জেনেভা শহরে জাতিসংঘের দপ্তর যে ভবনে, তার নাম প্যালেস অব নেশন। বাস থেকে ভবনটির সামনে নামামাত্রই চোখে পড়ে সাড়ে তিন পা-ওয়ালা বিশাল এক চেয়ার। বাংলাদেশ থেকে একাধিকবার যাঁরা এখানে এসেছেন, তাঁরা বলেন ‘ভাঙা চেয়ার’। ভূমি মাইনের ভয়াবহতা স্মরণ করিয়ে দেয় এই চেয়ার। এটা দেখলে অনেকের মনে পড়ে লেডি ডায়ানার কথা। ডায়ানা ভূমি মাইনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন।বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয় জেনেভা শহরে হলেও এর বার্ষিক সম্মেলন জাতিসংঘ অফিসেই হয়ে আসছে বছরের পর বছর। এবারও তা-ই হচ্ছে। সম্মেলনে কোনো উত্তাপ না থাকলেও বিভিন্ন কারণে আগ্রহ আছে নানা দেশের। যেমন—বাংলাদেশের টিকা নিয়ে, ফ্রান্সের আছে নিরাপদ পানি নিয়ে, ভারতের আছে ম্যালেরিয়ার ওষুধ নিয়ে।এবারের সম্মেলনে অনেকের আগ্রহ বিল গেটসকে ঘিরে। তাঁর মালিকানাধীন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন স্বাস্থ্য খাতে প্রচুর টাকা খরচ করছে। সম্মেলনের দ্বিতীয় দিনে বিল গেটস অতিথি বক্তা হিসেবে বললেন, বর্তমান দশকটা টিকার দশক। টিকা দিয়ে সারা দুনিয়ার রোগ প্রতিরোধের পক্ষে তিনি। এ জন্য সাধ্যমতো সবকিছু করতে রাজি তিনি।বিশ্ব স্বাস্থ্য সম্মেলন কোনো বিতর্কের জায়গা নয়। সবকিছু জেনেভা শহরের মতো সাজানো। কমিটি, উপকমিটি, তথ্য কমিটি নানা কায়দায় কাগজপত্র তৈরি করে রাখে। এখানে এসে সব পাস হয়। অনেকটা আমাদের ‘হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে’র মতো।তার পরও কিছু মানুষ বিল গেটসের টিকা গিলতে চাননি। ১৮ মে টিকা নিয়ে দীর্ঘ বিতর্ক হয়েছে। একদল বলছে, হাম বা আরও অনেক রোগের টিকা তো আছে, কই সেসব রোগ তো নির্মূল করা যায়নি। নতুন নতুন টিকার পেছনে ছুটলে অর্থ নানা দিকে ছড়িয়ে-ছিটিয়ে যাবে। অগ্রাধিকার বলে কোনো জিনিস থাকবে না। মনোযোগ নষ্ট হবে। উল্লেখ্য, কলেরার টিকা বিষয়ে এই সম্মেলনে বড় ধরনের সিদ্ধান্ত হতে পারে। গত বছর এ বিষয়ে প্রস্তাব করেছিল বাংলাদেশ। ১৮ মে বাংলাদেশের প্রতিনিধিরা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশের প্রতিনিধিদের কাছে কলেরার টিকার বিষয়টি আরও পরিষ্কার করে তুলে ধরেন ছোট একটি নির্ধারিত সভায়। সভাস্থলে আইসিডিডিআরবির একজন জ্যেষ্ঠ বিজ্ঞানী উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে।এবারের সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কারের কথা বেশ শোনা যাচ্ছে। ৬৪তম সম্মেলনের প্রথম দিনে সংস্থাটির মহাপরিচালক মার্গারেট চ্যান (ভুল করে আগে চ্যাং লেখা হয়েছিল) তাঁর দীর্ঘ উপস্থাপনায় বলেছিলেন, তিনি একটি দক্ষ, কার্যকর, সংবেদনশীল, নিরপেক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেখতে চান। এর অর্থ দাঁড়ায়, বর্তমানে এগুলোর ঘাটতি আছে।