত্রনেতাদের অনেকেরই ছাত্রজীবন বেশ আগেই শেষ হয়ে গেছে। তাঁদের বেশির ভাগই জীবন-জীবিকার সন্ধানে বিভিন্ন পেশায় চলে যেতে বাধ্য হয়েছেন। ২০০৫ সালে জেলা কমিটির দায়িত্ব ছাড়ার কথা। কিন্তু দেশের রাজনৈতিক অস্থিরতা এবং ওয়ান ইলেভেনের পর দুই বছর রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকা এবং পরে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় সবাই নির্বাচনমুখী হয়ে পড়ি। ফলে জেলা সম্মেলন করা সম্ভব হয়নি। তবে সম্মেলন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে সম্মেলন শুরু করা হয়েছে। আগামী দুই-তিন মাসের মধ্যে জেলা সম্মেলন করে সংগঠনকে গতিশীল করার ব্যবস্থা নেওয়া হয়েছে।’একই অবস্থা ছাত্রলীগের মহানগর কমিটির। ছাত্রলীগের মহানগর কমিটিরও প্রায় সব নেতার ছাত্রজীবন শেষ হয়েছে কয়েক বছর আগেই। সংগঠনের সভাপতি সদ্যবিবাহিত শফিকুর রহমান দলের হাল ধরে রাখলেও তাঁর ছাত্রত্ব নেই। সাধারণ সম্পাদক ফারুক হাসান কেন্দ্রের সহসভাপতি হওয়ায় অধিকাংশ সময় ঢাকায় থাকেন। খুলনার সঙ্গে তাঁর যোগাযোগ সীমিত। সহসভাপতিদের মধ্যে অনেকেই পুরোপুরি ব্যবসা নিয়ে আছেন। একজন ঢাকায় চাকরি করেন। সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন খুলনা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। গত সাত বছর জেলা ও মহানগরের এই দুটি কমিটি বহাল থাকলেও এত দীর্ঘ সময়ে জেলার নেতারা তাঁদের ৬৮টি ইউনিয়ন কমিটির অর্ধেকও গঠন করতে পারেননি। মহানগর কমিটির সাংগঠনিক দুর্বলতায় সরকারি আযম খান কমার্স কলেজ, সুন্দরবন কলেজ এবং দৌলতপুর দিবা/নৈশ কলেজ এবং খুলনা সরকারি মহিলা কলেজে এখন ছাত্রলীগের কোনো কমিটি নেই।এ ব্যাপারে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘ সময় ধরে নগর ছাত্রলীগের সম্মেলন না হওয়ায় নেতৃত্ব সংকটে পড়েছে মহানগর ছাত্রলীগ। ইতিমধ্যে কমিটির বেশির ভাগ নেতা ছাত্রত্ব শেষ করে বিভিন্ন পেশায় চলে গেছেন। ফলে তাঁরা আর সংগঠনের কর্মকাণ্ডে সক্রিয় নেই। কেন্দ্রের সঙ্গে আলাপ করে মহানগর সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এপ্রিল মাসের শেষে অথবা মে মাসের প্রথম সপ্তাহে সম্মেলন করার কাজ চলছে।’