সম্মেলনটা ছিল নারী বিজ্ঞানীদের
থার্ড ওয়ার্ল্ড অর্গাইজেশন ফর ওমেন ইন সায়েন্সের (টিডব্লিউওডব্লিউএস) চতুর্থ সাধারণ সভা এবং আন্তর্জাতিক সম্মেলন। পাঁচ দিনব্যাপী এই সম্মেলন উপলক্ষে বিশ্বের ৫০টি দেশের ৭০০ নারী বিজ্ঞানীর মিলনমেলায় পরিণত হয় বেইজিং আন্তর্জাতিক কনভেনশন সেন্টার। সময়টা ছিল গত ২৭ থেকে ৩০ জুন। অন্যান্য দেশের মতো বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠান থেকে নারী বিজ্ঞানীরা এই সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি অনেক বিষয়ের ওপর গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। বেইজিং অলিম্পিক ভিলেজের কাছে কন্টিনেন্টাল গ্র্যান্ড হোটেলসংলগ্ন বেইজিং আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে হয় মূল সম্মেলন। এ উপলক্ষে সেন্টারটি সাজে অংশ নেওয়া দেশের পতাকা, ব্যানার ও পোস্টারে। সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠান হয় চীনের বিখ্যাত গ্রেট হলের অডিটরিয়ামে, যা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চীনের ভাইস প্রেসিডেন্ট জি জিনপিং। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চায়নিজ একাডেমি অব সায়েন্সের প্রেসিডেন্ট লিউ ইয়ং জিয়াং, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গেং ওয়ানসহ চীনের বিশিষ্ট ব্যক্তিরা, ইউনেস্কোর লিডিয়া ব্রিটো, পিডব্লিউওডব্লিউএসের প্রাক্তন ও বর্তমান প্রেসিডেন্ট যথাক্রমে কায়জার জামিল ও ফ্যাং জিন। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নারীদের প্রবেশাধিকার বৃদ্ধি, আন্তর্জাতিক ও নিজ নিজ দেশের উন্নয়ন-প্রক্রিয়ায় নারী বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয় পিডব্লিউওডব্লিউএস।চীনের ভাইস প্রেসিডেন্ট একটি দেশের উন্নয়নে টেকসই প্রযুক্তি উদ্ভাবনে নারী বিজ্ঞানীদের ব্যাপক অংশগ্রহণের প্রয়োজনের কথা উল্লেখ করেন এবং চীনের নারী বিজ্ঞানীদের অংশ নেওয়ার বিষয়টিকে জাতীয় অগ্রাধিকার দিয়ে তাঁদের অধিকার সংরক্ষণ এবং পেশার উন্নয়নের জন্য গৃহীত পদক্ষেপগুলো অন্যান্য উন্নয়নশীল দেশের নারী বিজ্ঞানীদের উন্নয়নে উদাহরণ হিসেবে তুলে ধরেন। অন্যান্য বক্তাও নারী বিজ্ঞানীদের উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেন। এরপর উন্নয়নশীল দেশের তরুণ নারী বিজ্ঞানীদের গবেষণাকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রদান করা হয় পিডব্লিউওডব্লিউএ পুরস্কার ২০১০। থার্ড ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্স এবং এলসভিও ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রতিবছর উন্নয়নশীল দেশের চারটি রিজিয়ন যেমন—এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, আফ্রিকা, আরব বিশ্ব এবং লাতিন আমেরিকা অ্যান্ড দ্য ক্যারিবিয়ান থেকে বিজ্ঞানের তিনটি শাখায় তিনজন করে মোট ১২ জন নারী বিজ্ঞানীকে দেওয়া হয় এই পুরস্কার। উদ্বোধনী অনুষ্ঠানের পরে গ্রেট হলসংলগ্ন গোল্ডেন হলে ঐতিহ্যবাহী চীনা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয় রকমারি চীনা খাবারের এক নৈশভোজ। সম্মেলনের পরের দুই দিন কনভেনশন সেন্টারের ১২টি ভেন্যুতে উপস্থাপিত হয় বিজ্ঞানের বিভিন্ন শাখার ৩৪২টি বৈজ্ঞানিক প্রবন্ধ, যার বিষয়ভিত্তিক অনুসন্ধান ও উপস্থাপনশৈলী ছিল অত্যন্ত উন্নতমানের। ২৯ জুন রাতে ছিল সমাপনী নৈশভোজ, যার প্রধান আকর্ষণ ছিল বিভিন্ন দেশের প্রতিনিধিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। আফ্রিকার বিশ্বকাপ সংগীত ‘ওয়াকা ওয়াকার’ পাশাপাশি বাংলাদেশি সংগীত ‘সাধের লাউ বানাইল মোরে বৈরাগী’ কিছুটা হলেও দর্শকদের দিয়েছে আনন্দের নতুন মাত্রা। সম্মেলনের শেষ দিনে ছিল চীনের বিখ্যাত গ্রেট ওয়াল ও কয়েকটি আকর্ষণীয় স্থান পরিদর্শনের কর্মসূচি। প্রকৃতির অপার সৌন্দর্য আর নির্মাণশৈলীর অপরূপ নিদর্শন চীনের মহাপ্রাচীরের সৌন্দর্য অবলোকনের পাশাপাশি সবার মাঝে চলে চূড়ায় ওঠার প্রাণান্তকর চেষ্টা। মহাপ্রাচীরের চূড়ায় উঠতে না পারার দুঃখ অনেকটাই কমে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সুলতানা শাফী ম্যাডামের চূড়ায় ওঠার অবিশ্বাস্য সফলতায়, যাতে আবারও প্রমাণিত হয়—কোনো কিছু পেতে হলে ইচ্ছা ও মনোবলই প্রধান বিষয়।বেইজিং সম্মেলনে অংশ নেওয়ার মাধ্যমে বিভিন্ন দেশের নারী বিজ্ঞানীদের মধ্যে পারস্পরিক ধ্যান-ধারণা আদান-প্রদানের পাশাপাশি সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছি কয়েকজন শারীরিক প্রতিবন্ধী নারী বিজ্ঞানীকে দেখে, যাঁদের মধ্যে অন্যতম ভারতের কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের বিজ্ঞানী অর্চনা গুপ্ত, যাঁর শারীরিক প্রতিবন্ধকতা হার মেনেছে তাঁর মনোবলের কাছে। ক্র্যাচ দিয়ে হাঁটা এবং হুইল চেয়ারে বসা এসব বিজ্ঞানী আবারও প্রমাণ করলেন, শারীরিক প্রতিবন্ধকতাই জীবনের শেষ নয়, এ থেকেই শুরু হতে পারে সুন্দর আগামীর পথ। তাঁদের এই সাহসিকতা, মনোবলই প্রেরণা জোগাবে শারীরিক প্রতিবন্ধী হাজারো মানুষের সঙ্গে সুস্থ-স্বাভাবিক মানুষকেও।লেখক: ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বিএআরআই, গাজীপুর